কুমারখালীতে বাস পুকুরে, নিহত দুই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কাজীপাড়া এলাকায় কুষ্টিয়া-রাজবাড়ী সড়কে আজ সোমবার সকাল সোয়া ১০টার দিকে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক ও ১০ বছরের এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে ৩০ জন।নিহত মোটরসাইকেল চালকের নাম আবদুল মালেক। বাড়ি কুমারখালীর চৌরঙ্গী এলাকায়। দুর্ঘটনায় নিহত ওই শিশুটির পরিচয় জানা যায়নি। আহতদের কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর স্থানীয়রা গতিরোধক নির্মাণের দাবিতে দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজবাড়ী থেকে একটি বাস ধারণ ক্ষমতার চেয়ে বেশি প্রায় ৬০-৭০ জন যাত্রী নিয়ে কুষ্টিয়া যাচ্ছিল। কুমারখালী উপজেলার কাজীপাড়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী একটি নসিমনকে ধাক্কা দিয়ে রাস্তার ডান পাশের একটি পুকুরে পড়ে যায়। খবর পেয়ে কুষ্টিয়া, কুমারখালীর ফায়ার সার্ভিসের কর্মীরা ও কুমারখালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।এদিকে দুপুর ১২টার দিকে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মানিকহার রহমান ঘটনাস্থলে গেলে স্থানীয় জনতা সেখানে গতিরোধক নির্মাণের দাবি জানায়। ইউএনও গতিরোধকের আশ্বাস দিলে স্থানীয়রা সোয়া ১২টার দিকে অবরোধ তুলে নেয়।কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফেরদৌস আহমেদ প্রথম আলোকে বলেন, পানির ভেতর থেকে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের চিকিত্সা দেওয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা পুকুর থেকে বাসটি উদ্ধার করে ওপরে তুলেছে।