কী যন্ত্রণা সইতে হচ্ছে শিশুটিকে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১১ বছরের কন্যাশিশুটির এখন দিন কাটে ঘরের ভেতরে। সে আর উঠানে ছোটাছুটি করে না আগের মতো। বাড়ির অন্য সমবয়সীদের সঙ্গে পুকুরে সাঁতার কাটে না। পাড়ার সহপাঠীদের সঙ্গে দল বেঁধে যায় না মাদ্রাসায়ও। কারণ, সে মা হতে চলেছে। ষষ্ঠ শ্রেণীর শিশুটিকে এই দুঃসহ জীবনে ঠেলে দিয়েছেন তার মাদ্রাসার শিক্ষক আবদুল জলিল। ৬০ বছর বয়সী জলিল তা স্বীকারও করেছেন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কালচোঁ (উত্তর) ইউনিয়নের কাপাইকাপ গ্রামে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী জানান, এ নিয়ে এলাকায় তিনবার সালিস বৈঠক হয়েছে। তাতে বিচারের নামে আশ্বাস আর বিয়ের নামে প্রহসন হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই ও গভর্নিং বডির সদস্য আবদুর রব খাঁ ঘটনা নিয়ে বাড়াবাড়ি না করার জন্য শিশুটির পরিবারকে চাপ দিয়ে আসছেন।নিরুপায় হয়ে শিশুটির বাবা গত ১৯ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালত-১-এ এজাহার দায়ের করেন। এজাহারটি ২৪ জানুয়ারি হাজীগঞ্জ থানায় এলেও ওসি মো. মিজানুর রহমান তা মামলা হিসেবে গ্রহণ করেন ২ ফেব্রুয়ারি। হাজীগঞ্জ থানার উপপরিদর্শক আনোয়ার হোসেনকে মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মামলায় আবদুল জলিলকে একমাত্র আসামি করা হয়। তাঁর বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার পেকদা গ্রামে।পরিবার, এলাকাবাসী ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, কাপাইকাপ মাদ্রাসার আরবির শিক্ষক আবদুল জলিল গ্রামের বকাউলবাড়িতে জায়গির থাকতেন। সকাল বেলায় বাড়ির কাচারিঘরে তিনি মাদ্রাসার ছাত্রছাত্রীদের প্রাইভেট পড়াতেন। গত বছরের ৩ আগস্ট অন্য ছাত্রছাত্রীদের ছুটি দিয়ে জলিল ষষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে কথা আছে বলে বসিয়ে রাখেন। অন্যরা চলে যাওয়ার পর জলিল ছাত্রীর মুখ চেপে ধরে ধর্ষণ করেন। এরপর মেয়েটি আর তার কাছে পড়তে যেতে রাজি হয়নি। শিশুটির মা ও বড় বোন প্রথম আলোকে বলেন, ...কিন্তু ঘটনাটি সে পরিবারের কাউকে জানায়নি। পরে শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে চাঁদপুরে চিকিৎসকের কাছে নেওয়া হয়। চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর জানান, সে অন্তঃসত্ত্বা। পরে সে শিক্ষক আবদুল জলিল তার সঙ্গে কী করেছে, তা জানায়। গত ৫ জানুয়ারি ছাত্রীর বাবা কাপাইকাপ আলিম মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাইকে ঘটনাটি জানান। অধ্যক্ষ ৬ জানুয়ারি মাদ্রাসার শিক্ষক ও গভর্নিং বডির সদস্যদের নিয়ে বৈঠক করে দুই লাখ টাকা কাবিনে বয়োবৃদ্ধ জলিলের সঙ্গে শিশুটির বিয়ের সিদ্ধান্ত দেন। শিশুটির বাবা বলেন, ‘অধ্যক্ষ সাহেব ৬ জানুয়ারি রাতে আমাকে মাদ্রাসায় বসিয়ে রেখে বাংলার শিক্ষক মহিউদ্দিন ও ছাত্র মাসুদকে আমার বাড়িতে পাঠিয়ে মেয়ের এজিন (সম্মতি) আনান। আমি অধ্যক্ষকে এ অসম বিয়ে মানা সম্ভব নয় বলে চলে আসি। রাত একটায় গণিতের শিক্ষক আবুল খায়ের, গভর্নিং বডির সদস্য আবদুর রব খাঁ ও এলাকার কয়েকজন জলিলকে নিয়ে আমার বাড়িতে হাজির হন। তাঁরা জলিলকে জামাই হিসেবে ঘরে নেওয়ার জন্য চাপাচাপি করেন। আমি রাজি না হওয়ায় তাঁরা চলে যান।’মাদ্রাসার অধ্যক্ষ আবদুল হাই প্রথম আলোকে বলেন, ঘটনাটির ধর্মীয় ও প্রচলিত আইন অনুযায়ী সুষ্ঠু সমাধানের জন্য এলাকার যুব সমাজকে দায়িত্ব দেওয়া হয়। জলিলের সঙ্গে শিশুটির বিয়ের বিষয়ে জানতে চাইলে অধ্যক্ষ ‘এটি এলাকার মানুষের সাজানো নাটক’ বলে এড়িয়ে যান। আবদুল জলিল এখন কোথায়—জানতে চাইলে আবদুল হাই বলেন, বিনা ছুটিতে মাদ্রাসায় অনুপস্থিত থাকায় ইতিমধ্যে জলিলকে দুবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু কোনোবারই উত্তর পাওয়া যায়নি। অভিযুক্ত আবদুল জলিল এলাকা ছেড়ে চলে গেছেন। মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, ‘ঘটনাটি যেভাবেই ঘটেছে, বিয়ের মাধ্যমে তার সমাধান হয়ে গেছে। এখন মেয়ের বাবা এ বিয়ে মেনে নিলেই হয়। মেয়ের বাবা এলাকার সালিস বৈঠক না মেনে আদালতে মামলা করেছেন, এটা তাঁর জন্য ক্ষতির কারণ হবে।’ বিয়ের কাবিন হয়েছে কি না, জানতে চাইলে জলিল বলেন, ‘কাবিনে আমি স্বাক্ষর দিয়েছি, মেয়ের স্বাক্ষর নেওয়া হয়নি।’ গভর্নিং বডির সদস্য আবদুর রব খাঁ বলেন, ‘আমরা মাদ্রাসা কমিটি ও এলাকাবাসী বসে মেয়েটির বিয়ে পড়িয়েছি। কিন্তু মেয়ের বাবা আমাদের সিদ্ধান্ত না মেনে আদালতে মামলা করেছেন। এতে ওই শিক্ষকের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে।’ স্থানীয় ইউপি চেয়ারম্যান শরীফ উল্যাহ পাটোয়ারী বলেন, ‘মেয়ের বাবা আমাকে ঘটনাটি জানিয়েছেন। কিন্তু এ বিষয় সমাধান করার ক্ষমতা আমার নেই।’ তিনি এই বর্বরোচিত কাজের জন্য শিক্ষক জলিলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হওয়া উচিত বলে মন্তব্য করেন। তদন্ত কর্মকর্তা হাজীগঞ্জ থানার এসআই আনোয়ার হোসেন বলেন, মামলার তদন্ত হচ্ছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘আমরা মামলাটি গুরুত্ব সহকারে দেখছি। মেয়েটি যেন সুবিচার পায়, সে জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে।’