কী নাই, কী চাই
ওসমানী উদ্যানঅবাঞ্ছিত লোকের আনাগোনাঢাকার ঐতিহ্যবাহী উদ্যানগুলোর একটি ওসমানী উদ্যান। অত্যন্ত সুন্দর এ উদ্যান আজ হকার, ভবঘুরে ও মাদকসেবীর আখড়ায় পরিণত হয়েছে। উদ্যানজুড়ে তাদের অবাধ বিচরণ ও মাদক গ্রহণের দৃশ্য লক্ষ করা যায়। পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসে অনেকেই বিব্রতকর অবস্থার মুখোমুখি হন। তারা সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি করে থাকে। ফলে দিন দিন এ উদ্যানে ভ্রমণকারীর সংখ্যা হ্রাস পাচ্ছে। তাই উদ্যানের সৌন্দর্য বৃদ্ধি এবং সাধারণ মানুষের বিনোদনের সুযোগ রক্ষার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।মো. কামরুল হাসান অনার্স (দ্বিতীয় বর্ষ) হিসাববিজ্ঞান বিভাগ কবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। এ প্রসঙ্গে ডিসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খলিল আহমেদ জানান, সম্প্রতি গুলিস্তান এলাকায় উড়ালসেতুর কাজ চলায় বাস ও টেম্পো উদ্যানের আশপাশে রাখা হয়। মাদকসেবীদের পাশাপাশি এসব যানের চালক ও হেলপাররাও রাতের বেলায় উদ্যানে মাদক গ্রহণ করে থাকেন। এ জন্য উদ্যানের ভেতর মাদকসেবীদের সংখ্যা বেড়ে গেছে। এদের উচ্ছেদ করতে প্রতিদিনই দিনের বেলায় অভিযান চালানো হয়। ভাসানটেকডাকঘরে দুর্ভোগডিসিসি ১৫ নম্বর ওয়ার্ডের ক্যান্টনমেন্ট ডাকঘর থেকে পোস্টকার্ড কিনতে গেলে পোস্টকার্ড পাওয়া যায় না। কাউন্টার থেকে বলা হয় ‘সাপ্লাই নেই’। রাজধানী ঢাকার মতো বড় শহরে পোস্টকার্ড কেন সব সময় পাওয়া যাবে না? তা ছাড়া চিঠি, ভিপি, পার্সেল ও রেজিস্ট্রি চিঠি এলে সময়মতো বাসায় দিয়ে যায় না এবং আনতে গেলেও জানানো হয় ‘লোক নেই’, পরে আসেন। এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আ ন ম ফজলে রাব্বি৬৫/৩ দক্ষিণ ভাসানটেক, কাফরুল, ঢাকা। এ বিষয়ে বাংলাদেশ ডাক অধিদপ্তরের ঢাকা নগরের (উত্তর বিভাগ) ডেপুটি পোস্টমাস্টার জেনারেল ফরিদ আহমেদ জানান, পোস্টকার্ডের বিষয়টি ঢাকা জিপিও নিয়ন্ত্রণ করে। হয়তো সরবরাহ ছিল না বলেই পাওয়া যায়নি। সময়মতো চিঠি বাসায় না পৌঁছানোর ব্যাপারে তিনি বলেন, ‘লোকবলের অভাবে অনেক সময় প্রাপককে ফোন করে আসতে বলা হয়। বিদেশ থেকে পার্সেল এলেও প্রাপককে খবর দেওয়া হয়।’ এ বিষয়ে খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। দক্ষিণ শাজাহানপুরবেহালে ঝিলপ্রতিনিয়তই ঢাকা নগরে বাড়ছে আকাশচুম্বী অট্টালিকা। প্রতিযোগিতামূলক আবাসন প্রকল্পে ফাঁকা জায়গা দিন দিন হারিয়ে যাচ্ছে। শাজাহানপুর এলাকার ঝিলপাড়ও এর বাইরে নয়। দক্ষিণ শাজাহানপুরের এই ঘনবসতিপূর্ণ এলাকার ঝিলটি তার সৌন্দর্য হারাতে বসেছে। এখানে আবর্জনা ফেলা হচ্ছে নিয়মিত। এতে বাতাস ভারী হয়ে উঠছে দুর্গন্ধে। আবার মশা উৎপাদনেও নির্দিষ্ট হয়ে গেছে। এর দুই প্রান্তে দুটি জামে মসজিদ রয়েছে। রমজান মাসে দীর্ঘ সময় নামাজ পড়াসহ বিভিন্ন কাজে ব্যাঘাত হচ্ছে।এই অস্বাস্থ্যকর পরিবেশ থেকে আমরা কি মুক্তি পাব?মো. পারভেজ আলম৩০৭ দক্ষিণ শাজাহানপুর, ঢাকা। এ বিষয়ে ডিসিসির অঞ্চল-৪-এর পরিচ্ছন্ন কর্মকর্তা মনোয়ার হোসেন বলেন, ‘এলাকাবাসীই যদি নিয়মিত ময়লা ফেলে তাহলে আর কী করার থাকে। ময়লা ফেলার জায়গায় শুধু ময়লা ফেলা উচিত। বিষয়টি আমাদের জানা ছিল না। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’ ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটছাত্রীদের বাস চাইঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অনেক ছাত্রীই নিয়মিত বাসে যাতায়াত করে। এতে তাদের বাসে উঠতে চরম দুর্ভোগ পোহাতে হয়। বেশির ভাগ শিক্ষার্থী মিরপুর ছাড়াও ফার্মগেট, শাহবাগ এলাকা থেকে কলেজে আসে। প্রতিদিন ভিড় ঠেলে বাসে উঠে দাঁড়িয়ে যাওয়া সম্ভব হলেও কোনো কোনো সময় ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও বাস পাওয়া যায় না। কলেজ থেকে অন্তত দুটি বাস ওই সব এলাকায় শিক্ষার্থীদের পৌঁছে দিতে পারলে স্বস্তিতে তারা কলেজে আসতে-যেতে পারবে। অবিলম্বে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে যাতায়াতের জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নিজস্ব বাস চালু করার আবেদন জানাচ্ছি। অভিভাবকশেরেবাংলা নগর, ঢাকা। এ ব্যাপারে ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রফিকুল ইসলাম মীর বলেন, ‘আমাদের শিক্ষার্থীদের জন্য দুটি বাস জরুরি। শিক্ষার্থীরা রামপুরা, নারায়ণগঞ্জ, সাভার থেকে এসে পর্যন্ত ক্লাস করে। কিছুদিন আগে একজন দুর্ঘটনার শিকারও হয়েছে।’ কলেজের শিক্ষার্থীদের জন্য বাস চালুর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি জানান। ইসলামপুর রোডরাস্তার সংস্কার চাইদুঃখের নাম পুরান ঢাকার ইসলামপুর রোড। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ব্যস্ততম এই সড়কটি খানাখন্দে ভরে গেছে। ফলে বেড়েছে যানজট। এ অবস্থায় ইসলামপুর রোড ব্যবহারকারী ব্যবসায়ী, সাধারণ মানুষ ও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দীর্ঘদিন ধরে মেরামত না হওয়ায় সামান্য বৃষ্টি হলে এই সড়কে কাদা জমে যায়। ফলে চলাচল কঠিন হয়ে পড়ে। বাবুবাজার মাজার থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত বিস্তৃত এই রাস্তার দৈর্ঘ্য মাত্র আধা কিলোমিটার। কিন্তু এই রাস্তাটি পার হতে লাগে এক ঘণ্টারও বেশি। এ ছাড়া রাস্তার উভয় পাশে ভাসমান ফলের দোকান, চা, পান ও সিগারেটের দোকান যানজটকে আরও বাড়িয়ে দিচ্ছে। এ অবস্থায় জনদুর্ভোগ কমাতে সড়কটির সংস্কারের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।সাধন সরকারশিক্ষার্থী, অষ্টম সেমিস্টার, ভূগোল ও পরিবেশ বিভাগজগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা। এ ব্যাপারে ডিসিসির অঞ্চল-২-এর নির্বাহী প্রকৌশলী মুনশী মো. আবুল হাশেম বলেন, ‘ঢাকা শহরের রাস্তার ফুটপাত উন্নয়নে একটি প্রকল্প হাতে নিয়েছে ডিসিসি। সেই প্রকল্পের আওতায় মাস দুয়েকের মধ্যে রাস্তাটির সংস্কারকাজ শুরু হবে।’ উত্তর শাজাহানপুরঅতিরিক্ত ট্রান্সফরমার চাইআমরা ডিপিডিসির বিওবি বিভাগ, রাজারবাগের অধীন উত্তর শাজাহানপুরের গ্রাহক। ২৯০/১ নম্বর হোল্ডিংয়ের সামনে স্থাপিত ট্রান্সফরমার এলাকার বিদ্যুৎ সরবরাহ নিয়ন্ত্রণ করছে। বর্তমানে এই ট্রান্সফরমার ওই এলাকার বর্ধিত বিদ্যুতের লোড বহন করতে পারছে না। ফলে সময়-অসময় ফিউজ জ্বলে গিয়ে দীর্ঘস্থায়ী বিদ্যুৎবিহীন অবস্থার সৃষ্টি করছে। দুঃসহ গরমে দীর্ঘস্থায়ী বিদ্যুৎহীনতার কারণে এখানকার শিশু, বয়স্ক ও রোগীদের খুবই অসুবিধা হচ্ছে।ডিপিডিসি সূত্রে জানা গেছে, একটি অতিরিক্ত ট্রান্সফরমার বসালে এ সমস্যার সমাধান হবে। গ্রাহকদের সমস্যা সমাধানে এখানে জরুরিভিত্তিতে একটি অতিরিক্ত ট্রান্সফরমার দেওয়ার দাবি জানাচ্ছি।এনায়েত সৈয়দউত্তর শাজাহানপুর, ঢাকা। এ ব্যাপারে ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক আবদুস সোবহান বলেন, ‘ঢাকা শহরে এ রকম এলাকা রয়েছে অনেক। কিন্তু ট্রান্সফরমার কেনার জন্য সরকারি কোনো বরাদ্দ নেই। আমাদের লাভের টাকায় দু-একটা করে কেনা হচ্ছে। পর্যায়ক্রমে সব এলাকায় ট্রান্সফরমার বসানো হবে।’