কী নাই, কী চাই
উত্তরাবন্ধ বিটিসিএলের নতুন সংযোগ বর্তমান যুগে মুঠোফোনের ব্যাপক প্রচলন হলেও অনেকেই বিটিসিএলের ল্যান্ডফোন সংযোগ নিতে চান। বর্তমানে উত্তরা ১২ নম্বর সেক্টর থেকে নতুন ল্যান্ডফোনের সংযোগের জন্য আবেদন করে কোনো সংযোগ পাওয়া যাচ্ছে না। এ ব্যাপারে বিটিসিএলের উত্তরা কার্যালয় থেকে অপেক্ষা করতে বলা হচ্ছে। কিন্তু কবে এই অপেক্ষার প্রহর শেষ হবে, তা কেউ বলতে পারছে না। তাই উত্তরা ১২ নম্বর সেক্টরে নতুন ল্যান্ডফোন সংযোগ দেওয়ার বিষয়ে ব্যবস্থা নিতে বিটিসিএল কর্তৃপক্ষকে অনুরোধ করছি।সানিউত্তরা, সেক্টর-১২, ঢাকা-১২৩০। এ বিষয়ে যোগাযোগ করা হলে বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) বিভাগীয় প্রকৌশলী (ফোন্স, বহি-উত্তরা) শাহ জুলফিকার হায়দার বলেন, উত্তরার যেসব জায়গায় তার নেই, সেখানে বিটিসিএলের সংযোগ দেওয়া যাচ্ছে না। তবে বিটিসিএল টেলিফোন লাইন বাড়ানোর কাজে হাত দিয়েছে। এ কাজ শেষ হলেই সব জায়গায় টেলিফোনের সংযোগ দেওয়া হবে।শাহজাহানপুরচুলায় গ্যাস চাইডিসিসির ৩৪ নম্বর ওয়ার্ডের শাহজাহানপুর এলাকাটি ঘনবসতিপূর্ণ। দীর্ঘদিন ধরে এ এলাকায় সকাল ১০টা থেকে বেলা তিনটা পর্যন্ত তীব্র গ্যাস-সংকট থাকে। গ্যাস না থাকার কারণে যথাসময়ে কোনো পরিবারেই রান্নাবান্না হচ্ছে না। গ্যাস-সংকটের কারণেই বাধ্য হয়ে এলাকার বাসিন্দাদের রেস্তোরাঁ থেকে বেশি দামে খাবার কিনে আনতে হচ্ছে। গ্যাস-সংকটের কারণ কী? জানতে চাইলে মতিঝিলের তিতাস গ্যাস বিপণন কর্মকর্তা জানান, পুরো পাইপলাইন সম্প্রসারণ করা না হলে এই সংকট থাকবেই। এলাকাবাসীর দাবি, অবিলম্বে নির্বিঘ্নে গ্যাস সরবরাহ করা হোক। এ ব্যাপারে তিতাস গ্যাস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।এ কিউ এম মাহফুজ উল্লাহউত্তর শাহজাহানপুর, ঢাকা। নগরের অনেক এলাকায় গ্যাসের সংকট রয়েছে বলে স্বীকার করেন তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (পরিকল্পনা) নিজাম উদ্দিন সরকার। তিনি বলেন, এখন বিভিন্ন জায়গায় গ্যাসের পাইপ সারাই ও সম্প্রসারণের কাজ করা হচ্ছে। তবে চাহিদার তুলনায় কম থাকায় গ্যাসের সংকট কমানো যাচ্ছে না বলে তিনি জানান।