কী নাই, কী চাই
খিলগাঁওসিটিং বাসে বসে যেতে চাইআমি খিলগাঁও ওভারব্রিজের সঙ্গে অবস্থিত অনাবিল/সালসাবিল/গ্রীন নামধারী বাসের নিয়মিত যাত্রী হিসেবে উত্তরায় আসা-যাওয়া করি। শাহজাহানপুর (উত্তর) নিবাসী বিধায় চাকরির নিমিত্তে প্রতিদিন এ রুটে যাতায়াত করতে হয়। কিন্তু শুক্রবার ছাড়া সিটে বসার সৌভাগ্য হয় না। অতিরিক্ত যাত্রীবোঝাই ও দাঁড়িয়ে যাত্রী না নিতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. পারভেজ আলম৩০৭, উত্তর শাহজাহানপুর, ঢাকা। টিকিট কাউন্টারভিত্তিক বাসগুলোয় যাত্রী দাঁড়িয়ে যাওয়ার কোনো নিয়ম নেই বলে জানান বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার। তিনি বলেন, যাত্রীর তুলনায় বাস কম থাকায় অনেক টিকিট-বাসই দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে। নগরে বাস বাড়াতে উদ্যোগ নেওয়া হয়েছে। বিআরটিসি ও বেসরকারি পরিবহন ব্যবসায়ীদের বাস বাড়লেই সমস্যা অনেকটা কমে যাবে। মিরপুর-মোহাম্মদপুরবাস্তবে নেই পাঁচ টাকা ভাড়ারাজধানী ঢাকার পরিবহনে সরকারি নীতিমালা অনুসারে সিটিং বাসে সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা করা হয়েছে। কিন্তু শতাব্দী পরিবহন লিমিটেড ও নিসর্গ পরিবহন লিমিটেড কর্তৃপক্ষ এ নিয়ম না মেনে খেয়ালখুশিমতো সর্বনিম্ন ভাড়া আট টাকা করেছে। এতে সাধারণ যাত্রীদের মাত্র দুই-তিন কিলোমিটার পথ যেতেও আট টাকা ভাড়া দিতে হয়। এতে বেশি সমস্যায় পড়তে হয় ছাত্রছাত্রীদের। আমি নিজেও প্রতিদিন এ সমস্যায় পড়ি। আনসার ক্যাম্প থেকে শতাব্দীতে টাউন হলে যেতে ভাড়া দিতে হয় ১০ টাকা। অথচ মিরপুর-১ থেকে আসাদগেট পর্যন্ত সুপার সিটিংয়ের ভাড়া মাত্র পাঁচ টাকা। আর মিরপুর-১ থেকে আসাদগেটের দূরত্বও আনসার ক্যাম্প থেকে টাউন হলের দূরত্বের সমান। আনসার ক্যাম্প বাসস্ট্যান্ডে গেলে শতাব্দীর কাউন্টারম্যান সেখান থেকে শ্যামলীর জন্য ১০ টাকার টিকিট দেন এবং বলেন, আট টাকার টিকিট নেই। ঢাকা শহরে পরিবহনের এসব সমস্যা দেখে মনে হয়, পরিবহন খাতকে নিয়ন্ত্রণের কেউ নেই। তাই সংশ্লিষ্ট পরিবহন কর্তৃপক্ষের কাছে সমস্যাগুলো সমাধান করার অনুরোধ জানাচ্ছি।মো. রাকিব উদ্দিনদ্বিতীয় বর্ষ, হিসাববিজ্ঞান বিভাগসরকারি বাঙলা কলেজ, ঢাকা।টিকিট বাসের সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা হলেও অনেক বাসের সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকার বেশি বলে স্বীকার করেন বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) তপন কুমার সরকার। তিনি বলেন, ‘বাসগুলো যাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া না নেয়, সে জন্য বাসস্ট্যান্ড ও স্টপেজে আমাদের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এমন অভিযানের মাধ্যমে টিকিট ও বাস জব্দ করার ঘটনাও আছে। আবার কিছু বাসের রুট পারমিটও বাতিল করা হয়েছে। জনবলের অভাবে আমরা নিয়মিত অভিযান চালাতে পারছি না।’ ফায়দাবাদ, দক্ষিণখানভবনের অনুমোদনহীন অংশ এখনো ভাঙা হয়নিএ বছরের ২৬ এপ্রিল রাত আটটার দিকে দক্ষিণখান থানার ফায়দাবাদের ৪৮২ নম্বর দাগে (হজরত ওমর ফারুক সড়ক) ছাপরা মসজিদের সামনে রফিকুল ইসলামের ছয়তলা নির্মাণাধীন ভবনের একাংশের পিলার ও দেয়াল ধসে দক্ষিণ পাশে আমার দোতলা বাড়ির ছাদে পড়ে। এতে আমার ভবনের ছাদে থাকা পিলার ভেঙে গেছে, রুমে ফাটল ধরেছে, ছাদের স্যানিটারি ফিটিংস ধ্বংস হয়েছে, আর সানশেড বেঁকে গেছে। এর জন্য ক্ষতিপূরণ আদায়ের চেষ্টা করেছি। কিন্তু বাড়ির মালিক রফিকুল ইসলামের কাছ থেকে ক্ষতিপূরণ বাবদ অর্থ আদায়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের একজন সদস্য পর্যন্ত ব্যর্থ হয়েছেন। এদিকে রাজউকের সংশ্লিষ্ট দপ্তরেও নিয়মিত যোগাযোগ করছি। বলে রাখা ভালো, গত ৯ মে ‘ঢাকায় থাকি’র সমস্যার চিরকুট বিভাগে আমার সমস্যার কথা ছাপা হয়। তখন রাজউকের কর্মকর্তা বলেছিলেন, রফিকুল ইসলামের ভবনের অবৈধ অংশ ভেঙে ফেলা হবে। কিন্তু আজও তা ভাঙা হয়নি। এ বিষয়ে আবারও রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।মো. আবদুল আজিজ খানবাড়ি ৫, হজরত ওমর ফারুক সড়ক, ফায়দাবাদ, দক্ষিণখানএ প্রসঙ্গে রাজউকের মহাখালী অঞ্চলের পরিদর্শক মো. খায়রুজ্জামান জানান, ভবনের নকশাবহির্ভূত অংশটি অবশ্যই ভাঙা হবে। বিষয়টি এখন প্রক্রিয়াধীন।