কিয়োটো ছাড়ল কানাডা (ভিডিও)
কার্বন নির্গমন প্রতিরোধের লক্ষ্যে স্বাক্ষরিত কিয়োটো প্রোটোকল থেকে আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করেছে কানাডা। জলবায়ু পরিবর্তন কার্যকরভাবে মোকাবিলায় ওই চুক্তিকে একটি বাধা হিসেবে উল্লেখ করে দেশটি গত সোমবার এ সিদ্ধান্ত ঘোষণা করে।কিয়োটো প্রোটোকল থেকে নাম প্রত্যাহার করা প্রথম দেশ কানাডার সরকার বলছে, এ চুক্তির মধ্যে থাকা লক্ষ্য অর্জন করা কখনোই সম্ভব নয়। কানাডার পরিবেশমন্ত্রী পিটার কেন্ট বলেন, কিয়োটো প্রোটোকল থেকে আনুষ্ঠানিকভাবে সরে আসার আইনি অধিকার রয়েছে তাঁদের। এ চুক্তি জলবায়ু পরিবর্তনের বৈশ্বিক সমাধান নয় বরং এটি একটি প্রতিবন্ধকতা। তাঁরা বিশ্বাস করেন, অধিক কার্বন নির্গমনকারী সব দেশকে অন্তর্ভুক্ত করে নতুন একটি চুক্তি হলে কর্মসংস্থান ও অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখার সুযোগ পাবে কানাডা।
কিয়োটো প্রোটোকল অনুযায়ী কানাডা ২০১২ সালের মধ্যে কার্বন নির্গমন ছয় শতাংশ কমিয়ে আনতে রাজি হয়েছিল। কিন্তু বর্তমানে দেশটিতে কার্বন নির্গমন বেড়েই চলেছে। বর্তমানে চুক্তি থেকে সরে দাঁড়ানোর ফলে নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ কানাডা এক হাজার ৩৬০ কোটি মার্কিন ডলার জরিমানা থেকে রেহাই পাবে।পরিবেশবাদীরা কানাডার এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন। ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক কানাডা নামক সংগঠনের নেতা গ্রাহাম সল এ সিদ্ধান্তকে ‘জাতীয় লজ্জা’ বলে মন্তব্য করেন।এদিকে কানাডার এ সিদ্ধান্তকে ‘শোচনীয়’ এবং বিশ্বনেতাদের সিদ্ধান্তের পরিপন্থী বলে মন্তব্য করেছে বিশ্বের শীর্ষ কার্বন নির্গমনকারী দেশ চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লি উইমিন বলেন, ‘বৈশ্বিক জলবায়ু পরিবর্তন প্রতিরোধে আন্তর্জাতিক উদ্যোগে কানাডা সক্রিয় অংশগ্রহণ করবে বলে তাঁরা আশাবাদী।এর আগে দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে জাতিসংঘ জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বৈশ্বিক উষ্ণতা মোকাবিলায় নতুন লক্ষ্য নির্ধারণে বিভিন্ন দেশের মধ্যে মতৈক্য হয়। ১৯৯৭ সালে স্বাক্ষরিত হয় ঐতিহাসিক কিয়োটো প্রোটোকল। এতে যুক্তরাষ্ট্র ছাড়া অন্যান্য বিত্তশালী দেশে কার্বন নির্গমন নিয়ন্ত্রণের সিদ্ধান্ত হয়। যুক্তরাষ্ট্র ওই চুক্তি সই করতে রাজি হয়নি। কানাডার সাবেক লিবারেল সরকার কিয়োটো চুক্তি স্বাক্ষর করলেও বর্তমানে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি এর বিরোধিতা করেছিল। রয়টার্স, বিবিসি।