কিয়োটো নিয়ে সমঝোতায় বাদ সাধছে ভারত ও যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডারবান জলবায়ু সম্মেলনের তৃতীয় দিনটা কেটেছে কিয়োটো প্রটোকল চুক্তি বাঁচাতে নেওয়া নানা উদ্যোগের মধ্য দিয়ে। সম্মেলন কেন্দ্রের ভেতরে ও বাইরে এই চুক্তির পক্ষে সোচ্চার ছিলেন জলবায়ু-বিপন্ন দেশ ও তাদের প্রতি সহানুভূতিশীল বিশ্বনেতারা। অন্যদিকে গতকাল এ চুক্তির বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে বিশ্বের প্রথম ও চতুর্থ কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র ও ভারত। এই দুই দেশের অনড় অবস্থানে কোপ-১৭ সম্মেলনে অচলাবস্থা তৈরি হয়েছে। ভারতের পক্ষ থেকে সম্মেলনের বিভিন্ন আলোচনা পর্বে বলা হচ্ছে, তারা কোনোভাবেই কার্বন নিঃসরণ কমানোর শর্তে যেতে রাজি নয়। তারা চায় শিল্পোন্নত ৩৭টি রাষ্ট্র কার্বন কমানোর জন্য নতুন অঙ্গীকার করুক। তবে কিয়োটো প্রটোকলের আওতায় জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলার তহবিল ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজম (সিডিএম) অব্যাহত থাকুক। দক্ষিণ আফ্রিকার মানবতাবাদী নেতা শান্তিতে নোবেলজয়ী আর্চ বিশপ ডেসমন্ড টুটু শিল্পোন্নত দেশগুলোকে কিয়োটো প্রটোকল চুক্তির দ্বিতীয় পর্বের অঙ্গীকারে সম্মত হওয়ার আহ্বান জানিয়েছেন। ডারবানে অনুষ্ঠিত এক জনসভায় জলবায়ু-বিপন্ন দেশগুলোকে রক্ষায় শিল্পোন্নত দেশগুলোকে আপসের আহ্বান জানিয়েছেন তিনি।এদিকে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনসংক্রান্ত আন্তসরকার প্যানেলের (আইপিসিসি) চেয়ারম্যান রাজেন্দ্র প্রসাদ পাচুরি গতকাল বুধবার সংবাদ সম্মেলন করে বলেছেন, বিশ্ব সামনের দিনে আরও বড় ধরনের জলবায়ু বিপর্যয়ের সামনে পড়তে যাচ্ছে। গত ২০ বছরের আবহাওয়াসংক্রান্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পাচুরি বলেছেন, বিশ্বজুড়ে আবহাওয়ার চরম রূপ যেকোনো সময়ের তুলনায় বেড়েছে। সামনের দিনগুলোতে বন্যা, খরা, ঝড়-জলোচ্ছ্বাসসহ প্রাকৃতিক দুর্যোগের মাত্রা আরও বাড়বে। বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) গতকাল বিশ্বের আবহাওয়া পরিস্থিতি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, ২০১১ সাল ছিল ১৮৫৫ সাল থেকে এ পর্যন্ত দশম উষ্ণতম বছর। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধির কারণে এমনটা হচ্ছে বলেই আশঙ্কা প্রকাশ করেছে সংস্থাটি। বিজ্ঞানীদের এই সতর্ক বাণীর পরও বিশ্বের সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী রাষ্ট্র যুক্তরাষ্ট্র নিঃসরণ কমানোর চুক্তিতে আসতে রাজি হচ্ছে না। কিয়োটো প্রটোকল অনুযায়ী কার্বন নিঃসরণ কমাতে বাধ্য নয়—এমন বৃহ ৎ রাষ্ট্রগুলোর মধ্যে চীন বলেছে তারা নিঃসরণ কমানোর অঙ্গীকার করতে রাজি আছে। উদীয়মান অর্থনীতির আরেক দেশ ও সম্মেলনের আয়োজক দক্ষিণ আফ্রিকাও একই অঙ্গীকার করেছে। কিন্তু ভারত ও যুক্তরাষ্ট্র এতে রাজি না হওয়ায় কোপ-১৭ সম্মেলনে অচলাবস্থা তৈরি হয়েছে। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও জলবায়ু বিশেষজ্ঞ আইনুন নিশাত এ ব্যাপারে বলেন, কানাডা, রাশিয়া ও জাপান কিয়োটো নিয়ে যে একগুঁয়েমি করছে, তা কেটে যাবে যদি ভারত ও যুক্তরাষ্ট্র দ্বিতীয় পর্বের অঙ্গীকারে রাজি হয়ে কার্বন নিঃসরণ কমানোর পক্ষে অবস্থান নেয়। এ জন্য সম্মেলনের ভেতর ও বাইরে দুই জায়গা থেকেই চাপ দিয়ে যেতে হবে। সম্মেলনে গতকালের অধিবেশনে কানকুন গ্রিন ফান্ড নিয়ে কিছুটা অগ্রগতি হয়েছে। ২০২০ সাল পর্যন্ত বছরে ১০০ বিলিয়ন ডলারের এই তহবিল কোন খাতে ব্যয় হবে এবং কারা পাবে তার একটি বিধিমালা তৈরি হচ্ছে। ওই খসড়া বিধিমালায় তহবিল পেতে বিশ্বের সব রাষ্ট্রকে একটি জাতীয় অভিযোজন পরিকল্পনা তৈরির প্রস্তাব দেওয়া হয়েছে। গতকাল বিশ্বের জাহাজ মালিকদের সংগঠন ইন্টারন্যাশনাল শিপিং চেম্বার ও ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন বলেছে, তারা কানকুন গ্রিন ফান্ডে অর্থ জোগান দিতে প্রস্তুত। এ জন্য তারা আন্তর্জাতিক জাহাজ চলাচলের ওপর কার্বন কর বসাবে। এর ফলে জলবায়ু বিপন্ন দেশগুলোর জন্য বছরে কয়েক বিলিয়ন ডলার জোগান দেওয়া সম্ভব হবে। এদিকে গতকাল পরবর্তী বিশ্ব জলবায়ু সম্মেলন কোপ-১৮-এর আয়োজক দেশ হিসেবে কাতারের নাম ঘোষণা করা হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলকে হারিয়ে কাতারের রাজধানী দোহা আয়োজক নগর হওয়ার সুযোগ পেয়েছে।