কিষেনজি নিহত: ভারতজুড়ে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশজুড়ে বিশেষ করে মাওবাদী প্রভাবিত নয়টি রাজ্যে কড়া সতর্কতা জারি করেছে। ভারতের কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়ার (মাওবাদী) পলিটব্যুরোর সদস্য কোটেশ্বর রাও ওরফে কিষেনজি গতকাল বৃহস্পতিবার দুপুরে পশ্চিমবঙ্গে যৌথ বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন। এতে মাওবাদীরা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ফের নাশকতা চালাতে পারে—এ আশঙ্কায় গোটা দেশে এই সতর্কতা জারি করা হয়েছে। রেলসহ সব যানবাহন চলাচলেও নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে।এদিকে কিষেনজির এ মৃত্যুকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়, কিষেনজিকে দুপুর ১২টায় গ্রেপ্তার করার পরই তাঁকে ঠান্ডা মাথায় হত্যা করা হয়। এ ব্যাপারে কিষেনজির ৮৫ বছরের বৃদ্ধা মা বাদী হয়ে আদালতে মামলা করবেন বলে জানানো হয়।এদিকে এ হত্যার অভিযোগ এনে কলকাতায় মানবাধিকার সংগঠন এপিডিআরসহ ২১টি গণসংগঠন আজ বিকেলে কলকাতার বউবাজার থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে। মিছিলকারীরা অবিলম্বে কিষেনজির হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে দোষী নিরাপত্তাকর্মীদের শাস্তি দাবি করে। এ প্রতিবাদ মিছিলটি পশ্চিমবঙ্গের রাজ্য সচিবালয় মহাকরণের দিকে রওনা হলে পুলিশ ফিয়ার্স লেনে মিছিলটি আটকে দেয়। এর পরেই প্রতিবাদকারীরা ওখানে বসে পড়ে অবস্থান ধর্মঘট শুরু করে। এরপর সেখান থেকে সাতজন গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বরাবরে একটি স্মারকলিপি দেন।এদিকে কিষেনজিকে হত্যার প্রতিবাদে মাওবাদীরা কাল শনি ও রোববার ৪৮ ঘণ্টার বনধ ডেকেছে। মাওবাদীদের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক আকাশ আজ এক বিবৃতিতে এ ঘোষণা দেন। অন্যদিকে কিষেনজির মরদেহ নিতে অন্ধ্র প্রদেশের করিমনগর থেকে এসেছেন কিষেনজির ভাইয়ের মেয়ে দীপা এবং বিশিষ্ট কবি বারবারা রাও। সেখানেই তাঁর শেষকৃত্য অনুষ্ঠিত হবে।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিষেনজির শেষকৃত্য সসম্মানে অনুষ্ঠিত করার জন্য রাজ্য পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন।