কিষানি কহিনুরের সারা দিন
রাজশাহীর চারঘাট উপজেলার বনকিশোর গ্রামের অধিবাসী কহিনুর বেগম। অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করেন। তাই খরচ জোগাতে কহিনুর বেগমকে স্বামীর সঙ্গে সমানতালে খাটতে হয়। তবে খাটুনি সমান হলেও সংসারের দায়িত্বটা যেন কহিনুর বেগমেরই বেশি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কহিনুর বেগমের কাজের খবর নিতে গিয়ে তাই-ই মনে হয়েছে।সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠলেন। সোজা গরুর গোয়ালে গেলেন। গোয়ালঘরের দরজা না থাকায় সকালে উঠেই প্রথমে তাঁর গরুর ঘরের দিকে নজর যায়। গরু বের করলেন। বাঁধলেন খাবারের পাত্রের কাছে নিয়ে। পানিতে ভেজানো বাসি ঘাসে মুখ দিতে চায় না গরুটা। নিজেদের খাবার তৈরি করতে ব্যস্ত হন কহিনুর। কহিনুর বেগমের ছেলে সোহান পঞ্চম শ্রেণীতে পড়ে। তড়িঘড়ি করে এসে কহিনুর বেগম চুলার ছাই তুলতে লাগলেন। ছাই ফেলতে যেতে যেতে ডালি থেকে এক টুকরা কয়লা নিয়ে মুখে দিলেন। তারপর বেশ কিছুক্ষণ পরপরই দাঁতে আঙুল চালাতে লাগলেন। এবার ঝাঁটা নিয়ে উঠানটা ঝাড় দিতে লাগলেন। এরই ফাঁকে ঘরের মেঝেটাও পরিষ্কার করে নিলেন। থালা-বাসন মেজে নিলেন। নলকূপে হাত-মুখ ধুয়ে আটার পাত্র নিয়ে চুলার ধারে বসলেন। সেখানেই একটি পাত্রে আটা মাখিয়ে নিলেন। আটা মাখানো হাতেই চুলা জ্বাললেন। কয়েক মিনিটের মধ্যেই চুলার ওপরে রুটি ফুলে উঠল। ছেলে সোহান আর তার দাদা আসকান আলী বারান্দায় বসে গেলেন। তরকারি আর রান্না করতে হলো না। রাতের বাসি তরকারি খানিকটা ছিল, তাতেই হয়ে গেল দাদা-নাতির। কহিনুর বেগম আর বসে খাওয়ার সময় পেলেন না। একটি রুটি মুখে গুঁজে দিতে দিতে হাঁড়ি-পাতিল গোছাতে লাগলেন। এভাবেই তাঁর খাওয়াও শেষ হলো, জিনিসপত্র গোছানোও হয়ে গেল। আবাদের কাজের ফাঁকে কহিনুর বেগমের স্বামী হুজুর আলী বেশ কয়েক দিন আগে বাইরে কাজে গেছেন। ছোট ছেলেটাকে নিজ দায়িত্বে বিদ্যালয়ে বের হয়ে যেতে বলে তিনি একটা বস্তা আর নিড়ানি নিয়ে বাড়ি থেকে বের হয়ে মাঠের দিকে ছুটলেন। তিনি যেভোবে গেলেন, তাকে ঠিক দৌড়ানো বলে না, তবে স্বাভাবিক হাঁটাও না। তাঁর কারও সঙ্গে যেন কথা বলারও সময় নেই। কারও কথায় কানও দেওয়ার সময় নেই। ঘণ্টাখানেক মাঠে ঘুরে ঘুরে গরুর জন্য ঘাস কাটলেন। ঘাসগুলো বস্তায় ভরে নিয়ে আবার ছুটলেন। আসার সময় নিজের বর্গা নেওয়া জমির পাশে এক মুহূর্তের জন্য দাঁড়ালেন। ‘মসুরে দেকতিচি পাক ধরিছে। কিছু মসুর তো আজই তুলতে হবি।’ বলতে বলতে ঘাস নিয়ে বাড়ি ফিরলেন। তাঁকে ফিরতে দেখেই গরুটা ডেকে উঠল। প্রথমে অল্প একটু ঘাস কুচি করে কাটলেন। সেগুলো গরুকে দিয়ে পরে বাকি ঘাস কুচি করে কাটলেন। এবার একটা ডালি নিয়ে ছুটলেন মসুরের খেতে। টানা রোদ। দাঁড়িয়ে থাকার মতো কোনো ছায়াও জমির পাশে নেই। খানিকটা দূরে ছোট্ট একটি আমগাছের ছায়া। কহিনুর বেগম মসুর তুলতে ব্যস্ত হয়ে পড়লেন। দুপুর ১২টা পর্যন্ত বিরামহীন কাজ করে গেলেন। কহিনুর বেগম দুই হাতে সমানভাবে কাজ করতে পারেন। তাঁর মসুর ওঠানোর কাজ দেখে বোঝার উপায় নেই কোনটা তাঁর ডান হাত আর কোনটা বাম হাত। এবার ডালিতে করে নিজেই কিছুটা মসুর আনতে লাগলেন। কিন্তু একবার বাড়িতে এসে দ্বিতীয়বার আর গেলেন না। বাড়ি ফিরে দুপুরের খাবার তৈরি করার জন্য আবার চুলা জ্বাললেন। রান্নার কাজ শেষ করলেন। শ্বশুরকে খেতে দিলেন। গরুটাকে আবার ঘাস দিলেন। এবার নিজে গোসল করতে গেলেন। বাড়ির পাশেই বড়াল নদ। সেখানেই গোসল সারলেন। কহিনুর কাপড় শুকাতে দিয়ে খেতে বসলেন। এরপর আধা ঘণ্টার জন্য বিশ্রাম নিলেন। তারপর আবার বস্তা আর নিড়ানি নিয়ে মাঠে বের হলেন। গরুর জন্য ঘাস আনতে হবে। আবারও গেলেন উত্তরপাড়ার মাঠে। ঘাসের বস্তা নিয়ে এসে কুচি করে গরুকে দিলেন।এবার গোয়ালে জড়ো করে রাখা সকালের গোবর দিলে নুন্দা তৈরি করলেন। বাড়ির খুঁটিনাটি কিছু কাজ করতেই বেলা পড়ে এল। কহিনুর বেগম আবার রাতের খাবারের আয়োজন করতে লাগলেন। এবার ছেলে ও শ্বশুরকে নিয়ে একসঙ্গে খেতে বসলেন। খাওয়া শেষে সব গোছাতে লাগলেন। গরুটাকে ঘরে তুললেন। থালা-বাসন ধুয়ে নিলেন। শ্বশুরের শোবার বিছানা করে দিলেন। ছেলেটা আগেই ঘুমিয়ে পড়েছিল। তাকে তুলে বিছানায় দিলেন। রাত প্রায় সাড়ে নয়টা বাজে। এখন কহিনুর বেগমের বিশ্রামের সময়।