কুচক্রী মহলের অপপ্রচারে বিভ্রান্ত হবেন না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান ও গণতন্ত্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড সর্বশক্তি দিয়ে প্রতিহত করতে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।প্রধানমন্ত্রী বলেন, ‘অনেক ত্যাগ ও সংগ্রামের বিনিময়ে দেশে আজ গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। আশা করি, আপনারা সংবিধান ও গণতন্ত্রবিরোধী যেকোনো কর্মকাণ্ড সর্বশক্তি দিয়ে প্রতিহত করবেন।’প্রধানমন্ত্রী গতকাল রোববার সকালে ঢাকা ক্যান্টনমেন্টে সেনা সদর দপ্তরের অফিসার্স মেসে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের সভায় এসব কথা বলেন। খবর বাসস ও ইউএনবির।সেনাবাহিনীর পিঠে চড়ে কোনো স্বার্থান্বেষী মহল যাতে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত করতে না পারে, কর্মকর্তাদের সেদিকে সর্বোচ্চ দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘অনেক সময় কুচক্রী মহল হীন স্বার্থে সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে। এতে বিভ্রান্ত হবেন না এবং অধস্তনেরা যাতে এ ধরনের অপপ্রচারের শিকার না হন, সেদিকে আপনাদের লক্ষ রাখতে হবে।’শেখ হাসিনা জ্যেষ্ঠ কর্মকর্তাদেরকে অধস্তনদের প্রয়োজনীয়তা, আশা-আকাঙ্ক্ষা ও চিন্তাভাবনার দিকে নজর দেওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, পেশাদারির জন্যই বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়েছে এবং দেশের মানুষের অবিচল আস্থা অর্জন করেছে। তাঁর সরকার সবকিছুর ঊর্ধ্বে সেনাবাহিনীর এই পেশাদারি সমুন্নত রাখতে সচেষ্ট। প্রধানমন্ত্রী বলেন, সশস্ত্র বাহিনীর উন্নয়নে সম্প্রতি রাষ্ট্রীয় ঋণচুক্তির আওতায় রাশিয়া হতে ১০০ কোটি মার্কিন ডলারের সমরাস্ত্র ক্রয়ের চুক্তি হয়েছে। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর সক্ষমতা বৃদ্ধিতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রধানমন্ত্রী বলেন, সেনাবাহিনীর আধুনিকায়নে ফোর্সেস গোল ২০৩০-এর আলোকে রিয়েল এস্টেট মাস্টারপ্ল্যান চূড়ান্ত করা হয়েছে। ইতিমধ্যে সিলেটের সালুটিকর ও কক্সবাজারের রামুতে একটি করে পূর্ণাঙ্গ সেনানিবাস স্থাপনের জন্য যথাক্রমে ৯২০ দশমিক ৭৮ একর এবং ৬৫৭ দশমিক ১৭ একর জমি সেনাবাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তাব মন্ত্রণালয়ে সক্রিয় বিবেচনাধীন। শেখ হাসিনা বলেন, শত বাধা সত্ত্বেও যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনা হয়েছে। বিচারে বাধাদান ও বিচার বন্ধে প্রতিনিয়ত বিশৃঙ্খলা তৈরির চেষ্টাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র চলছে। এ জন্য তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক, সেনাবাহিনীর প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান, প্রতিরক্ষাসচিব খন্দকার মো. আসাদুজ্জামান ও প্রেসসচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।