একজন আশাবাদী মধ্যরাত পর্যন্ত জেগে থাকে নতুন বছরকে স্বাগত জানাতে। আর হতাশাবাদী জেগে থাকে পুরোনো বছরের বিদায়কে নিশ্চিত করতে। আমি একজন আশাবাদী হিসেবেই ২০০৯ কে মূল্যায়ন করতে চাই ২০১০ কে স্বাগত জানানোর লক্ষ্যে।২০০৯ ছিল বাংলাদেশের জন্য প্রতিশ্রুতির বছর, প্রস্তুতির বছর। বছরের শুরুতে নবনির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের একটি পর্যায় সফলভাবে শেষ হয়। পরবর্তী মাসগুলোতে নেওয়া হয় নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন উদ্যোগ। এর অনেকটাই প্রতিফলিত হয় ২০০৯-১০ অর্থবছরের বাজেটে। অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে নেওয়া হয় বেশ কিছু প্রস্তুতিমূলক প্রাতিষ্ঠানিক পদক্ষেপ। অবশ্য বিডিআর ট্র্যাজেডি সাময়িকভাবে হলেও সরকারের মনোযোগকে বিক্ষিপ্ত করে। একই সঙ্গে ঘনায়মান বিশ্বমন্দা পরিস্থিতি অর্থনীতিকে কিছুটা রক্ষণাত্মক অবস্থানে নিয়ে যায়। প্রাকৃতিক দুর্যোগ ‘আইলা’ আরও কিছুটা চাপে ফেলে সরকারকে। সৃষ্টি করে একটি মিশ্র প্রেক্ষিত। ইতিবাচক বৈশিষ্ট্যঅব্যাহত সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা ছিল বিদায়ী বছরের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দিক। অর্থনীতির ব্যবস্থাপনার সামগ্রিক ভারসাম্যের চিত্র খুঁজে পাওয়া যায় মূল্যস্ফীতির সহনীয় মাত্রায়, টাকার স্থিতিশীল বিনিময় হারে এবং সীমিত বাজেট ঘাটতিতে। বৈদেশিক মুদ্রার মজুদ বৃদ্ধি এই স্থিতিশীলতা অর্জনে সহায়ক হয়। একই সঙ্গে সুদের প্রকৃত হার কিছুটা কমলে এই সামষ্টিক স্থিতিশীলতা আরও সবল হতো।খাদ্যশস্য উত্পাদনের ধারাবাহিক সাফল্য (বিশেষ করে বোরোর বাম্পার ফলন) এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীর ব্যাপক সম্প্রসারণ, ২০০৯ সালে খাদ্যনিরাপত্তা পরিস্থিতিকে সংহত করে। সরকার কৃষকের কাছে যথাযথভাবে সার, বীজ ও কৃষিঋণ পৌঁছে দিতে সক্ষম হয়। তবে সরকারি ধান ক্রয় অভিযানের কার্যকারিতা বৃদ্ধির মাধ্যমে কৃষকের পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার ক্ষেত্রে কোনো সুষ্ঠু সমাধান হয়নি।অনেক বিবেচনায় বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের বিষয়টি ছিল গত বছর প্রাধিকারপ্রাপ্ত। বাস্তবায়নের হার বিশেষ বৃদ্ধি না পেলেও, বিদায়ী বছরের দ্বিতীয় ভাগে এসে অর্থমূল্যে উন্নয়নব্যয় প্রায় দেড় গুণ বৃদ্ধি পায়। ব্যাংকসহ কতিপয় আধাসরকারি প্রতিষ্ঠান লাভের মুখ দেখে।আন্তর্জাতিক বাজারে পণ্যমূল্য পড়ে যাওয়ায় এবং অভ্যন্তরীণ চাহিদা হ্রাস পাওয়ায় আমদানিনির্ভর শুল্ক আদায় কমে যায়। এ পরিস্থিতিতে ২০০৯ সালে রাজস্ব আদায় বৃদ্ধির ধারা অব্যাহত রাখতে পারা ছিল অন্যতম অর্থনৈতিক সফলতা। একদিকে যেমন আয়কর আদায়ের হার ছিল উচ্চপর্যায়ে, অপরদিকে অভ্যন্তরীণ উত্স থেকে অধিক পরিমাণে পরোক্ষ কর আহরণও নিশ্চিত হয়।বিশ্বমন্দাসহ বিভিন্ন কারণে ২০০৯ সালের প্রথম ১০ মাসে বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক যাওয়ার সংখ্যা প্রায় অর্ধেক হয়ে এসেছে। তা সত্ত্বেও এ সময় অভিবাসী শ্রমিকদের পাঠানো অর্থের পরিমাণ বৃদ্ধি পায় প্রায় ২০ শতাংশ। চা, চামড়াজাত পণ্য ও হিমায়িত খাদ্য রপ্তানি ব্যাপকভাবে কমে যাওয়ায় মোট বাণিজ্য-আয় এ সময় ক্রমান্বয়ে ঋণাত্মক হয়ে গেলেও তৈরি পোশাক রপ্তানি বৃদ্ধি পায় ২ দশমিক ৫ শতাংশ হারে। পরিস্থিতি মোকাবিলায় সরকার দুই দফায় উজ্জীবক প্যাকেজ ঘোষণা করে, যদিও এই বরাদ্দের ব্যবস্থা নিয়ে কিছুটা বিতর্ক রয়ে যায়। বিদায়ী বছরে দেশের পুঁজিবাজারে ব্যাপক চাঞ্চল্য পরিলক্ষিত হয়। প্রথম দিকে শ্লথ থাকলেও বছর শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক প্রায় ৫৯ শতাংশ বৃদ্ধি পায় এবং নিবন্ধিত কোম্পানিগুলোর বাজারে ছাড়া শেয়ারের মূল্য মোট দেশজ আয়ের প্রায় ১৯ শতাংশ থেকে বেড়ে হয় ৩০ শতাংশ। ১৮টি নতুন কোম্পানি আসায় বাজারের গভীরতাও বৃদ্ধি পায়। গ্রামীণফোনের নিবন্ধন এক ধাক্কায় পুঁজিবাজারের পুঁজিকরণকে দুই হাজার কোটি টাকা বাড়িয়ে দেয়।আগামী দিনের চিন্তাবিনিয়োগের ক্ষেত্রে নিরুদ্যম পরিস্থিতি ছিল ২০০৯-এর অর্থনীতির সর্বাপেক্ষা বড় দুর্বলতা এবং এটাই হবে ২০১০-এর সবচেয়ে বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। নির্বাচন-পরবর্তী পরিস্থিতিতে বিনিয়োগকারীদের আস্থা কিছু সংস্থাপিত হলেও গ্যাস ও বিদ্যুতের লভ্যতার সংকটসহ অন্যান্য অবকাঠামোগত সুবিধার অভাব বিনিয়োগের জন্য অমোচনীয় প্রতিবন্ধকতা হিসেবে আবির্ভূত হয়। বাজেটে সরকার ও ব্যক্তি খাতের যৌথ অংশীদারির ভিত্তিতে বিনিয়োগ সচল করতে চাইলেও সে ক্ষেত্রে বিশেষ কোনো অগ্রগতি নজরে আসেনি। যোগাযোগ খাতে অবশ্য এ বিষয়ে কিছু পরিকল্পনার কথা শোনা যায়। তবে পদ্মা সেতুর মহাপ্রকল্পের অর্থায়ন প্রায় নিশ্চিত হয়েছে।চিন্তার বিষয় হলো, গত এক বছরে বিদ্যুতের উত্পাদনক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো দৃশ্যমান অগ্রগতি লক্ষ করা যায় না। তবে অতি সম্প্রতি সরকারি ক্রয় কমিটি ৫৩০ মেগাওয়াট উত্পাদনে সক্ষম আটটি ক্ষুদ্র প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ার মধ্যে রয়েছে। অপরদিকে সরকারি ব্যবস্থাপনায় ৩০০ মেগাওয়াট উত্পাদনে সক্ষম দুটি প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সমাপ্ত হয়েছে। তবে অবস্থাদৃষ্টে মনে হয়, আগামী বছরও বিনিয়োগ পরিস্থিতি গ্যাস ও বিদ্যুত্সংকট দ্বারা পর্যুদস্ত থাকবে। বিনিয়োগ পরিস্থিতির অচলাবস্থার অপর কারণ হিসেবে উন্নয়ন প্রশাসনে পেশাগত অনিশ্চয়তা, সিদ্ধান্ত গ্রহণে অনীহা ও সক্ষমতার অভাবকে চিহ্নিত করা যায়। উপরন্তু টেন্ডারবাজি-চাঁদাবাজিসহ মাঠপর্যায়ে কিছু নেতিবাচক ঘটনাও বিনিয়োগ পরিস্থিতিকে বিঘ্নিত করছে।বিনিয়োগকে সচল না করতে পারলে আগামী বছর উন্মুক্ত ও প্রচ্ছন্ন বেকারত্ব আরও বৃদ্ধি পাবে। বর্তমানে প্রতিবছর প্রায় ১৮ লাখ নতুন মানুষ শ্রমবাজারে প্রবেশ করে। শিল্প খাতে নতুন নিয়োজন শ্লথ হয়ে আসায় এ পরিস্থিতি আরও জটিল হবে। বিদেশগামী শ্রমিকের সংখ্যা হ্রাস পাচ্ছে এবং ফেরত আসার সংখ্যাও সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে। এতে শ্রমবাজারে আরও চাপ বৃদ্ধি পাবে। হতদরিদ্রদের জন্য প্রস্তাবিত কর্মসংস্থান প্রকল্প ও যুবকদের জন্য ঘোষিত ‘জাতীয় সার্ভিস’ দ্রুত কার্যকর করা দরকার। বহুদিন ধরে খালি পড়ে থাকা সরকারি পদগুলো দলীয় বিবেচনার ঊর্ধ্বে থেকে দ্রুত পূরণ করা উচিত। তবে ভৌত ও সামাজিক অবকাঠামো খাতে রাষ্ট্রীয় ব্যয় এবং শিল্প খাতে ব্যক্তি বিনিয়োগ ঊর্ধ্বমুখী না হলে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে তথা দারিদ্র্য দূরীকরণে অনুভবনীয় পরিবর্তন আসবে না।বিশ্ববাজারে খাদ্য ও জ্বালানি তেলসহ পণ্যমূল্য বৃদ্ধি এবং অভ্যন্তরীণ বাজারে কার্যকর নজরদারির অভাব তথা বাজার-ব্যবস্থাপনার দুর্বলতার কারণে নতুন বছরে মূল্যস্ফীতির হার বাড়ার আশঙ্কা রয়েছে। তাই সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থাপনার অংশ হিসেবে মুদ্রানীতিকে দক্ষতার সঙ্গে প্রবৃদ্ধি বাড়ানো এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যবহার করতে হবে। মনে হচ্ছে, সুদের হার কমানোর সুযোগটি আমাদের হাতছাড়া হয়ে গেল। অনাবাসী-আয় বৃদ্ধি পাওয়া এবং আমদানিব্যয় কম হওয়ার কারণে দেশের বৈদেশিক মুদ্রার মজুদ ক্রমান্বয়ে বেড়ে চলেছে। পুঁজিপণ্য ও উত্পাদনের কাঁচামালের আমদানি বৃদ্ধি না পেলে এ ক্রমবর্ধমান মজুদ টাকার বিনিময় হার শক্তিশালী করবে এবং এর ফলে রপ্তানিক্ষেত্রে প্রতিযোগিতা সক্ষমতা হ্রাসের আশঙ্কা দেখা দিতে পারে। মনে হয়, টাকার বিনিময় হার ব্যবস্থাপনার বিষয়টি আগামী বছর বেশ যত্নসহকারে দেখতে হবে।এবার আমনের উত্পাদন ভালো। কিন্তু নতুন বছরের খাদ্যনিরাপত্তা অনেকাংশেই বোরো মৌসুমের উত্পাদনের ওপর নির্ভর করবে। চালের দাম নিয়ন্ত্রণে রাখতে তথা মূল্যস্ফীতি সহনীয় রাখতে কৃষি উত্পাদন বৃদ্ধির বিষয়টি নিঃসন্দেহে আগামী বছরও মনোযোগ পাবে।রপ্তানির ক্ষেত্রে পণ্য ও বাজার বহুমুখীকরণ এবং বিদেশে শ্রমবাজার সম্প্রসারণের বিষয়টি ২০১০-এ আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। তবে বিশ্ব-অর্থনীতি ক্রমান্বয়ে চাঙা হয়ে ওঠায় এই প্রচেষ্টা সহজতর হবে বলে আশা করা যায়। রপ্তানি তথা শিল্প উত্পাদনে সাম্প্রতিক অস্থিরতা এবং বিনিয়োগের শ্লথগতির মধ্যেও ২০০৯-১০ অর্থবছরে ৬ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব। তবে প্রয়োজন নীতি বাস্তবায়নে আরও প্রাক-প্র্রস্তুতি ও সমন্বয় আর উন্নয়ন প্রশাসনে আরও দ্রুতি ও গতিময়তা।ভবিষ্যত্ সম্পর্কে আগাম কিছু বলার সর্বোত্কৃষ্ট পন্থা হলো সক্রিয়ভাবে তাকে সৃষ্টি করা। তাই ২০১০ কে স্বাগত জানাই ২০০৯-এর অপূর্ণ দিকগুলোকে সম্পূর্ণ করার আরেকটি সুযোগ হিসেবে।