পুলিশের সব নির্দেশই কি কেউ পালন করতে বাধ্য? যদি কোনো পুলিশ সদস্য তাঁর সঙ্গে কাউকে কোথাও যেতে বলেন, তাহলে কি সেখানে যেতে হবে?পুলিশের আইনানুগ নির্দেশ পালন এবং একজন পুলিশ সদস্যের দায়িত্ব পালনে তাঁকে সহায়তা করা সবার কর্তব্য। বিশেষত, পুলিশ সদস্য যদি কোনো মারামারি বন্ধের চেষ্টা করেন, কোনো অপরাধ প্রতিরোধের চেষ্টা করেন বা তাঁর হেফাজত থেকে পলায়নপর কাউকে বিরত রাখার চেষ্টা করেন, তখন পুলিশ সদস্যের নির্দেশ পালন এবং তাঁকে সহায়তা করা সবার উচিত। আবার যদি কারও কাছে অপরাধসংক্রান্ত তথ্য থাকে, তবে পুলিশকে সে তথ্য প্রদান করা তাঁর কর্তব্যের মধ্যে পড়ে। আইন লঙ্ঘনকারীকে আশ্রয় না দেওয়াও সবার কর্তব্য। যদি কেউ কোনো সম্পর্কে কিছু জানেন বা দেখেন, তবে সে সম্পর্কে আদালতে সাক্ষ্য দেওয়া তাঁর দায়িত্ব।যদি কোনো পুলিশ সদস্য তাঁর দায়িত্বের অংশ হিসেবে কোনো ব্যক্তিকে আটক, অস্ত্র উদ্ধার, সম্পত্তি জব্দ বা অপরাধের বিষয়ে সাক্ষী হওয়া, শনাক্তকরণ, জব্দ তালিকায় স্বাক্ষর ইত্যাদির জন্য তাঁর সঙ্গে যেতে বলেন, তবে অবশ্যই তাঁর সঙ্গে যেতে হবে এবং তাঁকে সহায়তা করতে হবে।যদি কোনো পুলিশ সদস্য কাউকে পুলিশ স্টেশনে আসতে বলেন, তখন তাঁর কি যাওয়া উচিত?কোনো পুলিশ সদস্য যদি কাউকে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চান বা কোনো অপরাধের তদন্ত করতে চান, সে ক্ষেত্রে তাঁকে সমন জারি করতে হবে। এটা না করা পর্যন্ত পুলিশ স্টেশনে যাওয়ার জন্য কাউকে বাধ্য করা যায় না। সে ক্ষেত্রে কোনো নারী বা ১৫ বছরের নিচে কোনো শিশু জড়িত থাকলে পুলিশ শুধু তার বাসায় গিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে।পুলিশ যেসব প্রশ্ন করবে, তার সব কটির উত্তর কি দিতে হবে?যদি কেউ কোনো ঘটনা সম্পর্কে কোনো কিছু জেনে থাকে, তাহলে সততার সঙ্গে খোলামেলাভাবে পুলিশকে সব তথ্য প্রদান করা উচিত। যদি সে কিছু না জেনে থাকে, তবে পুলিশ তাকে কোনো বিবৃতি প্রদান কিংবা শেখানো কিছু বলার জন্য বাধ্য করতে পারে না। যখন পুলিশ কাউকে প্রশ্ন করবে, তখন তার সঙ্গে একজনের উপস্থিতি কাম্য। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, নিজের বিরুদ্ধে যায় এমন কোনো কথা বলতে কিংবা সাক্ষ্য দিতে কেউ বাধ্য নয়।যখন কেউ বিপদাপন্ন, তখন কি পুলিশ তাকে সাহায্য করবে?হ্যাঁ, অবশ্যই। আইন অনুযায়ী সবার নিরাপত্তা প্রদান করা পুলিশের সাধারণ দায়িত্ব। পুলিশ আন্তরিকভাবে জনসাধারণের ভালো করার মানসিকতা, সহানুভূতি ও সুবিবেচনার মানসিকতা থেকে সেবা প্রদান এবং বন্ধুত্বের মনোভাব নিয়ে সবার কল্যাণে কাজ করবে, এটাই প্রত্যাশিত।পুলিশ যদি কাউকে সাহায্য না করে, তাহলে সে কী করবে?একজন পুলিশ ইচ্ছাকৃতভাবে তার দায়িত্ব পালন না করলে অথবা দায়িত্ব পালনে অবহেলা করলে, তা শাস্তিযোগ্য অপরাধ। যদি পুলিশ কাউকে সাহায্য না করে এবং এ জন্য কেউ ক্ষতিগ্রস্ত হয়, তবে সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারে এবং ওই ঘটনায় পুলিশ দায়িত্বে অবহেলার জন্য দোষী সাব্যস্ত হতে পারে।পুলিশ যা চায়, তা কি করতে পারে?আদৌ নয়। যা আইনানুগ, শুধু তা-ই তারা করতে পারে। বাস্তবে তারা অনেক বেশি আইনকানুন দ্বারা পরিচালিত হয়। এগুলো হলো নিজস্ব আইন, প্রবিধান, ফৌজদারি কার্যবিধিতে বর্ণিত নিয়মাবলি, হাইকোর্টের নির্দেশাবলি ইত্যাদি।সূত্র: পুলিশ সম্পর্কে ১০১ প্রশ্নোত্তর, কমনওয়েলথ হিউম্যান রাইটস ইনিশিয়েটিভ, ব্লাস্ট ও নাগরিক উদ্যোগ প্রকাশনা গ্রন্থনা: নাঈমা আমিন