কী করে না বলি
কমবেশি প্রত্যেক মেয়ের জীবনেই ভালোবাসার নিবেদন আসে। নিবেদনকারী হতে পারে পরিচিত ব্যক্তি, হতে পারে অপরিচিতও। কিন্তু ‘ক’ যেভাবে ‘খ’কে দেখছেন বা তাঁকে নিয়ে ভাবছেন, ‘খ’ সেভাবে ‘ক’কে না-ও ভালোবাসতে পারেন। কী করে এ কথাটা জানাবেন—এ নিয়ে কিছু সমস্যায় পড়তে হয় তাঁদের। কী করে ‘না’ বলা যায়। শত পদ্ধতির কথা ভাবা হয় এই একটি পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য। এমনই কিছু সত্যি অভিজ্ঞতা তুলে ধরা হলো। আজ সীমার (ছদ্মনাম) জন্মদিন। বাসায় ফেরার তাড়া তাই একটু বেশি। পথে দেখা পাড়ার বড় ভাই জাহিদের সঙ্গে। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েই মনের কথাটি তুলে ধরলেন তিনি—‘ভালোবাসি, তিন বছর ধরে শুধু তোমাকেই ভালোবেসে এসেছি।’ হতভম্ব সীমা কিছুই বুঝতে পারছিল না। মাথা নিচু করে চলে আসা ছাড়া তখনকার মতো আর কিছুই করেনি সে। একই এলাকা, তার ওপর পাড়ার বড় ভাই। সব দিক চিন্তা করে তবেই উত্তর দিতে হবে। পরদিন বাসা থেকে বের হতেই মুখোমুখি সাক্ষাত্। জিজ্ঞাসু দৃষ্টির সামনে দাঁড়িয়ে খুব শান্ত ও ভদ্র গলায় মানা করে দিল সীমা। কারণ হিসেবে বলল, আজ পর্যন্ত কখনো এই বড় ভাইটিকে নিয়ে এভাবে চিন্তা করেনি সীমা। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সহপাঠী দুজন। সিনথিয়া ও আরিশ (ছদ্মনাম)। তিন বছর একসঙ্গে অনেকটা সময় কাটানোর পর বন্ধুতা তৈরি হয়েছে দুই পক্ষ থেকেই। আরিশ ভালোবাসা নিবেদন করলে সিনথিয়া সেটি গ্রহণ করল না। বন্ধু হিসেবে অনেকবার বোঝানোর চেষ্টা করেছে সিনথিয়া। বাস্তববাদী মেয়েটি বুঝতে পেরেছিল ভবিষ্যত্ নেই এ সম্পর্কের। কেউই সুখী হবে না। এবার ‘না’ বলার পালা। কিন্তু নাছোড়বান্দা আরিশ। কোনো কথাই মানছিল না। আরিশ অনেক বেশিই জানত তার সম্পর্কে। যেনতেন কথায় কাজ হবে না বুঝেই বাধ্য হয়ে মিথ্যার আশ্রয় নেয়—‘আমি অন্য একজনকে পছন্দ করি।’ ভেঙে পড়ে আরিশ। ফলাফল সুখকর হয়নি। বিশ্ববিদ্যালয়ের বাকি বছরগুলোতে অনেক হয়রানি সহ্য করতে হয়েছে সিনথিয়াকে। বন্ধু নামের মানুষগুলো থেকে শুরু করে অপরিচিত—সবার কাছেই তুলে ধরা হয়েছিল তাকে খারাপ মেয়ে হিসেবে। অতঃপর এই হয়রানি সহ্য করতে করতে বিশ্ববিদ্যালয়-জীবন শেষ। চাকরিজীবনে প্রবেশ। বন্ধুতার ইতি। শুধু আরিশের সঙ্গেই নয়, বন্ধুদের পুরো দলটিই এখন আর তার বন্ধু নয়। দোরঘণ্টির আওয়াজে চমকে উঠল রিতা। ছয় মাস ধরে কিছুদিন পর পর এ সময়টায় আসে কুরিয়ার সেবার পিয়নটি। হাতে উপহার নিয়ে দাঁড়িয়ে। বিরক্ত হয়ে ধমকে উঠল রিতা, ‘কেন আবার নিয়ে এসেছেন। সেদিন সব উপহার ফেরত দিয়ে মানা করে এসেছিলাম। এরপর আবার নিয়ে এলে পুলিশে অভিযোগ জানাব।’ অপরিচিত একটি ছেলে প্রায়ই উপহার পাঠাচ্ছে। এমন সময় পিয়ন আসে, যখন মা-বাবা কেউই বাসায় থাকেন না। সামনে রিতার পরীক্ষা। এসব ঝামেলার কারণে পড়াশোনারও ক্ষতি হচ্ছে বৈকি। কিছুদিন পর যোগ হলো অন্য ঘটনা। বাসার দোরঘণ্টি টিপে কেউ দৌড়ে পালিয়ে যায়। দরজার সামনে রেখে যায় কোনো না কোনো উপহার। এভাবে আরও কয়েক মাস গেল। ১৪ ফেব্রুয়ারি। দোরঘণ্টি বেজে উঠল। রিতাই দরজা খুলল। সামনে দাঁড়িয়ে ভদ্র, সুদর্শন এক তরুণ। হাতে উপহার। কয়েক মুহূর্ত লাগল যা বোঝার বুঝে নিতে। ভেতরে গিয়ে ছেলেটির দেওয়া সব উপহার নিয়ে এল। অন্যদিকের দুটি হাতে সেগুলো ফিরিয়ে দিয়ে শুধু একটি শব্দই উচ্চারল করল রিতা—‘না’। বলার দৃঢ়তা এত বেশি ছিল যে এরপর কোনো দিন ছেলেটি আর ফিরে আসেনি। অফিসে কয়েক দিন ধরেই ব্যাপারগুলো টের পাচ্ছিলেন আনিলা। তিনজন সহকর্মী আলাদাভাবে অতিরিক্ত উত্সাহ দেখাচ্ছিলেন তাঁর সব ব্যাপারে। কিছু বোঝানোর ইঙ্গিত। না বুঝেও বেশ কয়েক দিন কাটানোর চেষ্টা করলেন আনিলা। একপর্যায়ে তা আর সম্ভব হয়ে উঠল না। প্রথম প্রথম ফোন করলে কাজের কথা ভেবে ধরতেন। কিন্তু একি সমস্যা। ফোন ছাড়তে চান না কোনোভাবেই। এরপর ফোন ধরাও বন্ধ করে দিলেন। কোনো কাজের কাজ এতেও হলো না। তিনজন নাছোড়বান্দাসহ বেশ কয়েকজন সহকর্মীকে এক ছুটির দিনে বাসায় ডাকা হলো। সামনে নিয়ে আসা হলো বাবা, মা, ভাই এবং অবশেষে হবু বরকে। অফিসের সেই তিন সহকর্মীর চেহারা দেখার মতোই হয়েছিল। কিন্তু এরপর সহকর্মীর সম্পর্কের বাইরে আর কোনো আচরণ দেখাননি কেউ।চারপাশে এ রকম ঘটনা প্রতিটি মুহূর্তেই ঘটছে। ভালোলাগাটা দোষের নয়। ভালোবাসাটাও নয়। কিন্তু তোমার ভালো লাগলেই আমারও লাগতে হবে—এমন জোর কি ভালোবাসায় খাটে? অতএব ‘না’। নেতিবাচক উত্তর কখনো শান্তি নিয়ে এলেও কখনো বা অশান্তি আনে। মানুষ এবং পরিস্থিতি বুঝে উত্তর দেওয়ার ওপরই সবকিছু নির্ভর করে। ‘না’ বলতে পারাটা নিশ্চয়ই সহজ ছিল না। তবুও যা না, তা তো ‘না’ই।