কী দেখানো হচ্ছে যাত্রামঞ্চে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যা হলেই বগুড়ার শিবগঞ্জ উপজেলা শহরের চিত্র পাল্টে যাচ্ছে। সারা দিন মানুষের তেমন দেখা না মিললেও সন্ধ্যার পর থেকে চোখে পড়ছে দলে দলে মানুষের সারি। রিকশা-ভ্যানে চড়ে, হেঁটে, মোটরসাইকেল-সিএনজিচালিত অটোরিকশায় চেপে সবাই ছুটছে। সবার গন্তব্যই একদিকে, উপজেলা সদর থেকে মাত্র এক কিলোমিটার দূরে বড়হাট এলাকার বিজয় মেলা। মেলায় ঢুকে প্রথমে তারা লটারির টিকিট কিনছে। এরপর মেলার মূল আয়োজন হাউজি মঞ্চে গিয়ে ফতুর হচ্ছে। হাউজির পর ঢুকছে যাত্রার মঞ্চে। দীর্ঘ আট বছর পর ওই স্থানে মেলা বসায় মানুষ যেন হুমড়ি খেয়ে পড়েছে। জানা গেছে, ‘ওরা একাত্তর দেখে নাই’ স্লোগান নিয়ে ১৬ জানুয়ারি উপজেলার বড়হাট এলাকায় মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে। বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। এ সময় স্থানীয় ও জেলা পর্যায়ের আওয়ামী লীগের অনেক নেতা উপস্থিত ছিলেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাহাজাদা চৌধুরী তাঁর বাড়ির কাছে নিজ নামে প্রতিষ্ঠিত কলেজের সামনে এ মেলার আয়োজন করেছেন। মেলায় লটারি, হাউজি, যাত্রা ও সাকার্স প্রদর্শন হচ্ছে। প্রতিদিন সকাল থেকেই লটারির টিকিট কিনতে একাধিক মাইক বের করে দেওয়া হচ্ছে। মাইকগুলো বিভিন্ন লোভনীয় পুরস্কারের কথা বলে গ্রামগঞ্জে প্রচারণা চালাচ্ছে। উদ্বোধনের দিন থেকেই কোনো অনুমতি না নিয়ে মেলায় হাউজি ও লটারির রমরমা আসর বসানো হয়। এর প্রতিবাদে এলাকায় জাতীয় পার্টির উদ্যোগে ২০ জানুয়ারি বিক্ষোভ মিছিল বের হয়। এতে লটারি ও হাউজি বন্ধ না হয়ে উল্টো সে রাত থেকেই যাত্রা শুরু হয়। পরে সার্কাসও প্রদর্শন শুরু হয়েছে। এ পর্যায়ে ২৪ জানুয়ারি রাতে মেলায় হাঙ্গামা ও লুটপাটের ঘটনা ঘটলে মেলা কমিটি ২৬ জানুয়ারি থেকে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত মুক্তিযুদ্ধের মেলা করার সরকারি অনুমতি নেয়।উপজেলা ময়দানহাটা এলাকার হবিবর রহমান (৩৫) চার বন্ধুকে নিয়ে মেলায় এসেছিলেন। ৩০ টাকা দিয়ে তিনটি ‘সোনালী র্যাফেল ড্র’র টিকিট কিনেছেন। তিনি বলেন, ‘লটারিতে মোটরসাইকেল ছাড়াও অনেক পুরস্কার আছে। তাই কিনেছি। দেখি কপালে লাগে কি না।’ শুধু হবিবরই নন, তাঁর বন্ধুরাও তিন থেকে আটটি করে লটারির টিকিট কিনেছেন। ভ্যানচালক আশরাফ আলী (৩২) গত সোমবার চাল না কিনে ওই টাকায় লটারির পাঁচটি টিকিট কিনেছিলেন। তিনি বলেন, ‘এবার একনো কিচু পাইনি। কিন্তুক আশাত আশাত আচি। দ্যান একবার আটকিলেই কাম।’ মেলা থেকে অবৈধ সুবিধা আদায় প্রসঙ্গে উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম জানান, দলীয়ভাবে বিএনপি কখনো মেলার কোনো টাকা নিচ্ছে না। উপজেলা জাতীয় পার্টির সভাপতি মোস্তাফিজার রহমান বলেন, ‘আমরা বিক্ষোভ মিছিল করে এসব বন্ধের দাবিতে প্রতিবাদ করেছিলাম। পরে দেখি সবাই হাউজি-লটারি-যাত্রা চালানোর পক্ষে। সবাই একদিকে আর আমি একদিকে থেকে লাভ কী? তাই পরে আর কোনো প্রতিবাদ করিনি।’ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ শাহাজাদা চৌধুরী বলেন, মেলায় কোনো জুয়া খেলা হচ্ছে না। আর হাঙ্গামার ঘটনাও ঠিক নয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা লুত্ফর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে অনুমোদনবিহীন কিছুদিন এই মেলা চলেছে। কিন্তু আমার দুঃখ এটাই যে কোনো একটি পত্রিকায় একটা সংবাদ পর্যন্ত আসলো না! এখন পর্যন্ত কেউ আমাকে লিখিতভাবে এমনকি মৌখিকভাবে কোনো অভিযোগ পর্যন্ত দেয়নি।’ তবে তিনি জানান, এসএসসি পরীক্ষা শুরুর আগেই ওই মেলা শেষ করার কথা বলা হয়েছে। এলাকার সাংসদ এ কে এম হাফিজুর রহমান জানান, মেলায় যেভাবে অসামাজিক কার্যকলাপ চলছে, তাতে এলাকায় ছুরি-ছিনতাই বেড়ে যাবে। অবিলম্বে প্রশাসনের এ বিষয়ে ব্যবস্থা নেওয়া দরকার।এদিকে নতুন সরকার ক্ষমতায় আসার পর হঠাত্ করে জুয়ার আসর বসানোর হিড়িক পড়ায় তা স্থানীয় আওয়ামী লীগের মাঠপর্যায়ে কর্মীদের মনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইউনিয়ন কমিটির সভাপতি বলেন, একটি দল সমাজের বিশাল জনগোষ্ঠীকে নেতৃত্ব করে। এ জন্য যাঁরা দলের নেতৃেত্বে আছেন, তাঁদের স্বচ্ছ হওয়া উচিত। জুয়া বা অশ্লীলতাকে মানুষ ভালোভাবে নেয় না। তবে কিছু কিছু মানুষ টাকার মোহে এসবকে লাভের অঙ্কে ব্যবহার করে। এটি লুটপাটের একটি দিক। আর এ টাকা পৌঁছে যায় অনেক জায়গায়। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বলেন, ‘গত নয় মাসে এ উপজেলার বিভিন্ন জায়গা থেকে ৪০ জনের মতো জুয়াড়ুকে গ্রেপ্তার করা হয়েছে। পানিতলা, কালিতলা ও খারিয়ার জুয়ার আসর ভেঙে দেওয়া হয়েছে। আর যেসব মেলার অনুমতি রয়েছে সেখানে তো পুুলিশের কিছু করার নেই।’