কিশোরীদের ওপর যৌন নির্যাতন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নারী নির্যাতন বাড়ছে। এর কারণ ও প্রতিরোধের উপায় খুঁজতে হবে। বিশেষ করে কিশোরীদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজ বুধবার সকালে ব্র্যাক সেন্টারে অনুষ্ঠিত ‘উন্নয়নে নারীর অবদান’বিষয়ক এক সিম্পোজিয়ামে বক্তারা এসব কথা বলেন।সেখানে ব্র্যাকের সামাজিক উন্নয়ন কর্মসূচির গবেষণা প্রকাশ করা হয়। ব্র্যাক কর্মকর্তা ও বক্তারা জানান, ৬১ জেলা থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে ২০০৬ থেকে ২০০৯ সাল পর্যন্ত ১৫ বছরের কম বয়সের কিশোরীরা বেশি যৌন নির্যাতনের শিকার হয়েছে। ৫০ শতাংশ কিশোরীকে ধর্ষণ করা হয়েছে ও ৫৯ শতাংশের ওপর ধর্ষণের চেষ্টা চলেছে। কিশোরী ছাড়াও বিভিন্ন বয়সের ৩১ শতাংশ নারী ধর্ষণের শিকার হয়। ধর্ষণের পরে হত্যা করা হয় ২৫ শতাংশ নারীকে। ১৫ শতাংশ নারীর ওপর এসিড নিক্ষেপ করা হয়। পারিবারিক নির্যাতনসহ বিভিন্ন কারণে আত্মহত্যা করেছেন ১২ শতাংশ নারী। ৮ শতাংশ নারী শারীরিক নির্যাতন ও ৭ শতাংশর ওপর ধর্ষণের চেষ্টা চলে। আন্তর্জাতিক নারী দিবস পালনের ১০০ বছর পূর্তি ও বাংলাদেশ সিডো সনদ অনুমোদনের ২৫ বছর উদযাপন উপলক্ষে ওই সিম্পোজিয়ামের আয়োজন করা হয়। ব্র্যাক গবেষণা ও মূল্যায়ন বিভাগ, ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচি, সামাজিক উন্নয়ন কর্মসূচিসহ বিভিন্ন সংগঠন এর আয়োজন করে।সিম্পোজিয়ামে উপস্থিত ছিলেন মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, উইমেন অব উইমেনের প্রেসিডেন্ট সালমা খান, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর সারাহ কবির প্রমুখ।