বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ (বুয়েট) বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আন্দোলনের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কঠোর পদক্ষেপের বদলে আমরা আলাপ-আলোচনার মাধ্যমে বুঝিয়ে-সুঝিয়ে সমাধান করতে চাই। তবে কীভাবে কঠোর হতে হয়, সেটাও আমাদের জানা আছে।’ আজ শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে এক যৌথ সভার শুরুতে শেখ হাসিনা এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর বক্তব্য সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল। তবে প্রধানমন্ত্রীর সূচনা বক্তব্যের পর রুদ্ধদ্বার বৈঠক হয়। এতে আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা ছাড়াও সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী বুয়েটের চলমান অচলাবস্থার জন্য শিক্ষক ও আন্দোলনরত শিক্ষার্থীদের ভূমিকার সমালোচনা করেন। তিনি বলেন, ‘যেসব শিক্ষক নিজের সহকর্মীদের অপমান করেছেন, তাঁরা যে ভবিষ্যতে অপমানের শিকার হবেন না, কে বলতে পারে। যেসব ছাত্রকে ব্যবহার করছেন, তারাও যে আপনাদের অপমান করবে না, সেটা কে বলতে পারে। আপনার ছেলেকে বেয়াদব বানালে সে ছেলে আপনাকেও একদিন চড় মারবে। আপনারা ছাত্রদের যে জিনিস শেখাচ্ছেন, সে পরিস্থিতির শিকার আপনারাও হতে পারেন।’ শেখ হাসিনা আরও বলেন, ‘সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে, একটি ছেলে একটি মেয়ের গা থেকে রক্ত নিচ্ছে। এর মধ্যে কী বাহবা আছে, আমি বুঝতে পারি না! সিরিঞ্জ দিয়ে রক্ত নিয়ে সিঁড়িতে ঢেলে দেওয়া হচ্ছে। এ ধরনের বিকৃত মানসিকতা ছাত্রছাত্রীদের মধ্যে কীভাবে আসে?’ আওয়ামী লীগের সভানেত্রী আরও বলেন, ‘হাজার হাজার ছাত্রছাত্রীর জীবন নিয়ে খেলার অধিকার কারও নেই। আমরা চাই, শিক্ষাপ্রতিষ্ঠানে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। সমস্যা হলে আমরা আলাপ-আলোচনা করি। আমার সঙ্গে শিক্ষকেরা বসেছিলেন। কিন্তু দুর্ভাগ্য, আমার সঙ্গে বসে যে কথা দেওয়া হয়েছিল, সে কথা রাখা হয়নি।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘রাষ্ট্রপতি উপাচার্য নিয়োগ দেন। কিন্তু ওকে পছন্দ নয়, একে পছন্দ নয়; কে থাকবে, কে থাকবে না—হঠাত্ কিছু ছাত্র, কিছু শিক্ষক নেমে গেলেন। তারপর রাতের অন্ধকারে উপাচার্যের কার্যালয় দখল, উপাচার্যের ছবি নামিয়ে দেওয়া। এটা ঠিক নয়। একেক সময় একেকজনের বিরুদ্ধে আন্দোলন হচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ছাত্রছাত্রীরা।’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্যবিরোধী আন্দোলন সম্পর্কে শেখ হাসিনা বলেন, ‘যে উপাচার্যের বিরুদ্ধে আন্দোলন করা হলো, উপাচার্য নিয়োগের ভোটে তিনি সর্বাধিক ভোট পেলেন। তাহলে এই আন্দোলন কেন? যাঁরা উপাচার্যবিরোধী আন্দোলন করলেন, তাঁরা কি লজ্জা পাননি?’তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও এক-এগারোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, ‘এই ভূত এখনো সরে যায়নি। যারা সে সময় হালুয়া-রুটি পেয়েছিল, সে সময় যারা সোচ্চার ছিল, তারাই বর্তমান সরকারের দোষ-ত্রুটি খোঁজে বেড়ায়। তারাও রেহাই পাবে না।’ প্রধানমন্ত্রী আরও বলেন, ‘বিএনপি দুর্নীতি ও দলীয়করণের মাধ্যমে পুরো ব্যবস্থা নষ্ট করে গেছে। এরপর তত্ত্বাবধায়ক সরকারের ভীতিকর অবস্থা আসে। তত্ত্বাবধায়ক সরকার এসে ধর-মার আর মামলা দেওয়ায় ব্যস্ত ছিল। সব শ্রেণীর মানুষের ওপর জুলুম-নির্যাতন হয়। এটা মনে রাখতে হবে। এ ধরনের ভীতিকর ব্যবস্থা আর যেন ফিরে না আসে।’ শেখ হাসিনা বলেন, তাঁর সরকার বিদ্যুত্ উত্পাদন বাড়িয়েছে। খাদ্য উত্পাদন বৃদ্ধি করেছে। মূল্যস্ফীতি কমিয়েছে। সাক্ষরতার হার বাড়িয়েছে। প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘বিএনপি পাঁচ বছরে এবং তত্ত্বাবধায়ক সরকার দুই বছরে কেন পারল না?’ তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেত্রী টাকা বানান, কালোটাকা সাদা করেন। তাঁর অর্থমন্ত্রীও কালো টাকা সাদা করেন। তাঁর ছেলেদের মানি লন্ডারিং আন্তর্জাতিকভাবে প্রমাণিত। তত্ত্বাবধায়ক সরকারে তো সুশীল সমাজের উচ্চপর্যায়ের লোক ছিল।’ প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকারের আমলে সব মিলিয়ে পাঁচ হাজার ১৮৩টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি দাবি করেন, এত শান্তিপূর্ণ নির্বাচন কখনো হয়নি। কেউ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলতে পারেনি। সরকার সাংবিধানিক অধিকারে বিশ্বাস করে বলেই কোনো কিছুতে হাত দেয়নি। যৌথ সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ প্রমুখ।