কী নাই, কী চাই
শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালবসার জায়গা নেইদূর-দূরান্ত থেকে চিকিৎসার জন্য আসা শত শত রোগীকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় শহীদ সোহ্রাওয়ার্দী হাসপাতালের বহির্বিভাগে। সেখানে নেই পর্যাপ্ত বসার ব্যবস্থা। যে কয়েকটি বেঞ্চ রয়েছে, তা প্রয়োজনের তুলনায় খুবই কম। ফলে অসুস্থ রোগীরা দাঁড়িয়ে থাকতে থাকতে আরও অসুস্থ হয়ে পড়ে। এ ছাড়া খাতায় ক্রমিক নম্বর লেখা হলেও তা মানা হয় না সব সময়। গত ১৬ আগস্ট বেলা ১১টায় আমার জরুরি ব্লাড টেস্ট থাকলেও চিকিৎসকের সিরিয়াল পাই একটায়। আর ততক্ষণে বন্ধ হয়ে যায় রক্ত পরীক্ষাগার। এভাবে প্রতিদিন অনেক রোগীকে দুর্ভোগ ও হয়রানির শিকার হতে হয়। ব্যাপারগুলো তাই বিবেচনা করে প্রয়োজনীয় চিকিৎসক, আসনব্যবস্থা ও শৃঙ্খলার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। মো. আলী আহমেদহিসাববিজ্ঞান বিভাগ, দ্বিতীয় বর্ষ, সরকারি বাঙলা কলেজ, ঢাকা। দৃষ্টি আকর্ষণ করা হলে শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক এ কে এম মুজিবুর রহমান জানান, জানুয়ারি মাসে কলেজ শিফট হয়ে অন্য জায়গায় যাচ্ছে। তখন বহির্বিভাগের সেবা-কার্যক্রমের মান ও গতি বাড়বে বলে তিনি জানান। মণিপুর, মিরপুররাস্তা সংস্কার প্রসঙ্গেআমি মিরপুর-২ মণিপুরের বাসিন্দা। মিরপুর থানা থেকে মণিপুর উচ্চবিদ্যালয়ে যাওয়ার রাস্তা দুই বছর ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং স্যুয়ারেজের দুর্গন্ধযুক্ত পানি বের হচ্ছে। স্থানীয় সাংসদ কামাল আহম্মেদ মজুমদার কোনো সময় আমাদের এই দুর্ভোগ দেখেন না। বৃষ্টি হলে রাস্তায় হাঁটুসমান পানি হয়। বৃষ্টি ছাড়া প্রতিনিয়তই দুর্গন্ধযুক্ত পানি রাস্তার ওপর দিয়ে গড়িয়ে যায়। এলাকাবাসী সর্বদা পয়োনিষ্কাশনের ব্যবস্থা করছে। ওয়াসা বা সিটি করপোরেশনের কোনো সংস্থা এটি পরিচ্ছন্ন বা সংস্কার করে না।সৈয়দ নাছির উদ্দিন হোসেনমণিপুর, মিরপুর-২, ঢাকা। ডিসিসির ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল কাদের দাবি করেন, আসলে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে রাস্তাগুলোর উন্নয়নকাজ বারবার পিছিয়ে যাচ্ছে। তাই মণিপুর উচ্চবিদ্যালয়ের আশপাশের রাস্তার কাজ শুরু হবে কবে, তা আর বলা সম্ভব নয়। এ জন্য তিনি ডিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সার্কেল-২) আবদুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করতে বলেন। যোগাযোগ করা হলে আবদুর রাজ্জাক বলেন, রাস্তাগুলোর সংস্কারকাজ শুরুর প্রক্রিয়া চলছে। পানি নিষ্কাশন-ব্যবস্থা ভালো না হওয়ায় ওখানে পানি জমে যায়। তাই এবার সিমেন্টের ঢালাই দিয়ে রাস্তা করা হবে। হাজারীবাগ থানাথানার জন্য ভীতি আমরা ডিসিসির ৪৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। এই ওয়ার্ডে ২০০০ সালে হাজারীবাগ থানা স্থাপন করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। থানাটি স্থাপনের পর এ এলাকার অপরাধ কর্মকাণ্ড অনেক হ্রাস পেয়েছে। কিন্তু থানার পাশে বসবাসকারী ব্যক্তিদের নানা সমস্যা হয়। প্রতিদিন থানায় অসংখ্য মানুষের আনাগোনা। তা ছাড়া একটি অস্থায়ী ভাড়াবাড়ির মধ্যে থানাটি স্থাপন করা হয়েছে। থানার পাশে একটি খেলার মাঠ ও স্কুল রয়েছে। বিভিন্ন স্থান থেকে ক্ষত-বিক্ষত, ফাঁসি দেওয়া লাশগুলো মাঠে খোলা অবস্থায় রাখা হয়। এতে স্কুলগামী ছাত্রছাত্রীরা ভীত হয়ে পড়ে। তাই মাঠের পাশে পানির পাম্পের পেছনে থানাটি যদি স্থানান্তর করা হয়, তাহলে এলাকাবাসীর অনেক সুবিধা হবে। প্রধানমন্ত্রীর কাছে থানাটি দ্রুত স্থানান্তরে সাহায্য কামনা করছি।মো. নাসির উদ্দিন আহমেদ গজমহল, হাজারীবাগ, ঢাকা এ প্রসঙ্গে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, কোনো এলাকায় থানা থাকাটা অসুবিধার চেয়ে সুবিধাই বেশি। আগে এই এলাকা ছিল অপরাধপ্রবণ, এখন তা কমেছে। থানার নিজস্ব স্থায়ী ভবন করার জন্য জায়গা খোঁজা হচ্ছে। রায়েরবাজারসব রাস্তা অকেজোঢাকার অন্যান্য এলাকা থেকে রায়েরবাজার ঢোকার সব রাস্তার অবস্থাই বেহাল। কয়েক মাস আগে একাধিক রাস্তা খোঁড়াখুঁড়ি করে পয়োনিষ্কাশনের নালা উন্নয়ন করা হয়। তারপর রাস্তা আর মেরামত করা হয়নি। ফলে অনেক রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বিশেষ করে ধানমন্ডি ১৫ নম্বর সড়ক বাসস্ট্যান্ড থেকে রায়েরবাজারে যাওয়ার শেরেবাংলা সড়কটির অবস্থা অত্যন্ত করুণ। সড়কটি জায়গায় জায়গায় ভেঙে গেছে, জমে আছে কাদা-পানি। এ অবস্থায় রায়েরবাজারের বেহাল রাস্তাগুলো মেরামতের জন্য ডিসিসি উদ্যোগ নেবে বলে আশা করছি।ফৌজিয়া জাফরীমদিনা মসজিদ এলাকা, রায়েরবাজার। রায়েরবাজারের বেহাল রাস্তাগুলো মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান ডিসিসির অঞ্চল ৬-এর নির্বাহী প্রকৌশলী মেজবাহুল করিম। তিনি জানান, মোহাম্মদপুর, আদাবর, রায়েরবাজার এলাকার রাস্তাঘাট উন্নয়নের জন্য একটি বিশেষ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি একনেকে অনুমোদন হয়েছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে রায়েরবাজারের রাস্তাগুলোর সমস্যা আর থাকবে না।