কিশোরের রহস্যজনক মৃত্যু
গাজীপুরের টঙ্গীতে কিশোর উন্নয়ন কেন্দ্রে শাহাদত আলী (১৬) নামের এক কিশোরের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার গভীর রাতে তার মৃত্যু হয়। আজ শুক্রবার সুরতহাল প্রতিবেদন তৈরির পর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার প্রথম আলো ডটকমকে জানান, নিহত শাহাদতের গলায় দাগ ও এক টুকরো কাপড় প্যাঁচানো ছিল। তার দুই হাতে কিছু দিয়ে বেঁধে রাখার চিহ্ন রয়েছে।পুলিশ সকালে শাহাদত আলীর লাশ উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠিয়েছে। কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক আনোয়ারুল করিম ও পুলিশ সূত্র জানায়, ভোর পাঁচটার দিকে নিরাপত্তাকর্মীরা ওই কেন্দ্রের ডরমেটরিতে এক কিশোর অজ্ঞান অবস্থায় পড়ে আছে বলে জানান। পরে শাহাদত নামের ওই কিশোরকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্র আরও জানায়, শাহাদত কিশোর উন্নয়ন কেন্দ্রের পঞ্চম তলার চার নম্বর কক্ষে থাকত। সে খুনের মামলার আসামি ছিল। ২০০৯ সালের দিকে তাকে এখানে পাঠানো হয়। টঙ্গী সরকারি হাসপাতালের চিকিত্সক মো. রাশেদুজ্জামান জানান, মৃত অবস্থায় শাহাদত আলীকে সকাল ছয়টার দিকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে সকাল ১০টার দিকে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ারের উপস্থিতিতে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সাজেদা লতা জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা, তা বলা যাচ্ছে না। নিহত শাহাদত আলীর বাড়ি কুমিল্লার মনোহরগঞ্জ থানার মান্দারগাঁও আতিয়াবাড়ি এলাকায়। তার বাবার নাম সামসুল আলম।টঙ্গী থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই মালেকা বানু জানান, এর আগে গত সোমবার গভীর রাতে কিশোর উন্নয়ন কেন্দ্রের ভবনের ছাদে ওঠার দরজার তালা ভেঙে কর্তব্যরত গার্ড ও আনসার সদস্যদের ফাঁকি দিয়ে সোহেল রাব্বী ও লালু মিয়া নামের দুজন পালিয়ে যায়। ওই ঘটনায় গত মঙ্গলবার কিশোর উন্নয়ন কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক আনোয়ারুল করিম টঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেন। গত ৯ এপ্রিল এই কেন্দ্র থেকে একই কায়দায় আশুলিয়ার ডেন্ডাব উত্তরপাড়া এলাকার রানা ও মহিউদ্দিন হাসান ওরফে নয়ন পালিয়ে যায়। এই ঘটনার তদন্তে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ দিলরুবা খানকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটি তদন্ত প্রতিবেদনও দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দায়িত্বরত আনসার সদস্য ও কর্তৃপক্ষের অসতর্কতা, অসাবধানতা ও দায়িত্বশীলতার অভাবে ওই ঘটনা ঘটেছে। এ ছাড়া সেখানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থার অভাব, নিরাপত্তাকর্মীদের দায়িত্বে অবহেলা, খাওয়ার সময়ে শৃঙ্খলা ও তদারকির অভাব রয়েছে।