কীর্তনখোলা নদীর অবৈধ দখল বন্ধের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের কীর্তনখোলা নদীর অভ্যন্তরে অবৈধ দখল, মাটি ভরাট ও প্লট বরাদ্দ ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বরিশালের জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন অবিলম্বে আদালতে দাখিল করতে বলা হয়েছে।আজ মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ-সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানির পর এ নির্দেশ দেন।একই সঙ্গে সিএস ও আরএস রেকর্ড অনুসারে নদীর প্রকৃত অবস্থান নির্ধারণে কমিটি গঠনের মাধ্যমে জরিপের সাহায্যে সীমানা নির্ধারণ করে প্রতিবেদন আকারে তিন মাসের মধ্যে আদালতে দাখিল করতে বলা হয়েছে। বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসককে (রাজস্ব) এ নির্দেশ দেওয়া হয়েছে।‘কীর্তনখোলা ভরাট করে প্লট!’ শিরোনামে ২ মার্চ প্রথম আলোয় একটি প্রতিবেদন ছাপা হয়। এ প্রতিবেদন যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আজ রিট আবেদনটি করা হয়। আদালতে এ আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন।প্রাথমিক শুনানি শেষে অন্তর্বর্তীকালীন এ নির্দেশনার পাশাপাশি রুলও জারি করেন আদালত। কীর্তনখোলা নদীটি ভূমিদস্যু ও মাটি ভরাটের হাত থেকে রক্ষায় প্রশাসনের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। একই সঙ্গে নদীটির অভ্যন্তরে মাটি ভরাট, প্লট বরাদ্দ ও অবৈধ দখল বন্ধে কেন নির্দেশ দেওয়া হবে না, এ মর্মেও কারণ দর্শাতে বলেছেন আদালত।ইতিমধ্যে দখল ও ভরাট হয়ে যাওয়া মাটি সংশ্লিষ্ট ব্যক্তিদের নিজ খরচে অপসারণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা-ও রুলে জানতে চাওয়া হয়েছে।স্থানীয় সরকারসচিব, অভ্যন্তরীণ নৌপরিবহনসচিব, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান, বরিশাল সিটি করপোরেশনের মেয়র, জেলা প্রশাসক, পুলিশ সুপার, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালকসহ ১০ বিবাদীকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।