কী নাই, কী চাই
গ্রিন সুপার মার্কেট-রাজাবাজার সড়কউটকো ঝামেলাগ্রিন সুপার মার্কেট হয়ে যে রাস্তাটি রাজাবাজার মসজিদ পর্যন্ত গেছে, তার অবস্থা খুবই খারাপ। কিছুদিন ধরে ওই রাস্তার এক পাশে সবজি ও মাছ বিক্রেতারা পসার সাজিয়ে দিব্যি বেচাকেনা করছেন। এতে যাতায়াতের খুবই অসুবিধা হচ্ছে। সবজির খোসা, ময়লা ও মাছের আঁশ ফেলায় রাস্তা দুর্গন্ধ ও নোংরা হচ্ছে। একই অবস্থা গ্রিন সুপার মার্কেটের সামনেও। সেখানে উটকো দোকান, ফেরিওয়ালারা বসে দিব্যি নাকের ডগার ওপর বেচাকেনা করছেন, আর বখাটেরা বসে আড্ডা দিচ্ছে। শোনা যায়, স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা এগুলো থেকে নিয়মিত চাঁদা নেন। খোদ ঢাকা শহরে কীভাবে এসব অধৈব দোকান চালানো ও চাঁদাবাজি হচ্ছে—কর্তৃপক্ষের কাছে সেই প্রশ্ন রাখছি। এতে যে জনদুর্ভোগের সৃষ্টি হচ্ছে, তার প্রতিকার কী?নাম প্রকাশে অনিচ্ছুকরাজাবাজারহকারদের কারণে ও সংস্কারের অভাবে ওই রাস্তায় জনদুর্ভোগ হচ্ছে বলে স্বীকার করেন ডিসিসির ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুজ্জামান। তিনি জানান, এ বছর রাস্তার উন্নয়ন ও সংস্কারকাজ হবে। এখন তার দরপত্র-প্রক্রিয়া চলছে। সরকারের ঊর্ধ্বতন পর্যায় থেকে উদ্যোগ নেওয়া হলেই হকার-সমস্যার সমাধান হবে বলে আনোয়ারুজ্জামান মনে করেন।কমলাপুরগাড়ি রাখা হচ্ছে রাস্তায়ঢাকার রাস্তায় প্রায় প্রতিদিনই নতুন নতুন গাড়ি নামছে। কিন্তু রাস্তার প্রশস্ততা ও সংখ্যা অনেকটা আগের মতোই আছে। এতে ব্যস্ততম সড়কের সিগন্যাল পয়েন্টে ৩০ সেকেন্ডের ব্যবধানে অনেক গাড়ি জমা হয়ে যায়। তার ওপর যদি রাস্তায় অনিয়মিতভাবে গাড়ি পার্ক করে রাখা হয়, তাহলে তো দুর্ভোগের শেষ নেই! কমলাপুর ওভারব্রিজ থেকে কমলাপুর স্টেডিয়াম পর্যন্ত সড়কটি ব্যস্ততম। এ রাস্তায় প্রতিনিয়ত আইসিডির মালবাহী কনটেইনার সারিবদ্ধভাবে পার্ক করে রাখা হয়। এ ছাড়া এখানে দুটি সিএনজি ফিলিং স্টেশন থাকায় নির্ধারিত সময়ের মধ্যে গ্যাস নেওয়ার জন্য রাস্তার মধ্যে গাড়ির আরেকটি সারি তৈরি হয়। তিন লেনবিশিষ্ট রাস্তার দুই লেন এভাবেই দখল হয়ে যায়। এক লেন দিয়ে গাড়ি চলাচলের ফলে নানা দুর্ভোগের সৃষ্টি হচ্ছে, বিশেষ করে স্টেডিয়ামসংলগ্ন সিগন্যাল পয়েন্টে অফিস শুরুর সময়ে যাতায়াত করা লোকজন অসহ্য যানজটের সম্মুখীন হয়। যদি মালবাহী কনটেইনারগুলোর পার্কিংয়ের ব্যবস্থা নিয়মবহির্ভূত হয়, তাহলে অনতিবিলম্বে এগুলো এখান থেকে সরিয়ে নেওয়া হোক। একই সঙ্গে পার্কিং নিষিদ্ধ করে এখানকার যানজট সহনীয় পর্যায়ে রাখার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. সফিকুল ইসলামজগন্নাথ বিশ্ববিদ্যালয়দৃষ্টি আকর্ষণ করা হলে ডিএমপির ট্রাফিক বিভাগের (পূর্ব) উপকমিশনার এ কে এম আওলাদ হোসেন বলেন, আইসিডির মালবাহী কনটেইনার মালামাল পরিবহন করে, আর সিএনজি ফিলিং স্টেশন দুটি থেকে গ্যাস নেয় যানবাহন। এসব কাজ তো বন্ধ করা যাবে না; তবে ট্রাফিক পুলিশের কর্মীরা চেষ্টা করছেন, যাতে সব কাজ শৃঙ্খলার মধ্য দিয়ে হয়। তবে আইসিডির মালবাহী কনটেইনার রাখার জন্য দুই বছর আগে একটি জায়গা নির্বাচন করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। দুই বছরেও এর নির্মাণকাজ শুরু হয়নি। এটি নির্মিত হলে সড়কে আর কনটেইনার থাকবে না।পাইকপাড়া, হাজি মনিরুদ্দিন সড়করাস্তা পাকা হবে কবেহাজি মনিরুদ্দিন সড়ক প্রায় ১০ বছর আগে তৈরি হলেও এখনো পাকা করা হয়নি। ওয়ার্ডের একমাত্র কাঁচা রাস্তা এটি। তবে গলির প্রথম দিকের কিছু অংশে ইট বিছানো আছে এবং পয়োনালাও স্থাপন করা হয়েছে। অবশিষ্ট অংশে শুধু পয়োনালা রয়েছে। কিন্তু কয়েক বছর ধরে সড়কটির দুই পাশে তিন-চার ফুট উঁচু দোকান ও পাঁচ-ছয় ফুট উঁচু করে অনেক ভবন নির্মিত হয়েছে এবং এখনো হচ্ছে। এসব ভবন ও দোকানের মালিকেরা তাঁদের সুবিধার জন্য ইট বিছানো থাকা সত্ত্বেও এর ওপর মাটি, খোয়া ও বালু (রাবিশ) ফেলে অপরিকল্পিতভাবে এক থেকে তিন ফুট উঁচু করেন তাঁদের বাড়িতে গাড়ি প্রবেশ সহজ করার জন্য। উল্লেখ্য, অধিকাংশ দোকানেরই শাটার ও ছাউনি রাস্তার ওপর। রাস্তাটিতে মাটি ফেলার ফলে ম্যানহোল ও পানিনিষ্কাশনের ছিদ্রগুলো সব চাপা পড়ে গেছে। এতে সামান্য বৃষ্টির পানিও আর নামতে পারে না। সড়কটি হয়ে পড়েছে এবড়োখেবড়ো ও কাদাময়। কোনো রিকশা বা ট্যাক্সি এই রাস্তায় আসতে চায় না। কাদা ও জমে থাকা পানির জন্য হাঁটাও দায়।তাই কর্তৃপক্ষের কাছে আবেদন, যত দ্রুত সম্ভব এসব অতিরিক্ত মাটি, খোয়া অপসারণ করে ইট বিছানো অংশ সমান করা হোক এবং বাকি অংশটুকু পয়োনালা সমতল করে পানিনিষ্কাশনের পথ সুগম করা হোক। নয়তো বর্ষায় এলাকাবাসীর চলাচল প্রায় অসম্ভব হয়ে পড়বে।নাম প্রকাশে অনিচ্ছুকএ বিষয়ে ডিসিসির ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুনু আক্তার বলেন, ওই রাস্তাটি চওড়া ১২ ফুট। কিন্তু অনেকে রাস্তার জায়গা দখল করে রাখায় এখন কোথাও আট ফুট, কোথাও নয় ফুট চওড়া আছে। বাড়িওয়ালারা রাস্তার জায়গা না ছাড়ায় এটির পানিনিষ্কাশন নালা তৈরি ও রাস্তাটি পাকা করার কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তবু চলতি অর্থবছরে এটি পাকা করা হবে। সেই কাজের দরপত্র প্রক্রিয়াধীন বলে তিনি জানান।