কীটনাশকের পরিবর্তে ফাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শস্য-উদ্বৃত্ত জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় পরীক্ষামূলকভাবে কীটনাশকের পরিবর্তে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করে ব্যাপক সাফল্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে ১০ জন কৃষক এ নতুন পদ্ধতিতে সবজি চাষ করে সাফল্য পেয়েছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় অবশ্য জানিয়েছে, তাদের তত্ত্বাবধান ছাড়াও প্রায় অর্ধশত কৃষক এই পদ্ধতি প্রয়োগ করে সাফল্য পেয়েছেন। উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সূত্রে পাওয়া তথ্যানুযায়ী, উপজেলার ১০ জন কৃষককে ছয় মাস আগে কীটনাশক ব্যবহারের পরিবর্তে সেক্স ফেরোমন ফাঁদ-পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেওয়া হয়। সে অনুযায়ী কৃষকেরা ওই পদ্ধতি ব্যবহার করে ব্যাপক সফলতা পান।আমাদের দেশের অধিকাংশ কৃষক অশিক্ষিত। তাঁরা জমিতে কীটনাশক ব্যবহারের পরপরই পোকা মারা যায়, এ রকম পদ্ধতিই পছন্দ করে। কিন্তু এটাও সত্য যে কীটনাশক প্রয়োগ করা ওই সব সবজি মাঠ থেকে সংগ্রহ করেই সরাসরি বাজারে বিক্রি করা হয়। আর সেই বিষাক্ত সবজি খেয়ে সাধারণ মানুষ নানা ধরনের অসুখে আক্রান্ত হচ্ছে। এ অবস্থা থেকে মানুষকে রক্ষা করতেই কৃষকদের বিকল্প ফেরোমন ফাঁদ প্রয়োগ করে জমির পোকামাকড় নিয়ন্ত্রণে উদ্বুদ্ধ করা হচ্ছে বলে ক্ষেতলাল কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিউর রহমান জানান।উপজেলায় পরীক্ষামূলকভাবে সেক্স ফেরোমন ফাঁদ ব্যবহার করা ১০ কৃষকের মধ্যে বক্সিপাড়া গ্রামের বেলাল হোসেন, কুসুম শহরের ওমবেকা চন্দ্র, ভূতপাড়া গ্রামের রবীন্দ্র চন্দ্র জানান, এ পদ্ধতির খরচ কম হওয়ায় একদিকে যেমন টাকা সাশ্রয় হয়, অন্যদিকে কীটনাশকমুক্ত সবজি পাচ্ছে সাধারণ মানুষ। কৃষি কর্মকর্তা মতিউর রহমান জানান, কীটনাশক দিয়ে নয়, প্রাকৃতিকভাবে শাকসবজি উৎপাদন করতে কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। তিনি আরও জানান, ‘সেক্স ফেরোমন পদ্ধতি এলাকায় দ্রুত জনপ্রিয় করতে আমরা কাজ করছি। শিগগিরই ক্ষেতলালকে কীটনাশকমুক্ত এলাকা ঘোষণা করার আশা প্রকাশ করেন তিনি।’