কী ‘খবর আছে’ জনগণ জানতে চায়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপির ১২ মার্চের কর্মসূচি নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘খবর আছে’ বলে যে মন্তব্য করেছেন, তা অত্যন্ত নিম্নমানের বক্তব্য। বিএনপির কর্মসূচি সামনে রেখে প্রধানমন্ত্রী ও অন্য মন্ত্রীদের বক্তব্য জনমনে আতঙ্ক সৃষ্টি করছে অভিযোগ করে তিনি বলেন, কী খবর আছে জনগণ তা জানতে চায়। আজ রোববার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এ কথা বলেন। ইয়ুথ ফোরাম নামের একটি সংগঠন ‘প্রতিহিংসার রাজনীতি: সংকটের আবর্তে বাংলাদেশ’ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে।এতে খন্দকার মোশাররফ অভিযোগ করেন, আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি ও বক্তব্যের মাধ্যমে দেশকে রাজনৈতিক সংঘাতের দিকে ঠেলে দিতে চাইছে। এ ধরনের কিছু হলে তার দায় সরকারকেই নিতে হবে।প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে খন্দকার মোশাররফ বলেন, ‘আপনার হাতে অনেক গোয়েন্দা সংস্থা আছে। দেশি-বিদেশি যোগাযোগ আছে। নিশ্চয় আপনি আমাদের চেয়ে বেশি খবর জানেন। জনগণ সেই খবর জানতে চায়।’ মোশাররফ বলেন, প্রধানমন্ত্রীর কাছে খবর আছে যে ১২ মার্চের মহাসমাবেশ হবে ৪০ বছরের মধ্যে সবচেয়ে বড় মহাসমাবেশ। এ কারণে সরকারে অশান্তি ও মনস্তাত্ত্বিক অস্থিরতা সৃষ্টি হয়েছে। তিনি বলেন, দেশের রাজনৈতিক সংকটের মূলে রয়েছে প্রতিহিংসার রাজনীতি। এই রাজনীতি থেকে বের হতে না পারলে রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা যাবে না। তাঁর অভিযোগ, স্বাধীনতার পর আওয়ামী লীগই এই প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেন, ‘আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে।’ তিনি ১২ মার্চের কর্মসূচি থেকে এক দফা ঘোষণার দাবি জানান।