কিশোরগঞ্জে ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ ডায়রিয়ায় আক্রান্ত
কিশোরগঞ্জ শহরের তিনটি এলাকায় হঠাৎ করে ডায়রিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে শিশুসহ শতাধিক নারী-পুরুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে পৌর কাউন্সিলরসহ ৫০ জন রোগী কিশোরগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হয়েছে।কিশোরগঞ্জ শহরের বয়লা, তারাপাশা এলাকার বাসিন্দারা জানান, পৌরসভার সরবরাহ করা পানি পান করার পর অধিকাংশ শিশু প্রথমে ডায়রিয়া আক্রান্ত হয়। পরে ২৪ ঘণ্টার মধ্যে বড়রাও আক্রান্ত হন। পৌর মেয়র মো. মাজহারুল ইসলাম কাঞ্চন গতকাল রোগীদের দেখতে হাসপাতালে যান এবং রোগীদের সঙ্গে আলাপ করে এ ব্যাপারে তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন।এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল শনিবার বিকেলে শহরের বয়লা, সতাল ও তারাপাশা এলাকার বাসিন্দাদের অনেকেই ডায়রিয়ায় আক্রান্ত হয়। অবস্থার অবনতি হলে তাদের হাসপাতালে নেওয়া হয়। গতকাল থেকে আজ রোববার দুপুর পর্যন্ত মোট ৫০ জন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স চিত্রা গোস্বামী জানান, এদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আবদুল মজিদ প্রথম আলোকে জানান, হাসপাতালে ভর্তি হওয়া লোকজনকে দেখে পানি থেকে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে বলে প্রাথমিকভাবে বলা যায়।সিভিল সার্জন দীন মোহাম্মদ জানান, ডায়রিয়ায় আক্রান্ত শহরের তিনটি এলাকায় আজ একটি চিকিত্সক দল পাঠানো হচ্ছে। ডায়রিয়ার আক্রান্ত রোগী কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।