কুদুম গুহায় নতুন প্রজাতির বাদুড়
বাংলাদেশের সর্বদক্ষিণের উপজেলা টেকনাফের হোয়াইক্যং বাজার থেকে প্রায় চার কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কুদুম গুহা। পাহাড়ঘেরা এলাকাটি আশপাশের জনপদ থেকে বেশ কিছুটা দূরে। বাংলাদেশে প্রাকৃতিক গুহা খুব বেশি একটা নেই। তাই এই এলাকায় এলে কুদুম গুহায় ঢুঁ মারার লোভ সংবরণ করা দুষ্কর। গত ১৫ জুলাই কুদুম গুহায় প্রবেশ করলাম প্রায় চার বছর পর। ভরা বর্ষা হওয়ায় এবং আশপাশের পাহাড়ের মাটি ভেঙে পড়ে পানি বের হওয়ার পথ আংশিক বন্ধ হয়ে গেছে। গুহার ভেতর গলাপানি। তাই এক হাতে বড় ক্যামেরা, অন্য হাতে টর্চ নিয়ে ভেতরে ঢুকতে বেশ বেগ পেতে হলো। ভেতরে রাতের মতো ঘুটঘুটে অন্ধকার। গুহার ওপরের দিকটা বেশ উঁচু এবং প্রশস্ত। ওখানে শখানেক মাঝারি আকৃতির বাদুড় দিনের বেলায় বিশ্রাম নেয়। এই বাদুড়গুলোকে আগেও দেখেছি, তবে সঠিকভাবে শনাক্ত করা হয়নি। এবার তাদের দীর্ঘ সময় পর্যবেক্ষণ করে এবং পর্যাপ্ত ছবি তুলে বইপত্র ঘেঁটে নিশ্চিত হলাম, এরা ছোট প্রভাতি বাদুড়। ইংরেজি নাম Lesser Dawn Bat অথবা Cave Nectar Bat. বৈজ্ঞানিক নাম Eonycteris spelaea. এরা Pteropodidae পরিবারের অন্তর্ভুক্ত। এই প্রজাতির বাদুড়ের উপস্থিতি এর আগে বাংলাদেশে রেকর্ড করা হয়নি। তবে পার্শ্ববর্তী মিয়ানমার ও উত্তর ভারত থেকে শুরু করে দক্ষিণ-পূর্ব এশিয়ার বেশির ভাগ দেশেই এ বাদুড়ের উপস্থিতির কারণে বাংলাদেশে এটি থাকতে পারে বলে আশা করছি। ছোট প্রভাতি বাদুড়ের মাথা ও ধড় মিলে দৈর্ঘ্য ৯ দশমিক ২ থেকে ১৩ সেন্টিমিটার। বাহুর দৈর্ঘ্য ৬ দশমিক ২ থেকে ৭ দশমিক ৮ সেন্টিমিটার এবং ওজন ৪৫ থেকে ৬০ গ্রাম। ধূসর-বাদামি রঙের এই বাদুড়ের অপেক্ষাকৃত লম্বা চোয়াল, পাখার দ্বিতীয় আঙুলের মাথায় নখের অনুপস্থিতি এবং পাখার মধ্যে আঙুল বরাবর হালকা রঙের অনুপস্থিতি দেখে অন্য মাঝারি আকৃতির বাদুড় যেমন Fulvous Fruit Bat এবং Short-nosed Fruit Bat থেকে এদের আলাদা করা যায়। দিনের বেলা এই বাদুড় দলবেঁধে কোনো অন্ধকার গুহায় বিশ্রাম নেয়। রাতে প্রাকৃতিক বন ও ফলের বাগানে ফুলের মধু ও রেণু খেয়ে থাকে। এরা বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ গাছসহ অনেক উদ্ভিদের পরাগায়নে সহায়তা করে। উড়ে যাওয়ার সময় এদের পাখায় কিছুটা শব্দ হয়। এদের প্রজনন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। কুদুম গুহায় ছোট প্রভাতি বাদুড় ছাড়াও অপেক্ষাকৃত ছোট ও অল্প সংখ্যক Blyth’s Horseshoe Bat পাওয়া যায়, যারা গুহার অপেক্ষাকৃত নিচের দিকে বসে বিশ্রাম নেয়। এ ছাড়া এই গুহায় ২০০৬ সালের জুলাই মাসে একটি দুর্লভ Intermediate Roundleaf Bat পেয়েছিলাম।কয়েক বছর আগেও কুদুম গুহার আশপাশের এলাকা মিশ্র চিরসবুজ অরণ্যে ঘেরা ছিল। এখন একটি বড় গাছও অবশিষ্ট নেই। ফলে এটি ধারণা করা কঠিন নয় যে কুদুম গুহার বাদুড়গুলো পর্যাপ্ত খাবার পাচ্ছে না। গাছপালা কেটে নেওয়ায় আশপাশের পাহাড় ধসে পড়ছে। এ অবস্থায় কুদুম গুহা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছি। কুদুম গুহা শুধু দুর্লভ বাদুড়ের আবাসস্থল নয়, পর্যটকদের জন্য একটি বড় আকর্ষণ। জরুরি ভিত্তিতে গুহার আশপাশের এলাকা ডাকাতমুক্ত করে সংরক্ষণ করা প্রয়োজন, যাতে প্রাকৃতিক অরণ্য গড়ে ওঠার সুযোগ পায়।(লেখক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক)