কী নাই, কী চাই
খিলগাঁও রেলগেটপ্রতিদিনই যাত্রী ভোগান্তিতিলপাপাড়া, গোড়ান, বাসাবো, মাদারটেক ও মুগদা এলাকার জনগণকে অপরিহার্যভাবেই খিলগাঁও রেলগেটের ওপর দিয়ে যাতায়াত করতে হয়। প্রতিদিন এ সড়ক দিয়ে হাজার হাজার কর্মজীবী মানুষ তাঁদের কর্মস্থলে যাওয়া-আসা করেন। বাহন হিসেবে ম্যাক্সি ও রিকশাই একমাত্র ভরসা। যানবাহন স্বল্পতার জন্য তাঁদের তীর্থের কাকের মতো ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। ভোগান্তি আরও চরমে ওঠে যখন ম্যাক্সি বা অন্যান্য গাড়ি আটকে চাঁদাবাজেরা চাঁদা তোলে। এই চাঁদা তোলা নিয়ে মাঝেমধ্যে গাড়ির চালক কিংবা সচেতন যাত্রীর সঙ্গে তাদের হাতাহাতি পর্যন্ত হয়। অশিক্ষিত চাঁদাবাজদের হাতে অফিসগামী ভদ্রলোকদের প্রায়ই নাজেহাল হতে হচ্ছে। পরিবহন সমিতির নামে একটি রসিদ বইয়ের মাধ্যমে তারা এ চাঁদাবাজি করে আসছে। সমিতি পরিচালনার জন্য প্রতি গাড়ি থেকে ৩০ টাকা হারে তারা চাঁদা তুলে থাকে। রাস্তায় দাঁড়িয়ে এভাবে উন্মুক্ত চাঁদাবাজি আর কত দিন চলবে?বোরহান বিশ্বাসখিলগাঁও, ঢাকা এ ব্যাপারে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, তাঁর এলাকায় চাঁদাবাজির কোনো অভিযোগ এখন পর্যন্ত পাওয়া যায়নি। অভিযোগ পেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আজিমপুর গোরস্থানফটক খোলা হোকনগরের অন্যতম বৃহৎ গোরস্থান হচ্ছে আজিমপুর গোরস্থান। বিভিন্ন এলাকা থেকে মানুষ মৃতদেহ কবর দিতে এখানে আসেন। এই গোরস্থানের পশ্চিম পাশে একটি, দক্ষিণ পাশে দুটি ও উত্তর পাশে একটি ফটক আছে। প্রধান ফটক সব সময় খোলা থাকলেও অন্যান্য ফটক শুধু ঈদ ও শবেবরাতের দিন খোলা থাকে। এ ছাড়া প্রতি শুক্রবার নির্দিষ্ট সময় পর্যন্ত খোলা থাকে। ফলে তখন সুবিধামতো ফটক দিয়ে গোরস্থানটিতে ঢোকা যায়। কিন্তু পূর্ব পাশে কোনো ফটক নেই। পূর্ব দিকে ফটক না থাকার কারণে অনেককে বেশ কিছুটা পথ ঘুরে আসতে হয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব পূর্ব পাশে একটি ফটক খোলা হোক।নাসির উদ্দিন আহমেদশিক্ষার্থীশেখ বোরহানউদ্দীন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ, ঢাকা। এ বিষয়ে জানতে চাইলে ডিসিসির সমাজকল্যাণ ও সাংস্কৃতিক কর্মকর্তা খন্দকার মিল্লাতুল ইসলাম বলেন, ‘আজিমপুর গোরস্থানের পূর্ব পাশে সরকারি কোয়ার্টার রয়েছে। এখন আবাসিক এলাকার ভেতর দিয়ে তো সাধারণ মানুষের চলার পথ হতে পারে না। এ জন্য পূর্ব পাশে কোনো ফটক করার সুযোগ নেই।’ শাহবাগফুটপাতে মৃত্যুফাঁদ!ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের কাছে শাহবাগে রয়েছে ফুলের দোকান, বাংলাদেশ জাতীয় জাদুঘর ও কেন্দ্রীয় গণগ্রন্থাগার। এসবের সামনে ফুটপাতে দেখা যায় অস্থায়ী দোকান। এগুলোয় তার ঝুলিয়ে বাতি জ্বালান ফুটপাতের ব্যবসায়ীরা। ফুটপাত দিয়ে যাওয়ার সময় এসব ঝুলানো তার পথচারীর মাথায় লাগে। কিন্তু এই খোলা তারের সঙ্গে সকেট থাকায় কিছু হয় না। এই তারগুলো খুবই নিম্নমানের হওয়ায় সামান্য ঝড়-বাতাসে এগুলো ছিঁড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দেখে মনে হয় না যে এগুলো বৈধ সংযোগ। এই ফুটপাত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ অনেক পথচারী যাতায়াত করে। তাই ফুটপাত ও রাস্তা থেকে হকার উচ্ছেদ করতে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।আরিফ হাসানশিক্ষার্থী, ইতিহাস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘আমরা প্রায়ই এদের উচ্ছেদ করি। দেখা যায়, উচ্ছেদের পর আবার বসে পড়ে। শাহবাগের এ জায়গায় আবার অনেকেই চা খায় আর আড্ডা দেয়। তারাও অনুরোধ করে দোকানগুলো উচ্ছেদ না করার জন্য। তবে আবারও উচ্ছেদ করা হবে হকারদের।’ শহীদ মনু মিয়া সড়ক, তেজগাঁওআমাদের কী দোষ?আমরা তেজগাঁওয়ের তিব্বত এলাকার বাসিন্দা। আশা করেছিলাম, এখানকার শহীদ মনু মিয়া সড়কটি সংস্কারের মুখ দেখবে। এলাকার হাজার হাজার ভুক্তভোগীর চাওয়া এটা। আমরা জোড়াতালি দেওয়া কোনো সড়ক চাই না। একটা সুন্দর ঝকঝকে রাস্তা চাই। যেমনটি স্বপ্ন দেখেছিলেন শহীদ মনু মিয়া, তাঁর প্রাণপ্রিয় দেশের জন্য। প্রিয় প্রশাসন, ছোট্ট করে আবারও লিখছি; তিব্বত মোড় থেকে আলকাতরা ফ্যাক্টরিসহ সংশ্লিষ্ট রাস্তাগুলো মেরামত করতে আমরা আপনাদের কাছে আবেদন করছি বারবার। আমরা আমাদের অধিকারের কথা বলতেই পারি। আমাদের দোষটা কী, আমরা অবহেলিত কেন?কাজী হেলেনা ইয়াসমিনতেজগাঁও, ঢাকা-১২০৮। এ বিষয়ে ডিসিসির অঞ্চল ৯-এর নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান জানান, সড়কটির সংস্কারের জন্য দরপত্র প্রক্রিয়া শেষ হয়েছে। ঈদুল আজহার পর পরই সড়কটির সংস্কারকাজ শুরু হবে।