কী নাই, কী চাই
বছিলা, মোহাম্মদপুরছিনতাইকারীদের দৌরাত্ম্যমোহাম্মদপুরের বছিলা এলাকায় ছিনতাইকারীদের দৌরাত্ম্য বেড়ে গেছে। বিশেষ করে প্রায় সন্ধ্যায়ই বছিলা সিটি ডেভেলপার অফিসের পাশের অন্ধকারে ওত পেতে থাকে ছিনতাইকারীরা। তারা পথচারীদের পথ আটকে দাঁড়ায়। তারপর ভয়ভীতি দেখিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। ছিনতাইকারীদের ধরতে থানা-পুলিশের কোনো তৎপরতা দেখা যাচ্ছে না। এ অবস্থায় ছিনতাই রোধে কার ওপর আমরা ভরসা করব?নাম প্রকাশে অনিচ্ছুকবছিলা, মোহাম্মদপুর। এ ব্যাপারে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, বছিলা এলাকায় ছিনতাইয়ের কোনো অভিযোগ থানায় কেউ করেনি। বছিলা এলাকায় নিয়মিত পুলিশের টহল দেওয়া হয়। রমজান মাস উপলক্ষে থানার আরও একটি দল টহল দিচ্ছে। ওই এলাকায় পুলিশের একটি চেকপোস্টও রয়েছে। বারিধারাদুর্গন্ধে নাকালঢাকা শহরের উল্লেখযোগ্য একটি এলাকা বারিধারা ডিওএইচএস। এই এলাকার প্রবেশদ্বার খুব শক্তিশালী ও আকর্ষণীয়। এলাকায় রয়েছে পিচঢালা রাস্তা, প্রশস্ত ফুটপাত। ফুটপাত দিয়ে হাঁটলে চোখে পড়ে রংবেরঙের ফুলের সমারোহ, যার সুগন্ধে মন প্রফুল্ল হয়ে ওঠে। এভাবে চলতে চলতে হঠাৎ মন খারাপ হয়ে যায়। কারণ ঠিক উল্টো দৃশ্যে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। বারিধারার উল্লেখযোগ্য মার্কেট অনন্যা শপিং কমপ্লেক্সের বিপরীত পাশেই রয়েছে বিশাল ময়লা-আবর্জনার স্তূপ। এখানে বড় একটি পাকা ডাস্টবিন রয়েছে। কিন্তু রিকশাভ্যানে করে ময়লা ফেলা হচ্ছে রাস্তার ওপর। ডিওএইচএস কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। সেলিনা হাসান রিতুকালাচাঁদপুর, ঢাকা। এ প্রসঙ্গে ডিসিসির অঞ্চল-৯-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা বসুদেব সরকার জানান, বারিধারার ওই অংশটুকু ডিসিসির আওতায় নেই। তাই কোনো পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারছেন না। পূর্ব ধোলাইরপাড়বাসায় নর্দমার পানি!এখন চলছে ভরা বর্ষা। তবু কুতুবখালী খালের নেই নাব্যতা, যার কারণে সামান্য বৃষ্টি হলে খাল ভরে গিয়ে দুই পাশে পানি ছড়িয়ে পড়ে। এলাকার সড়কগুলো ডুবে যায় তখন। এতে পয়োনিষ্কাশন নালার মনুষ্যবর্জ্য ও নর্দমার নোংরা পানি আশপাশের বাসাবাড়িতে ঢুকে পড়ে। খালটি নিয়মিত পরিষ্কার করা হয় না। এ ছাড়া সড়কগুলোও উঁচু করা উচিত। কিন্তু এসব দেখার যেন কেউ নেই। বৃষ্টির দিন ছাড়াও কোনো কারণে পানি জমে গেলে তা খালে নামতে পারে না। এলাকাবাসীর এসব দুর্ভোগ নিরসনে কর্তৃপক্ষ কি এগিয়ে আসবে?ফিরোজ ইবনে আলম, পূর্ব ধোলাইরপাড়, ঢাকা। এ ব্যাপারে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (ঢাকা বিভাগ-১) খন্দকার মঞ্জুর মোর্শেদ বলেন, ‘কয়েক দিন আগেই আমরা কুতুবখালী খালে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছি। খালের ওপর থেকে অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হয়েছে। কিন্তু উচ্ছেদ শেষে চলে এলে আবারও আগের অবস্থায় পরিণত হয়।’ তিনি আরও জানান, এলাকাবাসীই খালের ওপর নিয়মিত আবর্জনা ফেলছে। এতে খালের ক্ষতি হচ্ছে। কুতুবখালী খাল উন্নয়নে পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রীয় গ্রন্থাগারে নানা সমস্যাঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রাণকেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার। কিন্তু বর্তমানে গ্রন্থাগারটি বিভিন্ন সমস্যায় জর্জরিত। প্রায়ই প্রয়োজনীয় বই পাওয়া যায় না। আবার কখনো কল নম্বর থাকলেও বই থাকে না। অনেক বইয়ের পাতা কাটা এবং পড়ার অনুপযোগী। অনেক সময় বই থাকা সত্ত্বেও কর্মচারীরা বলেন, ‘বই নেই’ কিংবা বিরক্ত হন। বইসংকটের সঙ্গে রয়েছে চেয়ারের সংকট ও ছারপোকার দৌরাত্ম্য। গ্রন্থাগারে যে চেয়ার রয়েছে, তার অধিকাংশই ভাঙা কিংবা ত্রুটিপূর্ণ। কেন্দ্রীয় গ্রন্থাগারের সমস্যা নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।শরিফ খানশিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগারের গ্রন্থাগারিক নাসিরউদ্দিন মুন্সী জানান, গ্রন্থাগারে যদি কোনো বই এক কপি থাকে তখন তার কল নম্বর থাকলেও তা পাওয়া যায় না। তখন হয়তো অন্য কেউ বইটি পড়ছে। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে কিন্তু গ্রন্থাগারের পরিসর বাড়ছে না। তাই ইচ্ছা থাকা সত্ত্বেও চেয়ার দেওয়া সম্ভব হচ্ছে না। গ্রন্থাগারের পরিধি বাড়ানো জরুরি বলে তিনি মনে করেন।