কুককে সাকিবের উপহার
সাকিব আল হাসান হাসেন। অ্যালিস্টার কুকও হাসেন। সাকিব হাসেন টসে জিতে। ইংল্যান্ড অধিনায়ক কুক হাসেন টসে হেরেও আগে ব্যাটিং পেয়ে। টসে জিতলে তিনি নাকি ব্যাটিংই নিতেন! সাকিবের হাসিটা দিন শেষ হতে হতে গোধূলির মতোই ম্লান। আর কুকের সকালের হাসি শেষ বিকেলে আরও বেশি উজ্জ্বল। স্কোরবোর্ডে ৩৭৪ রান তো আছেই, নিজের নামের পাশেও যে জ্বলজ্বল করছে অপরাজিত ১৫৮ রান!কুকের ১১তম টেস্ট সেঞ্চুরি। মাত্র ১ রানের জন্য সেঞ্চুরির হাহাকার থাকলেও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম কেভিন পিটারসেনের জন্যও হয়ে গেল ফিরে আসার বটিকা। ইংলিশদের নান্দনিক ব্যাটিংয়ে তার পরও চোখ আটকে থাকল না কারও। সাধারণ দর্শক থেকে ভিআইপি গ্যালারি হয়ে প্রেসবক্স—সবখানেই ক্রিকেট উপভোগের তাল কেটে দেয় একটা প্রশ্ন, এই উইকেটে টসে জিতেও কেন আগে ব্যাটিং নিলেন না সাকিব? দিন শেষের সংবাদ সম্মেলনে কোচ জেমি সিডন্স একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। যদিও স্কোরবোর্ডই বলে দিচ্ছে সেই ব্যাখ্যা কতটা গ্রহণযোগ্য।প্রথম দিনে উইকেটে বল টার্ন করবে কি করবে না, সে ভাবনার চেয়ে শেষ দিকে উইকেটে বল না ঘোরার আশঙ্কাটাই টসে জিতে আগে বোলিং নেওয়ার মূল কারণ। ইংল্যান্ডকে স্পিনে কাবু করার পরিকল্পনা নিয়েই যেহেতু প্রথম টেস্টে মাঠে নামা, পরে বল করে অস্ত্রটাকে ভোঁতা হতে দেওয়া কেন? তা প্রথম দিনে বাংলাদেশের যা কিছু সাফল্য, তার দুই-তৃতীয়াংশ স্পিনারদের হাত ধরেই। একটি উইকেটই পেসে, তবে ট্রটের উইকেটটি যত না রুবেলের, তার চেয়ে বেশি আম্পায়ার টনি হিলের। রুবেলের বাউন্সার মুশফিকুরের গ্লাভসে গেছে ট্রটের হেলমেটে লাগে। হিল তাতে ব্যাটের ছোঁয়া দেখতে পেয়েছেন!ইনিংসের অষ্টম ওভারে নিজেই স্পিন আক্রমণ শুরু করলেও সাকিব থেকেছেন উইকেটশূন্য। ১৯তম ওভারে ওপেনার মাইকেল কারবেরিকে এলবিডব্লু করে প্রথম আঘাতটা আনেন অফ স্পিনার মাহমুদউল্লাহ। অভিষেক ম্যাচে মাত্র ৩০ রান করে ড্রেসিংরুমে ফেরা কারবেরির ইনিংসটা অবশ্য মাহমুদউল্লাহর আগের ওভারেই শেষ হয়ে যেতে পারত। উইকেটের পেছনে মুশফিকুর রহিম ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখায় বেঁচে গেছেন ওই যাত্রা। মাহমুদউল্লাহর বল তাঁর ব্যাটের কানায় লেগে উইকেটকিপারের গ্লাভসের দিকে গেলেও মুশফিকুরের গ্লাভস যে বরাবরই পিচ্ছিল! প্রায় প্রতি ম্যাচেই মুশফিকুরের ব্যর্থতা মনে করিয়ে দিচ্ছে খালেদ মাসুদের বিদায় বাংলাদেশের উইকেটকিপিংয়ে কী বড় এক শূন্যতা ‘উপহার’ দিয়ে গেছে।কারবেরি বা জোনাথন ট্রট কারও সঙ্গেই খুব জমেনি কুকের জুটি। ওপেনিংয়ে কারবেরির সঙ্গে ৭২, লাঞ্চের আগ পর্যন্ত শুধু তাঁর উইকেটটা হারিয়ে ১০৪ রান স্কোরবোর্ডে। ট্রটের সঙ্গে ৭৭ রানের জুটিও ভেঙেছে চা-বিরতির (২৪৩/২) আগেই। তারপরও কুক ছিলেন, দিন শেষেও আছেন ইংল্যান্ডের হয়ে অধিনায়কত্ব-অভিষেকেই সেঞ্চুরির পঞ্চম কীর্তি গড়ে। তার আগের ১০টি সেঞ্চুরির মধ্যে দ্রুততমটি ছিল ১৬১ বলে। কাল ১৪৮ বলে সেঞ্চুরি করে টেস্টে সেটিকে পেছনে ফেলে দিলেন কুক। সেঞ্চুরির মধ্যেই ছিল ৯টি চার আর ২টি ছক্কা। মাহমুদউল্লাহকে মিড উইকেট দিয়ে দ্বিতীয় ছক্কাটা মেরেই পূর্ণ করেছেন সেঞ্চুরি।৩২ রান নিয়ে কুকের সঙ্গে উইকেটে এখন পল কলিংউড। এরপর ইয়ান বেল, ম্যাট প্রিয়র...। প্রথম দিনেই মাথার ওপর ৩৭৪ রান জেঁকে বসার পর বাংলাদেশ এখন রানের নিচে চাপা পড়ার আশঙ্কা করতেই পারে। তবে ভাগ্য সুপ্রসন্ন যে কেভিন পিটারসেন নামক কাঁটাটি অন্তত কালই তুলে ফেলা গেছে। মারকাটারি পিটারসেন বাংলাদেশে আসার পর থেকেই রানের জন্য কাঁদছেন। কাল ব্যর্থতার সেই বৃত্ত থেকে বেরিয়ে এলেও মাত্র ১ রানের জন্য সেঞ্চুরি মিস করায় ‘কামব্যাক’ ইনিংসের শেষটা মনের মতো হলো না। সামনে বাধা আবারও সেই বাঁহাতি স্পিন, আরও নির্দিষ্ট করে বললে আবদুর রাজ্জাক। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে সাকিবের বলে বোল্ড হলেও এরপর টানা তিন ইনিংসেই কেপি আউট হলেন রাজ্জাকের বলে। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডেতে এলবিডব্লু, রাজ্জাক-ঘূর্ণিতে আরেকবার বিভ্রান্ত হয়ে কাল প্রথম টেস্টের প্রথম ইনিংসে তো বোল্ডই।দিনের ১৪ ওভার ২ বল বাকি থাকতে পিটারসেনকে হারিয়েও শেষ সেশনে যোগ হয়েছে ১৩১ রান এবং নেতৃত্ব তাতে অধিনায়কেরই। টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস থেকে মাত্র ২ রান দূরে দাঁড়িয়ে থাকা কুক চট্টগ্রামেই প্রথম ডাবল সেঞ্চুরিটা পেয়ে যান কি না, এখন সেটাই দেখার অপেক্ষা। পেয়ে গেলে সবার আগে বোধহয় সাকিবকেই ধন্যবাদ জানাবেন তিনি!