কুতুবদিয়া চ্যানেলে ট্রলার ডুবি, নিখোঁজ ২৫
বঙ্গোপসাগরের বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলের গুলিদ্ধার নামক স্থানে গতকাল শনিবার এফবি নিশানে রব নামের একটি মাছধরার ট্রলার ডুবে যায়। এ ঘটনায় ট্রলারের ২৫ জেলে নিখোঁজ হন।গতকাল শনিবার ট্রলার ডুবির ঘটনা ঘটলেও আজ রোববার সন্ধ্যা ছয়টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো কাউকে উদ্ধার করা যায়নি বলে জানা গেছে। তবে নিখোঁজ জেলেদের উদ্ধারে মালিকপক্ষের ইঞ্জিন-বোট এখনো তত্পরতা চালাচ্ছে।প্রত্যক্ষদর্শী জেলেরা জানান, সাগরের গুলিদ্ধার এলাকায় অবস্থানরত ফিশিং ট্রলার এফবি নিশানে রব কয়েক দিন আগে সাগরে মাছ ধরতে বাঁশখালী ছেড়ে যায়। গতকাল রাতে বঙ্গোপসাগরে ঘূর্ণি বাতাস ও নিম্নচাপ সৃষ্টি হলে জেলেরা বাঁশখালী-কুতুবদিয়া চ্যানেলের গুলিদ্ধার নামক স্থানে ট্রলারটি নোঙর করে। পরে নোঙর করা অবস্থায় একটি বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারটির সব জেলে নিখোঁজ হন।ট্রলারের মালিক ছমুদুল হক জানান, একটি বিদেশি জাহাজের সঙ্গে ধাক্কা লেগে তাঁর মাছধরা ট্রলারটি ডুবে গেছে। এতে ২৫ জন জেলের খোঁজ পাওয়া যাচ্ছে না। ট্রলার ও মালামাল কী অবস্থায় আছে, তা তিনি জানাতে পারেননি।বাঁশখালীর গন্ডামারা খাটখালী পুলিশ ফাঁড়ির হাবিলদার আকবর জানান, বঙ্গোপসাগরের গুলিদ্ধারে ট্রলার ডুবির সংবাদ পেয়েছেন। তবে হতাহতের কোনো খবর পাননি বলে তিনি জানিয়েছেন।