কুচারকে ফিরে পেতে মরিয়া ডেমি!
প্রতারণার অভিযোগ তুলে গত বছরের নভেম্বরে অ্যাস্টন কুচারের সঙ্গে ছয় বছরের সংসারজীবনের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছিলেন হলিউডের অভিনেত্রী ডেমি মুর। সম্প্রতি কুচারকে ফিরে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন হলিউডের এই অভিনেত্রী।কুচারের সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর একাকী ডেমি মাদকের মধ্যেই নতুন আশ্রয় খুঁজেছিলেন। ফলাফল মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্রে ভর্তি। সেখানে ডেমিকে দেখতে গিয়েছিলেন কুচার। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে ডেইলিমেইল জানিয়েছে, ডেমিকে অ্যাস্টন কুচার রিহ্যাবে দেখতে যাওয়ার পর থেকেই নাকি উচাটন হয়েছেন ডেমি মুর। মাত্র দিন কয়েক আগে রিহ্যাব থেকে ছাড়া পেয়েছেন ডেমি। ঘরে ফিরে আবারও সেই কুচারকেই কাছে পেতে চাইছেন তিনি। এসএমএস ও ফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ রাখছেন, এমনকি কুচার তাঁর এসএমএস কিংবা ফোন কলের ত্বরিত জবাব না দিলে অস্বাভাবিক আচরণও করছেন।কুচার তাঁর এসএমএস কিংবা ফোন কলের প্রতি কতটা সাড়া দিচ্ছেন, অনেকটা এর ওপরই নির্ভর করছে ডেমির মেজাজ-মর্জি। মুখে স্বীকার না করলেও তাঁর কর্মকাণ্ডে স্পষ্টই বোঝা যাচ্ছে, এখনো কুচারের প্রেমেই ডুবে আছেন তিনি।ডেমির চিকিত্সার সময়ে রিহ্যাবে তাঁকে দেখতে গিয়েছিলেন কুচার। এতে লাভের চেয়ে ডেমির ক্ষতিই বেশি হয়েছে বলে দাবি করেছে ঘনিষ্ঠ একটি সূত্র। এ প্রসঙ্গে সূত্রটির ভাষ্য, ‘বেশ কয়েক দিন ধরেই যাব যাব করেও ডেমিকে দেখতে যাচ্ছিলেন না কুচার। অবশেষে তিনি যেদিন হাজির হলেন, সেদিন শান্ত ডেমি অনেকটাই অশান্ত হয়ে উঠেছিলেন। এখন আবারও কুচারের ওপর ডেমির নির্ভরশীলতার বিষয়টিকে ভালো চোখে দেখছেন না তাঁর বন্ধুরা। তাঁরা মনে করছেন, এতে করে আবারও অসুস্থ হয়ে পড়বেন ডেমি।’