কিস্তি আদায়ে ঋণগ্রহীতার মেয়েকে অপহরণ!
ফরিদপুর জেলার ভাঙ্গা পৌরসভার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা ঋণের কিস্তির টাকা আদায়ের জন্য ঋণগ্রহীতার ১১ বছরের মেয়েকে অপহরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অপহরণের আট ঘণ্টা পর মেয়েটিকে উদ্ধার করেছে এবং ওই সংস্থার ঋণ কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে । স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ভাঙ্গার আতাদী মহল্লার ভ্যানচালক সোবাহান মোল্লার স্ত্রী দীনা বেগম (৩০) চার মাস আগে পল্লী প্রগতি সহায়ক সমিতির ভাঙ্গার মালিগ্রাম আঞ্চলিক কার্যালয় থেকে ১৫ হাজার টাকা ঋণ নেন। তিনি সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কিডনির চিকিত্সা করান। এতে তাঁর ৬০ হাজার টাকা খরচ হয়। প্রতি সপ্তাহে ঋণের কিস্তি (৪০০ টাকা) পরিশোধ করে এলেও তিন সপ্তাহ ধরে তিনি আর্থিক সংকটের কারণে কিস্তি পরিশোধ করতে পারছিলেন না।গতকাল সোমবার সকাল ১০টার দিকে ঋণ কর্মকর্তা আবুল কালাম আজাদ ঋণের টাকা আদায়ের জন্য দীনা বেগমের বাড়িতে যান। তিনি বাড়িতে কাউকে না পেয়ে দীনা বেগমের মেয়ে আয়শাকে (১১) জিম্মাদার হিসেবে তুলে নিয়ে তাঁর মালিগ্রাম কার্যালয়ের একটি কক্ষে আটকে রাখেন। দীনা বেগম অভিযোগ করে বলেন, ‘সকাল সাড়ে আটটার দিকে মেয়েকে বাড়িতে রেখে আমি কিস্তির টাকার খোঁজে বাসা থেকে বের হই। বেলা সাড়ে ১১টার দিকে বাড়িতে গিয়ে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকি। তখন প্রতিবেশী আজিজ খাঁ জানান, ঋণ কর্মকর্তা আয়শাকে তুলে নিয়ে গেছে।’ পরে বেলা দুইটার দিকে দীনা বেগমের স্বামী সোবাহান বিষয়টি ভাঙ্গা থানায় জানান।ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির বলেন, সন্ধ্যা ছয়টার দিকে মালিগ্রামে পল্লী প্রগতি সহায়ক সমিতির মালিগ্রাম আঞ্চলিক কার্যালয়ের একটি ছোট কক্ষ থেকে আয়শাকে উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় ঋণ কর্মকর্তা আবুল কালাম আজাদকে। এ ব্যাপারে দীনা বেগম গতকাল রাতেই আবুল কালামের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও দুই-তিনজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ভাঙ্গা থানায় একটি অপহরণের মামলা করেন।মামলার তদন্তকারী কর্মকর্তা ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. জলিল বলেন, আবুল কালামকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে আজ মঙ্গলবার জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে। এ প্রসঙ্গে পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হোসেন বলেন, ‘ওই ঋণ কর্মকর্তা যে ঘটনাটি ঘটিয়েছেন, তা অত্যন্ত দুঃখজনক ও লজ্জার। এটা প্রতিষ্ঠানের নীতিবিরুদ্ধ। ওই কর্মকর্তাসহ আঞ্চলিক ব্যবস্থাপকের বিরুদ্ধে তদন্ত করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’