কিয়োটো চুক্তির মৃত্যু পরোয়ানা বাজছে
কিয়োটো প্রটোকল চুক্তির মৃত্যু পরোয়ানা জারি করতে যাচ্ছে বিশ্বের শিল্পোন্নত দেশগুলো। গতকাল মঙ্গলবার ডারবান জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনেই কিয়োটো প্রটোকল চুক্তির ধারাবাহিকতা রক্ষা নিয়ে শিল্পোন্নত ও স্বল্পোন্নত দেশগুলো মুখোমুখি অবস্থান নিয়েছে। বিশ্বের অন্যতম কার্বন নিঃসরণকারী দেশ কানাডা বলে দিয়েছে, তারা কিয়োটো প্রটোকল চুক্তি অনুযায়ী আর কার্বন নিঃসরণ কমাবে না। গতকাল কানাডার পরিবেশমন্ত্রী পিটার কেন্ট সরাসরি বলেছেন, বিশ্বের সবগুলো দেশ যদি কার্বন নিঃসরণ কমাতে রাজি না হয়, তাহলে তারাও আর কার্বন কমাবে না। রাশিয়া, অস্ট্রেলিয়া এমনকি কিয়োটো প্রটোকল চুক্তির আয়োজক দেশ জাপানও এই চুক্তির ধারাবাহিকতা রাখতে রাজি নয় বলে জানিয়ে দিয়েছে। অন্যদিকে, জলবায়ু বিপন্ন দেশগুলোর পক্ষে আফ্রিকা জোট, স্বল্পোন্নত দেশের জোট এলডিসি ও ক্ষুদ্র দ্বীপরাষ্ট্রগুলো বলেছে, তারা যেকোনো মূল্যে কিয়োটো প্রটোকল চুক্তির ধারাবাহিকতা রক্ষা করতে চায়। বাংলাদেশও এলডিসি ও গ্রুপ-৭৭-এর আলোচনায় কিয়োটো প্রটোকল চুক্তির পক্ষে তাদের অবস্থান জানিয়ে দিয়েছে। গতকাল প্লেনারি পর্বের আলোচনায় আফ্রিকা জোটের পক্ষে কঙ্গোর প্রতিনিধি টোজি আমপানু বলেন, ‘কিয়োটো প্রটোকল চুক্তি থাকায় শিল্পোন্নত দেশগুলো এত দিন কার্বন নিঃসরণ কমাতে বাধ্য ছিল। ২০১২ সালের মধ্যে এই চুক্তির মেয়াদ শেষ হলে এর পর এই দেশগুলো কার্বণ নিঃসরণ কমানোর ব্যাপারে অঙ্গীকার না করলে বিশ্বজুড়ে চরম বিপর্যয় নেমে আসবে। ডারবান সম্মেলনে যোগদানকারী ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইনুন নিশাত এ ব্যাপারে প্রথম আলোকে বলেন, কিয়োটো প্রটোকল চুক্তির ধারাবাহিকতা না থাকলে শিল্পোন্নত ও উদীয়মান অর্থনীতির দেশগুলো আর কার্বন নিঃসরণ কমাতে বাধ্য থাকবে না। ফলে বাংলাদেশের মতো জলবায়ু বিপন্ন দেশগুলো আরও ঝুঁকির মুখে পড়বে। একদিকে কিয়োটো প্রটোকল চুক্তির ধারাবাহিতায় দ্বিতীয় পর্বের অঙ্গীকার করা নিয়ে শিল্পোন্নত রাষ্ট্রগুলো টালবাহানা করছে, অন্যদিকে উদীয়মান অর্থনীতির দেশগুলোও জোরদারভাবে এই চুক্তির ধারাবাহিকতা রক্ষা করতে চাইছে। কেননা, এই চুক্তি অনুযায়ী ইউএনএফসিসি জলবায়ু বিপন্ন দেশগুলোকে আর্থিক সহায়তা দেয়। ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (সিডিএম) নামের এই তহবিলে এ পর্যন্ত ১ দশমিক ২ বিলিয়ন ডলার অর্থ জমা পড়েছে, যার ৯০ শতাংশ পায় উদীয়মান অর্থনীতির দেশ চীন, ভারত ও মেক্সিকো। গতকাল সম্মেলনের দ্বিতীয় দিনের পুরোটাই কিয়োটো প্রটোকল চুক্তি নিয়ে শিল্পোন্নত দেশ বনাম উদীয়মান অর্থনীতি ও স্বল্পোন্নত দেশগুলোর মধ্যকার টানাপোড়েনের মধ্য দিয়ে গেছে। শেষ পর্যন্ত এই চুক্তি থাকবে কি না, তা মন্ত্রী পর্যায়ের বৈঠকের মধ্য দিয়ে চূড়ান্ত হবে। সে জন্য আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে। সেই দিকেই তাকিয়ে আছে জলবায়ু পরিবর্তন নিয়ে চিন্তিত মানুষেরা। গতকাল সম্মেলন কেন্দ্রে জার্মানভিত্তিক আন্তর্জাতিক সংস্থা জার্মান ওয়াচ গ্লোবাল ক্লাইমেট রিস্ক ইনডেক্স প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে তারা দেখিয়েছে, ১৯৯১ থেকে ২০১০ সাল পর্যন্ত বিশ্বে জলবায়ু পরিবর্তনের কারণে সাত লাখ ১০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। ১৪ হাজার প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়েছে। ২ দশমিক ৩ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতি হয়েছে। নতুন সূচক অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি জলবায়ু বিপন্ন দেশের তালিকার শীর্ষে পাকিস্তানের নাম চলে এসেছে। এরপর যথাক্রমে রয়েছে গুয়াতেমালা ও কলম্বিয়ার নাম। গত দুই বছরের তালিকায় বাংলাদেশ শীর্ষ অবস্থানে ছিল। সংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১০ সালে পাকিস্তানে বন্যায় ১২১টি জেলা আক্রান্ত হয়ে এক হাজার ৭০০ মানুষ মারা গেছে।