কুতুবদিয়া ও বাগেরহাটে মন্দিরে ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের সাগরদ্বীপ কুতুবদিয়ায় গতকাল বৃহস্পতিবার রাতে সরকারি অফিস, আওয়ামী লীগের কার্যালয় ও মন্দিরে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন জামায়াত-শিবিরের কর্মীরা। বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার গোপালপুর সার্বজনীন পূজা মন্দিরে ভাঙচুরের ঘটনা ঘটেছে। আর দিনাজপুরের কান্তজি মন্দির ঘিরে নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা।কক্সবাজার: পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল রাত নয়টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কয়েক হাজার কর্মী উপজেলা পরিষদের সামনে আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করেন। পরে তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয়, শিক্ষা কার্যালয়সহ সরকারি দপ্তরের বেশ কয়েকটি কার্যালয় ভাঙচুর ও সেখানে অগ্নিসংযোগ করেন। এরপর আশপাশে অবস্থিত হিন্দুসম্প্রদায়ের তিনটি মন্দিরে ভাঙচুর করে আগুন দেওয়া হয়।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম প্রথম আলো ডটকমকে বলেন, রাত নয়টার দিকে বিভিন্ন এলাকায় মাইকিং করে নেতা-কর্মীদের জড়ো করে জামায়াত-শিবির। পরে উপজেলার বিভিন্ন সরকারি কার্যালয়, আওয়ামী লীগের কার্যালয় ও মন্দিরে ভাঙচুর-অগ্নিসংযোগ করে। ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, রাত ১০টার দিকে কুতুবদিয়া থানায় হামলা চালান জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ তাঁদের ছত্রভঙ্গ করতে ৩০টি ফাঁকা গুলি ছোড়ে। প্রসঙ্গত, কক্সবাজার-২ (কুতুবদিয়া-মহেশখালী) আসনের সাংসদ জামায়াতের নেতা হামিদুর রহমান আজাদ। তাঁর বাড়ি কুতুবদিয়ায়। বাগেরহাট: জেলার মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের সিংজোড় গোপালপুর সর্বজনীন পূজামন্দিরে গতকাল রাতে হামলা চালিয়ে ভাঙচুর করে দুর্বৃত্তরা। চিংড়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল কাসেম বিষয়টি নিশ্চিত করেছেন। মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এই ঘটনার জন্য দায়ী কোনো চক্রকে শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ দুর্বৃত্তদের শনাক্ত করার চেষ্টা করছে। এ ব্যাপারে কোনো মামলা হয়নি।দিনাজপুর: জেলার কান্তজি মন্দির ভাঙার জন্য কয়েক শ লোক সংগঠিত হচ্ছে—এমন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। এ ছাড়া, জেলার রাজবাড়ির মন্দিরে পুলিশি প্রহরা বসেছে।জেলার পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য প্রথম আলো ডটকমকে বলেন, গতকাল রাত ১১টার পর কান্তজি মন্দির এলাকায় দেড় শতাধিক পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজবাড়িতে পুলিশ এখনো মোতায়েন রয়েছে। (প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার ও দিনাজপুর; বাগেরহাট প্রতিনিধি)