কী নাই, কী চাই
ফার্মগেটফুটওভারব্রিজ কি হকারের?ঢাকা শহরে মানুষের রাস্তা পারাপারের জন্য ফুটওভারব্রিজগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহূত হয় ফার্মগেটের ওভারব্রিজ। ফার্মগেট এলাকার রাস্তাগুলোর মাঝখানে সড়ক বিভাজক ও কাঁটাতার থাকায় ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবেই হোক, সড়ক পার হওয়ার জন্য ফুটওভারব্রিজের ওপর উঠতে হয়। কিন্তু এটি চলাচলের জন্য সুবিধাজনক নয়। ওভারব্রিজের ওপর চলছে হকারদের রমরমা ব্যবসা। তাই মানুষ এটির নাম দিয়েছে ‘ওভার হকার্স মার্কেট’। আবার এই ওভারব্রিজের অনেক জায়গায় বসে ভিক্ষুক। হকার ও ভিক্ষুকের দখলে থাকায় এই ওভারব্রিজ দিয়ে সাধারণ মানুষ রাস্তা পারাপারের সময় নানা বিড়ম্বনার শিকার হচ্ছে। নগরের ব্যস্ততম জায়গাগুলোর মধ্যে ফার্মগেট এলাকা অন্যতম। এ এলাকায় আছে ব্যাংক, বিমাসহ বিভিন্ন অফিস। আছে স্কুল, কলেজ ও কোচিং সেন্টার। সব মিলিয়ে এই ওভারব্রিজ দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী চলাচল করে। তাদের বিড়ম্বনার হাত থেকে রক্ষা করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আশরাফুল করিমশিক্ষার্থী, সরকারি তিতুমীর কলেজ এ বিষয়ে তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘আমরা প্রায়ই উচ্ছেদ অভিযান চালাই। তখন এসব হকার ও ভিক্ষুক উচ্ছেদ করা হয়। হকারদের মালামালও আটক করা হয়। কিন্তু হকাররা আবার বসে পড়ে এখানে।’ এর পরও উচ্ছেদ অভিযান চলতে থাকবে বলে তিনি জানান। খিলক্ষেতসড়কে টিলা!বীর উত্তম জিয়াউর রহমান সড়কের খিলক্ষেত থেকে বিমানবন্দর পর্যন্ত অংশে পাঁচটি ছোট টিলার মতো রয়েছে। ম্যানহোলের ঢাকনা সমতল সড়ক থেকে ঢালাই দিয়ে বেশ খানিকটা উঁচু করা হয়েছে। প্রতিদিন এ সড়কে অসংখ্য যান চলাচল করে। অথচ বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলরুম থেকে অদূরেই দেখা যায় এমন টিলা। ব্যস্ত এই সড়কের লেন দিয়ে প্রাইভেট কার, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করে। সেখানেই রয়েছে এসব টিলা। চলন্ত অবস্থায় সামনে এ রকম টিলার মতো জায়গা দেখলে যেকোনো চালক কিছুটা হলেও হতভম্ব হয়ে যান। এ অবস্থায় ব্রেক করাও ঝুঁকিপূর্ণ, ওপর দিয়ে যাওয়া তো আরও ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এগুলো সমতল করা হয়।মোহাম্মদ মহসীনখিলক্ষেত, ঢাকা। এ ব্যাপারে ঢাকা সড়ক বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী ফকির আবদুর রব বলেন, ‘সড়কে এমন উঁচু জায়গা আছে বলে আমাদের জানা নেই। তবে এ রকম উঁচু টিলার মতো থাকলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ কবি নজরুল সরকারি কলেজশিক্ষার্থী-বাস চাইঢাকার ঐতিহ্যবাহী কলেজগুলোর একটি কবি নজরুল সরকারি কলেজ। অতিপ্রাচীন এ শিক্ষাপ্রতিষ্ঠানটি দেশের শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ঢাকা ও আশপাশের বিভিন্ন শহর থেকে প্রতিদিন শত শত শিক্ষার্থী আসে ক্লাস করতে। কিন্তু কলেজের নিজস্ব কোনো বাস না থাকায় শিক্ষার্থীদের ভোগান্তির শেষ নেই। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে কলেজে আসতে হয়। আবার অনেক সময় পরিবহনের অভাবে শিক্ষার্থীরা ক্লাস ধরতে পারে না। এ ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। মো. কামরুল হাসানঅনার্স (দ্বিতীয় বর্ষ) হিসাববিজ্ঞান বিভাগকবি নজরুল সরকারি কলেজ, ঢাকা। এ বিষয়ে কবি নজরুল সরকারি কলেজের অধ্যক্ষ রওশন জাহান বলেন, ঢাকার প্রায় সব কলেজেরই নিজস্ব বাস আছে। এই কলেজেও বাস জরুরি। কেননা, অনেক শিক্ষার্থীই সময়মতো ক্লাসে উপস্থিত হতে পারে না। কিন্তু কলেজ কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও বাসের ব্যবস্থা করতে পারছে না বলে তিনি দাবি করেন। মিরপুর-১পানির সুষম বণ্টন চাইঢাকার মিরপুর-১ নম্বর সেকশনের কিয়ংসি চায়নিজ বাসস্ট্যান্ড-সংলগ্ন হাউজিং কলোনির পূর্ব পাশে ঢাকা ওয়াসার একটি পাম্প অবস্থিত। এই পাম্প থেকে দিনে ১২ ঘণ্টা শাহ আলীবাগ এবং বাকি ১২ ঘণ্টা আহম্মদনগর পাইকপাড়ায় পানি সরবরাহ করার কথা থাকলেও লোডশেডিংয়ের জন্য প্রায় তিন থেকে চার ঘণ্টা পাম্প বন্ধ থাকে। আবার মাঝেমধ্যেই পাম্প নষ্ট হয়ে গেলে পানি পাওয়া যায় না। মাঝেমধ্যে ওয়াসার পাম্পে গিয়ে দেখা যায়, মেইন লাইনের চাবি সম্পূর্ণ বন্ধ। অনুরোধে সামান্য খুলে দেওয়া হয়, কিন্তু তাতে পানির দেখা মেলে না। তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, এই পাম্প থেকে যেন পানির সুষম বণ্টন হয়। যতক্ষণ বিদ্যুৎ থাকে, মেইন লাইনের চাবি পুরোটা খুলে দিয়ে আহম্মদনগর-পাইকপাড়ায় পানি সরবরাহ করা হোক।বনিন আহমদআহম্মদনগর, মিরপুর-১ এ প্রসঙ্গে ঢাকা ওয়াসার মডস জোন-৪-এর নির্বাহী প্রকৌশলী মোবারক হোসেন সরকার বলেন, ‘কোনো অভিযোগ থাকলে আমাদের জোনাল অফিসে জানাতে হবে। জানার পরই আমরা ব্যবস্থা নেব।’