প্রয়োজনে ১৩ দফা দাবি আদায়ে এক মাস মতিঝিলে অবস্থানের ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী। সংগঠনের আমির আল্লামা শাহ আহমদ শফীর পরবর্তী নির্দেশেই কর্মসূচি শেষ হবে বলে তিনি উল্লেখ করেন।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের জবাবে হেফাজতের সমাবেশ থেকে বলা হয়েছে, ‘আগামীকাল রাতে কীভাবে পালাবেন তার প্রস্তুতি নিন।’এদিকে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ শফী গতকাল সন্ধ্যায় লালবাগ মাদ্রাসা থেকে মতিঝিলে সমাবেশস্থলে যাওয়ার জন্য রওনা দেন। মাঝপথে গিয়ে ফেরত আসেন।পূর্বঘোষণা অনুযায়ী ঢাকার ছয়টি প্রবেশপথে অবরোধ শেষে বেলা দুইটার থেকে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ শুরু হয়। এর আগে শনিবার পুলিশের কাছে সমাবেশের জন্য অনুমতি চাওয়া হয়। গতকাল দুপুরে পুলিশ সমাবেশের অনুমতি দেয়। তার আগেই বেলা ১১টা থেকে বিভিন্ন অবরোধস্থল থেকে হেফাজতের কর্মীরা মতিঝিলের দিকে আসতে থাকেন। দুটি ট্রাক জোড়া দিয়ে বানানো অস্থায়ী মঞ্চে রাত সাড়ে ১১টায় এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সমাবেশ চলছিল। প্রায় নয় ঘণ্টার সমাবেশে অর্ধশতাধিক কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও আঞ্চলিক পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এতে সভাপতিত্ব করেন হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী। এর মাঝে নামাজের বিরতি, মাঝে মাঝে জিকির, দোয়া-দরুদ, ইসলামি গানের মাধ্যমে কর্মীদের উজ্জীবিত রাখার চেষ্টা করা হয়।গতকালের সংঘর্ষে নিহত তিন ব্যক্তির লাশ রাত নয়টা পর্যন্ত সমাবেশস্থলে আনা হয়। এ সময় উত্তেজনার সৃষ্টি হয় কর্মীদের মধ্যে। রাত ১০টার পর অনেকেই সমাবেশস্থল ছাড়তে শুরু করেন।মাগরিবের নামাজের পর হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী বলেন, ‘আমাদের আমির শেষ কর্মসূচি ঘোষণা করবেন। ১৩ দফা দাবি আদায়ে প্রয়োজনে এক মাস অবস্থান নেব।’ তিনি বলেন, ‘শান্তিপূর্ণ অবরোধ ও সমাবেশে পুলিশ আমাদের কর্মীদের গুলি করে হত্যা করেছে। তাঁরা শাহাদাতবরণ করেছেন। আমরা শপথ নিচ্ছি, এই রক্ত বৃথা যেতে দেব না। তাদের রক্তের ওপর ইসলাম প্রতিষ্ঠা করব। এ দেশে নাস্তিকদের কবর রচনা করব।’হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ দাবি করেন, সংখ্যালঘু সমপ্রদায় ও বিভিন্ন দূতাবাসে হামলা করে তা হেফাজতে ইসলামের ওপর চাপানোর ষড়যন্ত্র চলছে। তিনি সব সংখ্যালঘু সমপ্রদায় ও দূতাবাসের নিরাপত্তার দাবি করেন। সভাপতির বক্তব্যে হেফাজতের ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক নূর হোসাইন কাসেমী বলেন, ইসলামের ইতিহাস শাহাদাতের ইতিহাস। আলেমরা কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করেননি।হেফাজতের নগর কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুর রব ইউসূফী বলেন, রানা প্লাজার শত শত পোশাকশ্রমিকের রক্ত পান করেও এ সরকারের রক্তের পিপাসা মেটেনি। তাই এখন হেফাজতের কর্মীদের রক্ত পান শুরু করেছে। সন্ধ্যা ছয়টার পর সমাবেশ শেষ না করলে ব্যবস্থা নেওয়া হবে— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের এ বক্তব্য প্রসঙ্গে প্রয়াত শায়খুল হাদিস আল্লামা আজিজুল হকের ছেলে মাওলানা মামুনুল হক বলেন, ‘আমরা আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছি। আগামীকাল রাতে কীভাবে পালাবেন, সে প্রস্তুতি নিন।’সমাবেশে নায়েবে আমির মাওলানা আবদুল লতিফ নেজামী, মাওলানা আবদুর রকিব, মাওলানা মজিবুর রহমান হামিদী, মাওলানা শাহীনুর পাশা, মাওলানা সাখাওয়াত হোসাইন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ থেকে আমাদের দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি ও পত্রিকার প্রেস খুলে দেওয়ার দাবি জানানো হয়।