কুকুর নিয়ে ফিলিস্তিনিদের ধাওয়া (ভিডিও)
পূর্ব জেরুজালেমে ফিলিস্তিনের শেখ জারাহ গ্রামের পাশের একটি এলাকায় নতুন করে ইহুদি বসতি স্থাপনের প্রতিবাদে চলছিল বিক্ষোভ। সেখানে ইহুদিরা কয়েকটি ফিলিস্তিনি পরিবারকে উচ্ছেদ করতে চায়। এ জন্য তারা ওই এলাকার জমি দখলের চেষ্টা চালায়। এ সময় ফিলিস্তিনি পরিবারের সদস্যদের সঙ্গে ইহুদিদের সংঘর্ষ বাধে। হঠাত্ দেখা যায় সংঘর্ষে আহত হয়েছে এক ইহুদি। তার সঙ্গে ছিল একটি কুকুর। সে কুকুর নিয়ে বিক্ষোভরত ফিলিস্তিনি পরিবারগুলোকে ধাওয়া করে। কুকুরের ভয়ে কিছুটা পিছু সরে যায় ফিলিস্তিনি পরিবারগুলো। তবে এ সময় বিক্ষোভকারীরা শেখ জারাহ কখনো ছাড়বে না বলে স্লোগান দিতে থাকে।এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে হিব্রু ইউনিভার্সিটির শিক্ষার্থী সুহেয়ার আসাদ জানান, ওই এলাকায় বেশ কয়েকটি আল কুর্দ গোষ্ঠী বসবাস করে। তাদেরও ইহুদিরা উচ্ছেদ করতে চায়। তাই বিক্ষোভ এত তীব্র হয়েছে। তিনি জানান, সাম্প্রতিক সময়ে ইহুদিরা পশ্চিম তীর ও জেরুজালেমে ফিলিস্তিনিদের ওপর একের পর এক হামলা করেছে। আজকের ঘটনাও তার ব্যতিক্রম নয়। এর সবকিছুর প্রতিবাদেই তাদের বিক্ষোভ।এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, জেরুজালেমে তো বটেই পূর্ব জেরুজালেমেও নতুন নতুন ইহুদি বসতি স্থাপন চলবে। অন্যদিকে ফিলিস্তিনির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেছেন, পূর্ব জেরুজালেমই হবে ভবিষ্যত্ ফিলিস্তিনির রাজধানী। রয়টার্স অবলম্বনে।