মাথার খুলি, চোয়াল, ঘাড়সহ সারা শরীরে কোপানোর চিহ্ন। রক্তে ভিজে গেছে চুল। ডান চোখের ওপরে ও থুতনিও কাটা। ক্ষতবিক্ষত অবস্থায় এভাবেই রংপুরের বদরগঞ্জ পৌরসভার চাঁদকুঠিরডাঙ্গা হেলিপ্যাড এলাকা রংপুরের বদরগঞ্জে এরিস্টোফার্মা লিমিটেডের বিক্রয় প্রতিনিধি রেজাউল করিমের (৩০) রক্তে ভেজা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার আসামিও খুনের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। এত সব প্রমাণেরও পরও ময়নাতদন্তকারী চিকিৎসক বলছেন, হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে লোকটি স্বাভাবিকভাবেই মারা গেছেন। রংপুর মেডিকেল কলেজের তখনকার চিকিৎসক আবদুল জলিল এই ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছেন। এখন তিনি দিনাজপুর মেডিকেল কলেজে আছেন। পুলিশ ও নিহতের পরিবারের অভিযোগ, আসামিপক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে খুনের ঘটনা ভিন্ন খাতে নিতেই এমন প্রতিবেদন দিয়েছেন চিকিৎসক। রংপুর পুলিশ সুপার সালেহ মুহম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, ‘এটি একটি খুনের ঘটনা, অথচ ডাক্তার প্রতিবেদন দিয়েছেন স্বাভাবিক মৃত্যু। এতে প্রতীয়মান হচ্ছে, ওই ডাক্তার আসামিপক্ষের মাধ্যমে প্রভাবিত হয়ে ময়নাতদন্ত প্রতিবেদন দিয়েছেন। যেহেতু ঘটনাটি খুনের, তাই ময়নাতদন্ত প্রতিবেদন সঠিকভাবে প্রদানের জন্য ওই চিকিৎসককে বহুবার অনুরোধ জানানো হয়েছে। কিন্তু তিনি এড়িয়ে যাচ্ছেন। এজাহার: হত্যাকাণ্ডের পর রেজাউলের স্ত্রী ফরিদা পারভীন বদরগঞ্জ থানায় গত বছরের ৯ ডিসেম্বর একটি খুনের মামলা করেন। মামলায় তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী এরিস্টোফার্মা লিমিটেডের রংপুর কার্যালয়ে বিক্রয় প্রতিনিধি ছিলেন। দুই শিশুসন্তানসহ তাঁরা রংপুরের খলিফাটারীতে ভাড়া বাসায় থাকতেন। গত বছরের ৭ ডিসেম্বর রেজাউল করিম রংপুর থেকে বদরগঞ্জে ওষুধ সরবরাহের জন্য গিয়ে আর ফেরেননি। ৯ ডিসেম্বর সকালে তিনি মুঠোফোনে খবর পান বদরগঞ্জে কে বা কারা তাঁর স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ হেলিপ্যাডের নিমবাগানে ফেলে রাখে।সুরতহাল প্রতিবেদন: মামলাটির তদন্তকারী কর্মকর্তা বদরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম ওই লাশের সুরতহাল প্রতিবেদনে বলেন, ‘মাথার চুল কালো ও রক্তে ভেজা। মাথার খুলিতে পেছনের বাঁ দিকের কানে, চোয়ালে ও ঘাড়ে অনুমান তিন-চার ইঞ্চি গভীর একাধিক কাটা রক্তাক্ত জখম পাওয়া গেল। জখমি স্থান থেকে রক্ত মাটিতে গড়িয়ে পড়েছে। ডান চোখের ওপরে ও থুতনিতে কাটা রক্তাক্ত জখম। পরনের শার্ট-প্যান্ট রক্তে ভিজে গেছে। তাঁকে কে বা কারা রাতে ছোরা দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফেলে যায়।’ ওই দিনই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগের চিকিৎসক আবদুল জলিল লাশের ময়নাতদন্ত করেন।তদন্ত: এসআই নজরুল ইসলাম প্রথম আলোকে জানান, নিহত রেজাউলের মুঠোফোনটি ১৯ ডিসেম্বর বদরগঞ্জ পৌরসভার শাহাপুর গ্রামের সফিকুল ইসলামের (২৮) কাছ থেকে উদ্ধার করা হয়। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটা গ্রাম থেকে ওই দিনই রেজাউলের সহকর্মী এরিস্টোফার্মা লিমিটেডের আরেক কর্মকর্তা মোশারফ হোসেনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা পুলিশের কাছে খুন করার কথা স্বীকার করেন। তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী, হত্যাকাণ্ডে ব্যবহূত ছুরিটিও বালুয়াভাটা গ্রামের ওমর আলী ওরফে টোল্লা কসাইয়ের বাড়ি থেকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে ২০ ডিসেম্বর মামলাটি তদন্তের জন্য গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে যায়।আদালতে স্বীকারোক্তি: ২২ ডিসেম্বর রংপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামি ওই খুনের কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন কসাই ওমর আলীও। আদালত সূত্র জানায়, আসামি মোশারফ ও সফিকুল আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উল্লেখ করেন, তাঁরা অর্থ-সংকটে ভুগছিলেন। এ কারণে উভয়ে শলাপরামর্শ করে সিদ্ধান্ত নেন রেজাউলকে খুন করার। কারণ তাঁর কাছে কোম্পানির ওষুধ বিক্রির অনেক টাকা থাকে। এ লক্ষ্যে তাঁরা উভয়ে গত বছরের ৮ ডিসেম্বর সন্ধ্যার পর বদরগঞ্জ বালুয়াভাটা গ্রামের কসাই ওমর আলীর বাড়িতে গিয়ে ছাগল জবাই করার কথা বলে একটি ছুরি নিয়ে বদরগঞ্জ বাস টার্মিনালে যান। রাত আটটার দিকে মোশারফ হোসেন মুঠোফোনে সহকর্মী রেজাউল করিমকে সেখানে ডেকে নেন। এরপর তাঁকে ওই ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। মোশারফ জবানবন্দিতে বলেন, ‘হেলিপ্যাডে রিকশা থেকে নেমে হেঁটে নিমবাগানে ঢোকার পথে সফিকুল রেজাউলের ঘাড়ে কোপ মারেন। সঙ্গে সঙ্গে রেজাউল মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার ও ছটফট করতে থাকলে তাঁকে আরও কয়েকটি কোপ মারা হয়। আমিও ছোরা নিয়ে তাঁকে কোপাই। এরপর রেজাউলের সঙ্গে থাকা সব টাকা ও তাঁর ব্যবহূত মোবাইল ফোনসেটটি নিয়ে বদরগঞ্জ পৌরসভার বালুয়াভাটার আমার ভাড়া বাসায় গিয়ে পরনের রক্তমাখা জামা-কাপড় ও ছুরি পরিষ্কার করি। পরে টাকাগুলো গুনে দেখি ৩০ হাজার। এরপর সফিকুলকে এ টাকা থেকে আমি ৫০০ টাকা ও রেজাউলের ব্যবহূত ফোনসেটটি দিয়ে দেই। সফিকুল একটি মোবাইল সিম কিনে বাড়ি চলে যায়।’সফিকুল ইসলাম তাঁর জবানবন্দিতে বলেন, ‘কসাই ওমর আলীর বাড়ি থেকে ছাগল জবাই করার কথা বলে ছুরি নিই। এরপর কুপিয়ে রেজাউলকে খুন করেছি।’ কসাই ওমর আলী আদালতে জবানবন্দিতে বলেন, ‘সফিকুল ও মোশারফ আমার পূর্বপরিচিত। ঘটনার দিন রাত আটটার দিকে ছাগল জবাই করার কথা বলে তাঁরা আমার বাসা থেকে ছুরি নিয়ে ঘণ্টা খানেক পর ফেরত দিয়ে যান।’বারবার চিঠি: আবদুল জলিল রংপুর মেডিকেল কলেজ থেকে গত বছরের ২০ ফেব্রুয়ারি দিনাজপুর মেডিকেল কলেজে বদলি হয়ে যান। রংপুরের পুলিশ সুপার সালেহ মুহম্মদ তানভীর গত ৬ অক্টোবর দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষকে চিঠি দেন। তাতে বলা হয়, ডাক্তার আবদুল জলিল নিহত রেজাউল করিমের লাশের ময়নাতদন্ত করে যে প্রতিবেদন ও মামলার তদন্ত কর্মকর্তার সুরতহাল প্রতিবেদন মিলছে না। পুলিশ সুপার প্রশ্ন তোলেন, যদি কোনো ব্যক্তি হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন, তাহলে শরীরে ধারালো অস্ত্রের কাটা জখম দেখা যেত না। গুরুতর ছুরিকাঘাতের চিহ্ন থাকা সত্ত্বেও একজন অভিজ্ঞ ডাক্তার কী কারণে ‘ময়নাতদন্ত প্রতিবেদনে ‘কার্ডিও রিসপেকটরি ফেইলর’ বলে মতামত দিয়েছেন, তা বোধগম্য নয়।’পত্রে বলা হয়, ‘পুনরায় সঠিক প্রতিবেদন পাওয়ার জন্য গত ২৫ জুলাই রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষকে তাগিদ দিয়ে আবার পত্র দেওয়া হয়। কিন্তু ওই ডাক্তার বদলি হয়ে যাওয়ায় রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ময়নাতদন্ত প্রতিবেদন দেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে যাবতীয় তথ্যাদি দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের কাছে পাঠান। এ অবস্থায় ময়নাতদন্ত প্রতিবেদন পেতে ২৯ জুলাই রংপুরের পুলিশ সুপার চিঠি দেন দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষের বরাবরে পত্র দেন। কিন্তু সাড়া না পাওয়ায় পুনরায় ২২ আগস্ট আরেকটি তাগিদপত্র দেওয়া হয়। অতঃপর দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান মৃত ওই ব্যক্তির এবং মামলার বাদীর পূর্ণ নাম-ঠািকানাসহ লাশ চালানের কপি প্রদানের জন্য পুলিশ সুপারকে পত্র দেয়। পত্র অনুযায়ী যাবতীয় তথ্যাদি পুলিশ সুপারের কার্যালয় থেকে গত ৭ সেপ্টেম্বর পাঠানো হয়। এরপর ১৬ সেপ্টেম্বর দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের বিভাগীয় প্রধান পুলিশ সুপারের কাছে আরেকটি চিঠি দেন। তাতে বলা হয় ‘তথ্যাদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পাঠাতে হবে।’পুলিশ সুপারের ওই পত্রের অনুলিপি দেওয়া হয়েছে পুলিশের ডিআইজি রাজশাহী, বিজ্ঞ জেলা ও দায়রা জজ রংপুর, এআইজি (অপরাধ-২) পুলিশ হেডকোয়াটার্স ঢাকা ও সিভিল সার্জন দিনাজপুর বরাবরে।সংশ্লিষ্টরা যা বলেন: রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ প্রথম আলোকে ‘আবদুল জলিল এখন বদলি হয়ে গেছেন। তাই দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ বরাবর আমি একটি পত্র দিয়ে যাবতীয় কাগজপত্র পাঠিয়ে দিয়েছি। তারপর কী হলো, অধ্যক্ষ আমাকে জানাননি।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পুলিশের সুরতহাল প্রতিবেদন এক রকম, আবার ডাক্তার দিল আরেক রকম এটা তো ঠিক না।’দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ হামিদুল হক খন্দকার বলেন, ‘রংপুরের পুলিশ সুপার কিংবা রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ আমার কাছে কোনো পত্র দিয়েছেন কি না, তা এই মুহূর্তে মনে করতে পারছি না। আমি ছুটিতে আছি। তবে ডাক্তার আবদুল জলিল যদি একবার ময়নাতদন্ত প্রতিবেদন দিয়ে থাকেন, তাহলে তিনি তো আর তা পরিবর্তন করতে চাইবেন না। এটা করলে আদালতে হাস্যকর হবে। তবে ক্ষতিগ্রস্তের পক্ষে কেউ আবেদন করলে অন্য ডাক্তারকে দিয়ে পুনরায় ময়নাতদন্ত করা যেতে পারে।’ দিনাজপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের চিকিৎসক আবদুল জলিল মুঠোফোনে বলেন, ‘পুলিশ সুপারের এ-সংক্রান্ত কোনো পত্র আমি পাইনি। পেলে অবশ্যই বিষয়টি দেখব। আসামিদের মাধ্যমে প্রভাবিত হয়ে ময়নাতদন্ত রিপোর্ট প্রদানের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি কিছুক্ষণ নিরুত্তর থেকে শুধু বলেন, আপনার কাছ থেকে বিষয়টি জানলাম। আপনাকে ধন্যবাদ।’রংপুরের সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় অভিযোগ করেন, ‘আদালতে স্বেচ্ছায় আসামিদের দেওয়া ওই খুন করার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, খুন কার্যে ব্যবহূত ছুরি উদ্ধার, লাশের সুরতহাল প্রতিবেদনে গুরুতর কাটা জখমসহ কুপিয়ে খুন করার কথা লিপিবদ্ধ ছিল। কিন্তু রংপুর মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের লাশের ময়নাতদন্তকারী চিকিৎসক আবদুল জলিল প্রভাবিত হয়ে প্রতিবেদন দিয়েছেন।মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, ‘তদন্ত কর্মকর্তা হিসেবে আমি নিজে পৃথকভাবে সাতটি পত্র দিয়ে সঠিক ময়নাতদন্ত প্রতিবেদন চেয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে যোগাযোগ করেছিলাম। সাড়া না পাওয়ায় স্বশরীরে আবদুল জলিলের সঙ্গে এ বিষয়ে কথা বলি। কিন্তু তিনি বলেছেন, রিপোর্ট পরিবর্তন করবেন না। কিন্তু সঠিক ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়া না গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সংশ্লিষ্ট ডাক্তারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’নিহত রেজাউলের স্ত্রী ফরিদা পারভীন বলেন, ‘আমি জামালপুরে আমার অবুঝ দুই শিশুসন্তান নিয়ে খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছি। টাকার অভাবে রংপুরে গিয়ে মামলার খোঁজখবর নিতে পারি না। কিন্তু আমার স্বামীকে কুপিয়ে খুন করা হয়েছে, তা দিবালোকের মতো স্পষ্ট। তার পরও নির্দয় ডাক্তার কেন এমন প্রতিবেদন দিলেন, আমি জানি না। আল্লাহ এর বিচার করবেন’।