কিশোরগঞ্জের নিকলীতে বজ্রপাতে নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় আজ সোমবার সকালে পৃথক দুটি স্থানে বজ্রপাতে ছয়জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন—উপজেলার সদর ইউনিয়নের পূর্বগ্রামের কৃষিশ্রমিক শামছু (৬০), রাসেল (১৫) ও মানিক (৪২); গুরই ইউনিয়নের পাড়াবাজিতপুর গ্রামের জেলে সুখলাল দাস (৪০), হিলচিয়া গ্রামের জেলে ইসহাক মিয়া (৫০) ও ইব্রাহিম (৫৮)। বজ্রপাতে গুরুতর আহত ১০ জনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানান, উপজেলার পূর্বগ্রামের নয়জন কৃষিশ্রমিক আজ সকালে পরাইন্নারচরে ধান কাটতে যান। এ সময় বজ্রপাতে তাঁরা আহত হন। অন্য কৃষিশ্রমিকেরা গুরুতর অবস্থায় তাঁদের উদ্ধার করে নিকলী সদর হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি ঘটলে তাঁদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শামছু, রাসেল ও মানিক মারা যান। মাহবুব আলম আরও জানান, একই সময় গুরই ইউনিয়নের রৌয়া বিলে সাতজন জেলে নৌকায় করে মাছ ধরতে গেলে বজ্রপাতে সুখলাল দাস, ইব্রাহিম ও ইসাহাকের মৃত্যু হয়। আহত চারজনকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।