কী নাই, কী চাই
মিরপুর-১৪আগের মতো রাস্তা চাইমিরপুর-১৪ নম্বর সেকশনের উত্তর ইব্রাহিমপুর এলাকার সড়কটি পাকা ছিল এবং সবার চলাচলের উপযোগী ছিল। কিন্তু ছয় মাস ধরে এ এলাকায় পানির লাইনের কাজ হয়েছে। কাজ শেষ হলেও রাস্তাটি আর মেরামত করা হয়নি। বৃষ্টি হলেই এবং রাস্তার পাশে কাঁচাবাজার থাকায় চলাচল করতে খুবই অসুবিধায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। কাজ চলার সময় রাস্তার একাংশ কাটা হয় এবং পরে তা মাটি দিয়ে ভরাট করা হয়। কিন্তু যানবাহনের চাপে নরম মাটির পাশে পাকা করা অংশ ফেটে যাচ্ছে ও ভেঙে যাচ্ছে। এ ছাড়া বিভিন্ন উঁচু-নিচু গর্ত তো আছেই। এ জন্য রিকশায় আসা-যাওয়া করা কষ্টকর। রাস্তাটির মেরামত জরুরি হয়ে পড়েছে। অথচ রাস্তাটির পিচঢালাই কাজের জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।রাবেয়া রওশনউত্তর ইব্রাহিমপুর, মিরপুর-১৪। এ প্রসঙ্গে ডিসিসির ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রফিকুল ইসলাম বলেন, ‘ঢাকা শহরে অনেক রাস্তার অবস্থাই খারাপ। কিছু কিছু রাস্তার কাজ চলছে। এ সড়কটির কাজও সামনে হবে। চলতি বাজেটে সড়কটির সংস্কারকাজের জন্য প্রস্তাব করা হয়েছে।’ ঢাকা বিশ্ববিদ্যালয়শব্দের যন্ত্রণাঢাকা বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও মাস্টারদা সূর্য সেন হলের মাঝখানের খালি জায়গায় আরও একটি নতুন হল নির্মাণ করা হচ্ছে। খুশির খবর হলেও এখন তা অন্য দুই হলের শিক্ষার্থীদের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ, নির্মাণাধীন হলের কাজ শুরু করা হয় সূর্য ওঠার আগেই। তখন রড পেটানোর শব্দে কেউ ঘুমাতে পারে না। অনেকে রাত জেগে পড়াশোনা করে, শেষ রাতে ঘুমায়। কিন্তু শব্দদূষণের কারণে তারা ঘুমাতে পারে না। ৫ জুন ঢাকায় থাকি ক্রোড়পত্রে প্রকাশিত সংবাদ থেকে জানতে পারি, সন্ধ্যা সাতটা থেকে সকাল সাতটা পর্যন্ত নির্মাণকাজের মাধ্যমে কোনো শব্দদূষণ সৃষ্টি করা যাবে না। তবে হলের পাশে ভোরে কাজ চলছে কীভাবে? এ শব্দদূষণ রুখবে কে?সোহেল রানাজিয়াউর রহমান হল, ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান বলেন, ‘শিক্ষার্থীদের আবাসনের সুবিধার জন্যই হলটি নির্মাণ করা হচ্ছে। এক বছরের মধ্যে কাজ শেষ করতে হবে, তাই ভোরে কাজ শুরু হয়। এ জন্য কারও কারও একটু সমস্যা হতেই পারে।’ তাই বলে শব্দদূষণে শিক্ষার্থীদের সমস্যা করে কাজ শুরু হবে? এমন প্রশ্নে তিনি বলেন, ‘কাজের সময় পরিবর্তন করতে হলে ট্রেজারার অফিসে যোগাযোগ করতে হবে।’ হূষিকেশ দাস রোড, একরামপুরআবর্জনায় অবরুদ্ধ পথসূত্রাপুরের একরামপুরে (কলুটোলা) একটি সাইনবোর্ড চোখে পড়ল। হূষিকেশ দাস রোডের পাশে এ সাইনবোর্ড দেখে আঁচ করা গেল। এখানে পূজা পালনের জন্য একটি কমিটি রয়েছে। কিন্তু সাইনবোর্ড লাগানো ঘর আর সামনের দৃশ্য দেখে আঁতকে উঠতে হয়। ঘরের দরজা-জানালা খোলা। সামনে বিশাল ময়লার ভাগাড়, তা মাড়িয়ে ঘরে যাওয়া দুষ্কর। এখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। এখানে কি সত্যিই কোনো পূজার আয়োজন করা হয়? আর এখানে ময়লা ফেলা হয় কেন?নাম প্রকাশে অনিচ্ছুকহূষিকেশ দাস রোড, একরামপুর, ঢাকা। এ বিষয়ে ডিসিসির অঞ্চল-১-এর পরিচ্ছন্নতা কর্মকর্তা নুরুল হোসেন খান জানান, খোঁজ নিয়ে ময়লা পরিষ্কার করার ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, ‘নির্দিষ্ট জায়গা কিংবা প্লট বা হোল্ডিং নম্বর থাকলে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি। না হলে তা খুঁজে বের করতেই সময় লেগে যায়।’