কী শুরু আর কী শেষ!
প্রথম ৫ ওভারের ৩টি মেডেন, রান ১ উইকেটে ৬। ৪২ থেকে ৪৭—৬ ওভারে ৮৫ রান। এটা নিউজিল্যান্ডের ইনিংস। ১০ ওভার শেষে বিনা উইকেটে ৬৮। ২৯তম ওভারে ৬ উইকেটে ১৪৪। এটা বাংলাদেশের ইনিংস।নেপিয়ারে বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডের গল্পটা এতেই বলা হয়ে যায়!বাংলাদেশ অনেক হেরেছে, এর চেয়ে বড় ব্যবধানেও। নিউজিল্যান্ডের বিপক্ষেও তো এর চেয়েও বড় দুটি পরাজয় আছে। কিন্তু শুরু আর শেষে এমন বৈপরীত্য? খুঁজে পাওয়া কঠিন। সেটি যেমন বোলিংয়ে, তেমনি ব্যাটিংয়েও।শাহাদাতের প্রথম দুই ওভার মেডেন। নাজমুলের প্রথম ওভারও। ৪ ওভার শেষে নিউজিল্যান্ডের রান মাত্র ২। ব্যাটে প্রথম রানটি করতে ২২তম বল পর্যন্ত অপেক্ষা! এর মধ্যে আবার মিড অফ থেকে আশরাফুলের ডিরেক্ট থ্রোতে ফিরে গেছেন ‘ডেঞ্জারম্যান’ ব্রেন্ডন ম্যাককালাম।এটা তো সেই দিন, যেদিন বাংলাদেশ দল যা চায়, তা-ই হয়। এটা সেই দিন, যেদিন প্রতিপক্ষ হঠাত্ দেখে বাংলাদেশের খেলোয়াড়েরা সবাই বদলে গিয়ে বুকে আঁকা প্রতীকটির যোগ্য হয়ে উঠেছে।সেই দিন-সেই দিন হাওয়াটা নিউজিল্যান্ড ইনিংসের ৪০ ওভার পর্যন্তও বয়ে যাচ্ছিল ম্যাকলিন পার্কজুড়ে। স্কোরবোর্ডে ৬ উইকেটে ২০৬। নিউজিল্যান্ড কতই করবে? ২৫০? ২৬০? ঠিক আছে, ওরাম যখন আছেন, ২৭০-ই না হয় করল।শেষ ১০ ওভারে চার-ছয়ের ঝড় বইয়ে দিয়ে নিউজিল্যান্ড করল ৩৩৬!টসে জিতে ভেট্টোরি যখন ব্যাটিং নিলেন, এমন একটা অঙ্কই প্রত্যাশিত ছিল। নেপিয়ারের ম্যাকলিন পার্ক বোলারদের সবচেয়ে ঘৃণিত উইকেটের তালিকার শীর্ষেই থেকেছে সব সময়। এমন এক উইকেট ব্যাটসম্যানরা পারলে যেটিকে সব জায়গায় সঙ্গে করে নিয়ে যান। সেটি তো সম্ভব নয়। তবে উইকেট না হোক, কিউরেটরকে তো নিয়ে যাওয়া যায়। আইপিএলের সেমিফাইনাল-ফাইনালে চার-ছয়ের বন্যা বইয়ে দিতে ফিলিপ স্টয়ানফকে ভারতে উড়িয়ে নিয়েও গিয়েছিলেন লোলিত মোদি। বোলারদের গোরখাদক এই স্টয়ানফ নাকি ছিলেন ফাস্ট বোলার!যে উইকেটে এক অঙ্কের রানে আউট হয়েও ‘সেঞ্চুরি মিস হয়ে গেল’ বলে আফসোস করেন ব্যাটসম্যানরা, সেখানেই নিউজিল্যান্ডকে গলায় ফাঁস পরিয়ে দিয়েছিল বাংলাদেশের বোলাররা। সেই ফাঁস আলগাও করে দিলেন তাঁরাই। শেষ ১০ ওভারে ১৩০ রান ওঠায় কিউই ব্যাটসম্যানদের যতটা কৃতিত্ব, বাংলাদেশের বোলারদের তার চেয়ে কম নয়। ওয়াইড, ফুল টস, লং হফ—বোলিংয়ের খাতায় নৈবচ নৈবচ শিরোনামের নিচে লেখা সবই তারা উপহার দিয়ে গেলেন একের পর এক।যে শাহাদাতের প্রথম স্পেল ৫-২-১৫-১ (৪ ওভার শেষে ছিল ৪-২-৯-১), নবম ও শেষ ওভারে তিনিই দিলেন ২৫ রান! নাজমুলের প্রথম ৫ ওভারে ২১ রান, শুধু অষ্টম ওভারেই দিয়ে ফেললেন এর চেয়ে ১ রান বেশি!শেষের ওই ধ্বংসযজ্ঞে একমাত্র ব্যতিক্রম শফিউল। শেষ ২ ওভারে ১২ রানে ৩ উইকেট। কিন্তু এর আগে তিনিও ব্যাপক ধোলাইয়ের শিকার। তার পরও মাত্র তৃতীয় ওয়ানডেতে ৪ উইকেট প্রাপ্তিকেই হয়তো মনে রাখবেন এই তরুণ, ৬৮ রানকে নয়।ব্যাটিং পাওয়ার প্লের শেষ ওভারে শফিউলের মাত্র ৪ রান দিয়ে ২ উইকেট। তার পরও বোলারদের হাত-পা বেঁধে দেওয়ার ওই ৫ ওভারে রান উঠেছে ৮২। অগ্রণী ভূমিকায় অবশ্যই ওরাম। দুই বছর আগে এই মাঠেই বাংলাদেশকে পুড়িয়েছিলেন ৩১ বলে ৫৫ রানের এক ঝোড়ো ইনিংস খেলে। সেটিকে ঝোড়ো বললে কালকেরটিকে কী বলবেন? হারিকেন?মাত্র ২৮ বলে হাফ সেঞ্চুরি। পরের ১২ বলে ৩০ রান করে ৪০ বলে ৮৩। নিল ব্রুমের সঙ্গে সপ্তম উইকেটে মাত্র ৬৩ বলে ১২৭ রানের জুটি। ব্রুম করলেন ৭৩ বলে ৭১। ১৭ নম্বর ম্যাচে প্রথম ওয়ানডে ফিফটি। মাহমুদউল্লাহর বলে মুশফিকুর ক্যাচ না ফেললে অবশ্য ২৬ রানেই ফিরে যেতে হয় তাঁকে।মুশফিকুরের ওই ব্যর্থতা বাংলাদেশের অসাধারণ ফিল্ডিংয়ে একমাত্র কালি। ও হ্যাঁ, ওরামও কঠিন একটা সুযোগ দিয়েছিলেন। নাজমুলের বল তুলে দিয়েছিলেন ওয়াইড মিড অনের আকাশে। নাজমুল দৌড় লাগালেন, মিড উইকেট থেকে মাহমুদউল্লাহও। কার ক্যাচ—এ নিয়ে মুহূর্তের দ্বিধাই হয়তো সর্বনাশটা করল। ওরাম তখন মাত্র ৩০।বলে ঠিকমতো হাতও লাগেনি বলে এটিকে ঠিক ক্যাচ ফেলা বলা যাচ্ছে না। বরং যে ক্যাচিং নিয়ে এত দুশ্চিন্তা ছিল, এই ম্যাচে তা অনেকটাই দূর। বোলিংয়ের শুরুটা আর এই ফিল্ডিংটাই কালকের ম্যাচ থেকে মনে রাখতে চাইবে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুটাও হয়তো। তামিম ইকবাল ও ইমরুল কায়েসের ৭১ রানের জুটির কল্যাণে ১৮.৫ ওভারে স্কোরবোর্ডে ১০০। কাকতালীয়ভাবে নিউজিল্যান্ড ইনিংসেও তা-ই ছিল। কী আশ্চর্য, ২ উইকেটেও দুই দলের মিল।মিলটা আরও কিছুক্ষণ চলল। ২৬.১ ওভারে ১৩৫ রানে পড়েছিল নিউজিল্যান্ডের পঞ্চম উইকেট। বাংলাদেশের পড়ল ১৩২ রানে, ওভার ২৭.১।ওখানেই মিলের শেষ। এর পরও নিউজিল্যান্ডকে আকাশে নিয়ে যেতে ভেট্টোরি-ব্রুম-ওরাম ছিলেন। বাংলাদেশ দলে ওরামের মতো বিগ হিটার কেউ আছে নাকি? মান বাঁচানোর লড়াইও ব্যর্থ, কারণ ‘বিখ্যাত’ লেট-অর্ডার এ দিন ভঙ্গুর মিডল-অর্ডারেরই অনুগামী। মিডল-অর্ডার? মিডল-অর্ডার বলে বাংলাদেশের কিছু ছিল নাকি! অমন একটা শুরুর পর আশরাফুল (৫), রকিবুল (৯), সাকিব (৮) ও মুশফিকুরের (৮) মিলিত অবদান ৩০ রান!দুই বছর আগে নেপিয়ার ওয়ানডেতে নিউজিল্যান্ড করেছিল ৩৩৫। বাংলাদেশ ৪৩ ওভারে ৬ উইকেটে ১৮১ রান করার পর নেমেছিল বৃষ্টি। কাল নিউজিল্যান্ড ৩৩৬। বাংলাদেশ ১৯০।কী বলবেন, ইতিহাসের পুনরাবৃত্তি?