কুতুবদিয়ায় লবণ মাঠ দখল নিয়ে সংঘর্ষে নিহত ১
কুতুবদিয়া উপজেলার তাবলেরচর গ্রামে আজ বৃহস্পতিবার সকালে একটি বিরোধপূর্ণ লবণ মাঠের দখল নিয়ে সংঘর্ষে আবদুর রহমান (২৭) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন।তাবলেরচর গ্রামের ইউপি সদস্য বকতিয়ার আলম ও মোহাম্মদ বাবুলের নিয়ন্ত্রণাধীন দুটি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তাবলেরচর এলাকায় ‘ডাঙ্গাঘোনা’ নামক স্থানে প্রায় ১৫ একর জমিতে লবণ চাষ করতেন বকতিয়ার। আজ সকাল সাতটার দিকে বাবুলের নেতৃত্বে ১০-১৫ জন ভাড়াটে জলদস্যু ওই লবণ মাঠে গিয়ে শ্রমিকদের মারতে থাকে। এ সময় বকতিয়ার গ্রুপের লোকজন প্রতিরোধ করতে গেলে দস্যুরা ১৬-১৭ রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আবদুর রহমান ঘটনাস্থলেই নিহত হন। খবর ছড়িয়ে পড়লে মুহূর্তেই গ্রামের কয়েক শ লোক ঘটনাস্থলে ছুটে এসে দস্যুদের ঘিরে ফেলে। এ সময় গুলি চালিয়ে কয়েকজন দস্যু পালিয়ে যেতে সক্ষম হলেও দেশীয় দুটি বন্দুকসহ সাত জলদস্যুকে আটক করে তারা। এরপর বিক্ষুব্ধ গ্রামবাসী তাদের গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় দস্যুদের থানায় নিয়ে যায় তারা। কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন প্রথম আলো অনলাইনকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জলদস্যুরা বাবুলের পক্ষে ভাড়াটে হিসেবে লবণ জমি দখল করতে গিয়েছিল। এদের প্রত্যেকের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা রয়েছে। পুলিশ সুপার সেলিম মো. জাহাঙ্গীর প্রথম আলো বলেন, হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন অবনতি না হয়—সে ব্যাপারে পুলিশকে সতর্ক রাখা হয়েছে।সংঘর্ষে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আর নিহত আবদুর রহমানের লাশ ময়নাতদন্তের জন্য ওই হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।