কুতুবদিয়ায় দফায় দফায় সংঘর্ষ, গুলিবিদ্ধ ২৭
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার তাবলেরচরে গতকাল শনিবার দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষে ৪৭ জন আহত হয়েছে। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ ২৭ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষে উভয় পক্ষে অন্তত ৫০টি গুলিবিনিময়ের ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, বেশ কিছু দিন ধরে খুদিয়ারটেক এলাকার ৪৭ একর জমির লবণের মাঠ নিয়ে তাবলেরচর বাজার এলাকার মো. ফোরকান ও চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চিত্তরঞ্জনের মধ্যে বিরোধ চলছিল। গতকাল সকাল আটটার দিকে ফোরকান তাবলেরচর বাজারে ঢুকলে চিত্তরঞ্জনের পক্ষ নিয়ে স্থানীয় ছলিম উল্লাহ ওরফে বাবুলের লোকজন তাঁকে মারধর করে। খবর পেয়ে ফোরকানের আত্মীয়স্বজন তাঁকে উদ্ধার করতে বাজারে যায়। এ সময় স্থানীয় বক্তার আলম তাঁর লোকজনসহ ফোরকানের পক্ষ নিয়ে বাবুলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে উভয় পক্ষ লাঠিসোঁটাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। প্রায় তিন ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষে বন্দুকযুদ্ধ শুরু হয়। এ সময় অন্তত ৫০টি গুলিবিনিময়ের ঘটনা ঘটে। এতে ২৭ জন গুলিবিদ্ধ হয়। আহত হয় মোট ৪৭ জন। স্থানীয় ব্যক্তিদের কাছে খবর পেয়ে কুতুবদিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় পুলিশ ২১টি ফাঁকা গুলি ছোড়ে।আহত ব্যক্তিদের মধ্যে ফোরকান (২৫), মোমেনা বেগম (৩০), আবুল কাসেম (৪০), হামিদা বেগম (৫৫), জাফর আলম (৫০), নুরুল আলম (৪০), শামসুল আলম (৫৫), দেলোয়ার হোসেন (২৫), মোস্তাফিজুর রহমান (৪০), মো. কাইছার (২৫), রবিউল ইসলাম (১৩), নুরুল আবছার (২৫), সাফিয়া বেগম (২০), সাজেদা বেগম (২৫), শফি আলম (৩২), আবু ছৈয়দ (৫৫), আবুল কাসেম (৫৫), কাইছার আলম (২১), কামাল হোছাইন (৩৫), শাহাব উদ্দিন (২৮), মনজুর আলম (২০), সরোয়ার আলম (৩০), সাফায়েত হোসেন (২০), রমজান আলীসহ (১৬) ২৭ জনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিত্সক মনিরুল মান্নান জানান, ২৭ জনকে গুলিবিদ্ধ অবস্থায় আনা হয়েছিল। উন্নত চিকিত্সার জন্য তাঁদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া অপর ২০ জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে।কুতুবদিয়া থানার দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন সংঘর্ষের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, লবণের মাঠ নিয়ে বিরোধের জের ধরেই এ সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।