কী দোষ ছিল শিশু শিমুলের!
১৪ মাস বয়সী শিশু শিমুল। মা-বাবার অনেক আদরের একমাত্র সন্তান। অন্যদিনের মতোই শিমুল ঘুম থেকে উঠে খেলা করছিল। পাশেই চলছিল মা-বাবার ঝগড়া। কিন্তু এর মধ্যেই বাবা মাজেদ হিংস্র পশুর মতো এগিয়ে এসে শিমুলকে তুলে নেন এবং উঠানে আছাড় মারেন। ভয়ে মা বলে চিত্কার করতে থাকে সে। কিন্তু মা কিছু বুঝে ওঠার আগেই ধারালো বটি দিয়ে বাবা মাজেদ জবাই করেন ছেলেকে। আজ শুক্রবার সকালে রাজবাড়ীর পাংশায় এ ঘটনা ঘটে। পাংশা থানার অফিসার ইনচার্জ (পরিদর্শক তদন্ত) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে জানান, পাংশা উপজেলার ডেমনাপাড়া গ্রামের দিনমজুর মাজেদ মোল্যা। পরিবারের অভাব-অনটন নিয়ে আজ সকালে স্ত্রী সীমা আক্তারের সঙ্গে তাঁর ঝগড়া লাগে। ঝগড়ার একপর্যায়ে সকাল সাড়ে নয়টার দিকে উত্তেজিত হয়ে মাজেদ তাঁর ছেলে শিমুলকে বাড়ির উঠানে ফেলে জবাই করে হত্যা করেন।সন্তানকে বাঁচাতে মা আর্তচিত্কার করতে থাকলে স্থানীয় লোকজন এগিয়ে আসে। তখন মাজেদ পালানোর চেষ্টা করে। পরে কসবা মাজাইল পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ মাজেদকে তাড়া করে গ্রেপ্তার করে। পরে তাঁকে পাংশা থানায় নিয়ে আসা হয়।আলমগীর হোসেন আরও জানান, শিমুলের লাশ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এ ঘটনায় ঘাতক স্বামীকে আসামি করে স্ত্রী সীমা আক্তার পাংশা থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।