কী নাই, কী চাই
আজমপুর, উত্তরারাস্তায় আবর্জনাঅভিজাত উত্তরার প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত আজমপুর এলাকা। নগরের নামকরা কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান রয়েছে এখানে। অথচ এই ব্যস্ত আজমপুরেই বাসস্ট্যান্ডের সঙ্গেই রয়েছে আবর্জনা ফেলার জায়গা। রাজউক কলেজের সামনে এই ময়লার স্তূপের কারণে এ পথ দিয়ে যাতায়াতকারী ছাত্রছাত্রী, অভিভাবক, কর্মজীবীসহ সব শ্রেণীর পথচারীদের দুর্ভোগ পোহাতে হয়। কর্তৃপক্ষের কাছে অনুরোধ, এই এলাকার আবর্জনা ফেলার জায়গাটি অন্য কোথাও সরিয়ে নেওয়া হোক।আকতার হোসেনউত্তরা, ঢাকা। আবর্জনা রাখার জায়গা অন্য কোথাও করা যায় কি না, জানতে চাইলে ডিসিসির অঞ্চল ১০-এর পরিচ্ছন্ন কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান, পরিচ্ছন্ন পরিদর্শকদের দিয়ে খোঁজখবর নিয়ে যথাযথ ব্যবস্থা নেবেন। আমিনবাজারফুট ওভারব্রিজ পেতে আর কত জীবন!ফুট ওভারব্রিজ পেতে আর কত জীবন বাজি রাখতে হবে? ঢাকা শহরে প্রবেশ করার জন্য অন্যতম মাধ্যম হলো ঢাকা-আরিচা মহাসড়ক এবং এই সড়কে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান হলো আমিনবাজার। অথচ এখানে কোনো নির্দিষ্ট বাসস্ট্যান্ড নেই। তাই কোনো নিয়মনীতি ছাড়াই সড়কজুড়ে যেখানে সেখানে থামছে বাস, ট্রাক ও অন্যান্য পরিবহন। এই সড়কের সঙ্গে রয়েছে কাঁচাবাজার, মাছের বাজার, কেন্দ্রীয় জামে মসজিদ, প্রাইমারি স্কুল, হাইস্কুল, কলেজ ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান। তা ছাড়া শত শত মানুষ এ সড়ক দিয়ে চলাচল করে। একটি ফুট ওভারব্রিজ না থাকায় জীবন বাজি রেখে দৌড়-ঝাঁপ দিয়ে সড়ক পারাপার হয়। ফলে প্রতি বছর প্রায় আট থেকে ১০ জন মানুষ প্রাণ হারায়। কর্তৃপক্ষের কাছে আবেদন, আমিনবাজারে মহাসড়কের ওপর যেন একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা হয়।মো. ওবায়দুল্লাহআমিনবাজার, সাভার, ঢাকা। এ বিষয়ে ঢাকা সড়ক বিভাগের (সওজ) একজন সংশ্লিষ্ট প্রকৌশলী জানান, আমিনবাজারের দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ফুট ওভারব্রিজ নির্মাণের পরিকল্পনা রয়েছে। নিয়মতান্ত্রিক প্রক্রিয়া শেষ হওয়ার পর সেখানে ফুট ওভারব্রিজের নির্মাণকাজ শুরু হবে। পূর্ব রাজাবাজারসরু রাস্তাডিসিসির ৪২ নম্বর ওয়ার্ডের আওতায় থাকা পূর্ব রাজাবাজারের ভেতরের সব রাস্তা এত সরু যে দুটো রিকশাও পাশাপাশি চলতে পারে না। বিশেষ করে রাজাবাজার মসজিদের দক্ষিণে যে রাস্তা গেছে, সেটা মানুষ চলাচলের জন্য একেবারে অনুপযোগী। ভূমিকম্পের মতো কোনো দুর্যোগে এখান থেকে উদ্ধারকাজ কোনোভাবেই সম্ভব হবে না। এ ছাড়া পান্থপথের আলিফ অ্যাম্বুলেন্স ও সাগুফতা বিল্ডার্সের মাঝখানে একটা রাস্তা বহুদিন ধরে পাকা করা হচ্ছে না। অথচ এই রাস্তার নিচ দিয়ে কয়েক মাস আগে ওয়াসার পয়োনিষ্কাশন নালার কাজ শেষ হয়েছে। এ রাস্তা পাকা করা এবং অন্য রাস্তাগুলো প্রশস্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।নাম প্রকাশে অনিচ্ছুকপূর্ব রাজাবাজার, ঢাকা। এ বিষয়ে ডিসিসির অঞ্চল ৬-এর নির্বাহী প্রকৌশলী মেসবাহুল করিম বলেন, ওই এলাকার কিছু ভাঙা রাস্তাঘাট সংস্কারকাজ দরপত্র প্রক্রিয়ায় আছে। তবে সরু রাস্তা চওড়া বাড়ানোর সুযোগ কম। কারণ রাস্তার আশপাশে রয়েছে বহুতল ভবন। বাড়িওয়ালারা যদি রাস্তার জন্য জায়গা ছেড়ে দেন, তবে চওড়া বাড়ানো যাবে। বেড়িবাঁধ সড়কভালো বাস চাইবাবুবাজার সেতু থেকে আমিনবাজার সেতু পর্যন্ত বেড়িবাঁধের সড়কে দুটি বাস কোম্পানি ও একাধিক লেগুনা যাত্রী পরিবহন করছে। এ পথে তুলনামূলক কম সময়ে গন্তব্যে পৌঁছানো যায়। এখানে বাসের সেবা ভালো নয়। বেশির ভাগ বাসের আসন ভাঙা, পথের মধ্যে প্রায়ই বাস বিকল হয়ে যায়। এ ছাড়া বাসভাড়ায়ও কোনো নিয়ম মানা হচ্ছে না। তাই সংশ্লিষ্টদের প্রতি আবেদন, এই সড়কপথে যেন আধুনিক বাস সার্ভিসের ব্যবস্থা করা হয়। এ ক্ষেত্রে বিআরটিসি ওই রুটে বাস চালু করলে যাত্রীদের উপকার হবে।নাসির উদ্দিন আহমেদশিক্ষার্থীশেখ বোরহান উদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ। এ বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) পরিচালক (অ্যাডমিন অ্যান্ড অপারেশন) এস এম ফয়সাল আলম বলেন, ওই রুটে বাস চালু করার পরিকল্পনা নেই। তবে ভবিষ্যতে করা যেতে পারে। সে ক্ষেত্রে বেড়িবাঁধ সড়কের পুরান ঢাকার বিভিন্ন অংশে যানজট কমানোর উপায় বের করতে হবে আগে। কারণ যানজটের জন্য এখন ওই রুটের যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা ব্যয় হয়।