কিশোরের সুর-সংগীতে কুমার বিশ্বজিৎ
ক্লোজআপ তারকা কিশোরের মিউজিক আইডল কিংবা অলিখিত গুরু কুমার বিশ্বজিৎ। একইভাবে কিশোরের কণ্ঠ-গান-রুচিতে নিজের ছায়াটাকে হুবহু খুঁজে পান কুমার বিশ্বজিৎ। এর আগে কুমার বিশ্বজিতের সুরে বেশ কটি গান করেছেন কিশোর। এবার ঘটল তার উল্টোটা। প্রথমবারের মতো শিষ্যের সুরে কণ্ঠ দিলেন গুরু কুমার বিশ্বজিৎ। তাও আবার ‘পায়রা’ শীর্ষক একটি চলচ্চিত্রের প্লে-ব্যাকে। গতকাল বৃহস্পতিবার মগবাজারের কিশোরের নিজস্ব স্টুডিওতে গানটির রেকর্ড সম্পন্ন হয়। প্রথম আলো অনলাইনকে কুমার বিশ্বজিৎ বলেন, ‘ভাবতে আজ ভীষণ ভালো লাগছে, আমি আমার সন্তানতুল্য কিশোরের সংগীত পরিচালনায় গাইছি। চোখের সামনে সন্তানরা বড় হচ্ছে, ভালো কাজ করছে, আরও ভালো করার তাড়না অনুভব করছে—এই চিত্রগুলো অনেক সুখের। ভরসা পাচ্ছি, আমরা যোগ্য উত্তরসূরি রেখে যেতে পারছি বলে।’ কিশোর বলেন, ‘কুমার বিশ্বজিৎ স্যার আমার একমাত্র আদর্শ। কখনো ভাবিনি এমন একটি অসাধ্য সাধন আমাকে দিয়ে এই জনমে হবে। আজ মনে হলো জীবনের সবচেয়ে সফল কাজটি করে ফেলেছি। স্যারের এই আন্তরিক উপস্থিতি, আমার বাকি জীবনে আশীর্বাদ হয়ে থাকবে।’ ‘স্বপ্ন আজ মেলছে ডানা’ শীর্ষক গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন। এ গানটিতে কুমার বিশ্বজিতের সহশিল্পী হিসেবে কণ্ঠ দিয়েছেন আরেক ক্লোজআপ তারকা নিশিতা বড়ুয়া।উল্লেখ্য, পায়রা চলচ্চিত্রের মোট ছয়টি গানের মধ্যে কিশোর আরও তিনটির সুর ও সংগীত পরিচালনা করেছেন। কিশোরের পাশাপাশি গানগুলোতে কণ্ঠ দিয়েছেন শফিক তুহিন, কণা, মুহিন ও রন্টি। আর গানগুলোর কথা লিখেছেন কবির বকুল, জাহিদ আকবর ও মাহমুদ মানজুর। জানা গেছে, আহমেদ আজিম টিটো পরিচালিত পায়রা চলচ্চিত্রের নায়ক-নায়িকা হলেন নিলয় ও দীপালি।