কী মর্মান্তিক!
রাজধানীর মিরপুরে পাইকপাড়ার ছাপাখানা মোড় এলাকার একটি বাসার বাথরুম থেকে পুলিশ গতকাল রোববার রাতে ইরাম নামের নয় মাসের এক ছেলেশিশুর লাশ উদ্ধার করেছে। শিশুকে খুন করা হয়েছে বলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াজেদ আলী জানিয়েছেন। পুলিশ জানায়, নিহত শিশুটির বাবার নাম মোহাম্মদ সেলিম। তিনি মিরপুরে একটি কম্পিউটারের দোকানে কাজ করেন। তবে গতকাল লাশ উদ্ধারের পর থেকে তাঁকে পাওয়া যাচ্ছে না। এলাকার লোকজন সেলিমের কোনো খোঁজ জানে না বলে পুলিশকে জানিয়েছে। রাতে নয়টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফ্ল্যাটের বাথরুমের একটি প্লাস্টিকের বালতিতে রাখা শিশুটির মৃতদেহ উদ্ধার করে। বালতিতে অর্ধেক পানি ছিল। তার ভেতরে শিশুটি চুবানো ছিল।ঘটনাস্থল থেকে থানার একজন দারোগা প্রথম আলোকে বলেন, সেলিম তাঁর স্ত্রী ও এক সন্তান নিয়ে পাইকপাড়ার একটি চারতলা বাড়ির দ্বিতীয় তলায় বসবাস করেন। গত শনিবার স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হলে তাঁর স্ত্রী বাসা ছেড়ে চলে যান। শিশুটিকে নিয়ে সেলিম একাই ছিলেন। তবে ওই বাসায় নার্গিস নামের সেলিমের এক বোন থাকেন। তিনি মানসিক ভারসাম্যহীন। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, শিশুটির শরীরে কোনো জখমের চিহ্ন পাওয়া যায়নি। কিন্তু তার শরীর পানিতে চুবানো ছিল। ধারণা করা হচ্ছে, কেউ তাকে পানিতে ফেলে দিয়েছে। এ ব্যাপারে মিরপুর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।