তিন বছরের মিরাজ ভারি দুষ্টু। কাউকে পরোয়া করে না। খালি গায়ে ধুলাবালুতে গড়াগড়ি খায়। মাঝে মাঝে নিখোঁজ মায়ের ছবি কামড়ায়। মা কোথায় জানতে চাইলে একগাল হেসে ছবি দেখায়। মিরাজ বোঝে না সাইরেন বাজিয়ে কেন একটু পর পর স্কুলের মাঠে গাড়ি ঢোকে, কেনই বা তার নানি দিগিবদিক জ্ঞানশূন্য হয়ে ছোটেন, কী খোঁজেন সাদা ব্যাগের ভেতর।
গত ১৬টি দিনের মতো গতকাল শুক্রবারও মিরাজকে নিয়ে তার নানি রাহেলা বেগম এসেছিলেন অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে। মিরাজের মা মালা আক্তার নিখোঁজ। স্বজনেরা জানান, বছর তিনেক আগে মিরাজের গাড়িচালক বাবা মোহর আলী সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। যে নানি মেয়ের উপার্জনের ওপর নির্ভরশীল ছিলেন, তাঁর ওপরই নাতি মিরাজের লালন-পালনের ভার এসে পড়ল। অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে যখন রাহেলা বেগমের সঙ্গে দেখা হয়, তখনো তাঁর চোখ বেয়ে গড়িয়ে পড়ছে পানি। মুখের ওপর ভন ভন শব্দ করে বসছে মাছি। আর বাতাসে লাশের তীব্র গন্ধ।
মিরাজের নানি রাহেলা বেগম প্রথম আলোকে বলেন, মেয়ে মালা পোশাক কারখানায় চাকরি নেওয়ার পর থেকে নাতি রাজবাড়ীতে তাঁর কাছে থাকে। রানা প্লাজা ধসের চার দিন আগে মালা ছেলেকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছিলেন। ফোন করে মাকে বলেছিলেন, ‘তুমি এখনই আমার ছেলেরে নিয়া আইসা পড়ো। এক্ষণ আসো। মিরাজরে না আনলে তুমি আমার মরা মুখ দেখবা।’ এক মুহূর্ত দেরি না করে রাহেলা মিরাজকে নিয়ে চলে আসেন সাভারে।
স্বজনেরা জানান, অল্প বয়সে স্বামীকে হারানোর পর পরিবার থেকে মালাকে বিয়ের জন্য চাপ দেওয়া হচ্ছিল। মালা পরিবারের কারও কথায় কান দেননি। মাকে বলেছিলেন, তিনি ছেলের ভবিষ্যৎ করতে চান। ছেলে বড় হবে, লেখাপড়া শিখবে, সংসারের কষ্ট ঘোচাবে। টিপে টিপে খরচ করতেন মালা। বাড়িতে টাকা পাঠানোর চিন্তায় ভুলে ছিলেন নিজের আরাম। নিখোঁজ হওয়ার কদিন আগে ছেলের জন্য একটা চৌকি বানিয়ে বলেছিলেন, কোনো দিন মিরাজ যেন মাটিতে না ঘুমায়। ঘরে মেহমানজন যে-ই আসুক, মিরাজের যেন কোনো কষ্ট না হয়।
পুরোনো সব স্মৃতি মনে করে রাহেলা বেগম কাঁদেন। বলেন, ‘যদি জানতাম মালার এমন হবে, দড়ি দিয়া বাইন্ধা রাখতাম।’
রানা প্লাজা ধসে ঠিক কত শিশু তাদের বাবা-মাকে হারিয়েছে, সেই তথ্য নেই কারও কাছে। অধরচন্দ্র বিদ্যালয়ের মাঠে স্বেচ্ছাসেবকদের ছোটাছুটি, লাইনে দাঁড়িয়ে স্বজনের লাশ খোঁজা, নিয়মিত বিরতিতে মৃতদের আত্মার শান্তির জন্য দোয়া—সবই চলছে। শিশুদের ভবিষ্যতের কথা ভেবে কাঁদছে তাদের স্বজনেরা। তারা কিন্তু বোঝে না কিছুই। কখনো কাঁদে, কখনো জেদ ধরে, কখনো হাসে।