কী নাই, কী চাই
সূত্রাপুরদিন-রাত মশার আক্রমণ‘রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি’ উক্তিটি এখন ঢাকার সূত্রাপুরবাসীর জীবনেও সত্য হয়ে উঠেছে। সূত্রাপুরের বিভিন্ন এলাকায় মশার উপদ্রব বেশি। দিন-রাত মশার আধিপত্য এখানে এতই বেড়েছে যে বসবাস করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই এলাকার তিন দিক ঘিরে আছে একটি পয়ঃশোধনাগার। শোধনাগারের দূষিত পানিতে ছেয়ে আছে কচুরিপানা। এটি মশার অবাধ প্রজননক্ষেত্রে পরিণত হয়েছে। ডিসিসির মশক নিধন কার্যক্রমের ন্যূনতম সেবাও এখানে দেখা যায় না। যারা সামান্য ওষুধ দিতে আসে, তারা প্রধান সড়ক দিয়েই চলে যায়, গলিতে আসে না। মশক নিধনে অলিতে-গলিতে যেমন ওষুধ দেওয়া দরকার, তেমনি মশার প্রজননস্থল ধ্বংস করতেও ডিসিসির কর্মীদের উদ্যোগ নেওয়া উচিত।সাধন সরকার, শিক্ষার্থীজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা।এ বিষয়ে ডিসিসির ৮২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শহিদুল্লাহ মিনু বলেন, পর্যাপ্ত ওষুধ ও জনবলের অভাবে মশক নিধন অভিযানে জোর দেওয়া যাচ্ছে না। আর সূত্রাপুরের পয়ঃশোধনাগারের মালিক ঢাকা ওয়াসা। তাই এটির কচুরিপানা ও বর্জ্য সরানোর দায়িত্ব তাদেরই। এ জন্য ওয়াসাকে কয়েকবার বলা হলেও তারা এটি পরিষ্কার করছে না।সরকারি বাঙলা কলেজচাই ক্যানটিন, অডিটরিয়াম ও চিকিৎসাকেন্দ্ররাজধানীর বৃহত্তর মিরপুর অঞ্চলের একমাত্র সরকারি কলেজ হচ্ছে বাঙলা কলেজ। এই কলেজের ২০ হাজারেরও বেশি ছাত্রছাত্রীর জন্য নেই কোনো কলেজ ক্যানটিন। ফলে ছাত্রছাত্রীদের বাধ্য হয়ে ফুটপাতের দোকানের নিম্ন মানের ভেজাল খাবার খেতে হয়। এতে ছাত্রছাত্রীরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ছেন। তাঁদের জন্য নেই কোনো চিকিৎসাকেন্দ্রও। বাঙলা কলেজ সাংস্কৃতিক দিক দিয়ে অন্য কলেজ থেকে অনেক এগিয়ে। কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান করার মতো কোনো অডিটরিয়াম নেই এই কলেজে। কলেজের বিশাল ক্যাম্পাসের ভেতর ছাত্রছাত্রীদের বসার কোনো ব্যবস্থা নেই। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন, কলেজের সমস্যাগুলোর সমাধান করা হোক।মো. রাকিব উদ্দিনদ্বিতীয় বর্ষ, হিসাববিজ্ঞান বিভাগ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা।কলেজের নানা রকম অবকাঠামো দরকার বলে জানান সরকারি বাংলা কলেজের অধ্যক্ষ দিলারা হাফিজ। তিনি বলেন, কলেজের অবকাঠামো উন্নয়নে শিক্ষা মন্ত্রণালয় একটি প্রকল্প হাতে নিয়েছে। এটি প্রক্রিয়াধীন। যত দ্রুত এটি বাস্তবায়ন শুরু হবে, শিক্ষক-শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা তত দ্রুতই কেটে যাবে।ভাটারা, নতুন বাজারসড়ক হবে কবে?আমেরিকান ও থাই দূতাবাসের পূর্ব দিকে নতুন বাজার, যেখানে বাড্ডা থানা, ডেসকোর অফিস এবং ফায়ার সার্ভিসের অফিস ও সৌদি দূতাবাসের জন্য বরাদ্দ জায়গার সামনে দিয়ে রাজউক প্রস্তাবিত ১০০ ফুট রাস্তাটি নতুন বাজার মোড় থেকে রূপগঞ্জ যাওয়ার কথা। কিন্তু এটি আজও বাস্তবায়িত হয়নি, যার ফলে দূতাবাসগুলোর সামনের চৌরাস্তায় যে তীব্র যানজটের সৃষ্টি হয় তা অবর্ণনীয়। এই সড়কের ওপর যে মানুষ, ভ্যান, রিকশা, বাস ও গাড়ির জটলা সৃষ্টি হয়, তা দুর্বিষহ। রাজউকের অবহেলার কারণে এই রাস্তার ফুটপাত ও আইল্যান্ডে অবৈধ দোকানপাট গড়ে উঠেছে। এই সড়কের পরিকল্পিত জায়গার ওপর অনেক অপরিকল্পিত ও অনুমোদনহীন ঘরবাড়ি, মসজিদ, দোকানপাট, বস্তি নির্মিত হয়েছে। রাজউকের পরিকল্পনা মোতাবেক রাস্তাটি হলে মানুষের চলাচল সহজ হতো। এ ব্যাপারে বর্তমান সরকারের সুচিন্তিত পদক্ষেপ ঢাকাবাসীর কাম্য।সুরাইয়া রহমানভাটারা, নতুন বাজার, ঢাকা।এ বিষয়ে রাজউকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, প্রস্তাবিত সড়কটি বাস্তবায়নে উদ্যোগ চলছে। এখন জমি অধিগ্রহণ করার অনুমোদন-প্রক্রিয়া চলছে। জমি অধিগ্রহণের কাজটি আগামী মার্চ-এপ্রিলের মধ্যে শেষ করা যাবে। এরপর সড়কটির নির্মাণকাজ শুরু হবে বলে তিনি জানান।