কুমারখালীর নিজ বাড়িতে খুন
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পুটিয়া গ্রামে আজ মঙ্গলবার সকালে শাহিদা খাতুন (৫০) নামের এক নারী খুন হয়েছেন। তাঁর চোখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ও গলায় কাপড় প্যাঁচানো ছিল।পুলিশ জানায়, শাহিদা যে বাড়িতে থাকতেন, সেই জমি নিয়ে প্রতিবেশী একজনের সঙ্গে তাঁর বিরোধ চলছিল। এর জের ধরে তাঁকে হত্যা করা হতে পারে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শাহিদা তাঁর ছেলে ও নাতি শাহিনকে নিয়ে নিজ বাড়িতে থাকতেন। আজ ভোর ছয়টার দিকে শাহিন প্রাইভেট পড়তে যায়। এ সময় বাড়িতে কেউ ছিল না। পড়া শেষে শাহিন বাড়ি ফিরে দাদিকে ঘরের ভেতরে পড়ে থাকতে দেখে। এ সময় সে ভয়ে চিত্কার করতে থাকলে আশপাশের লোকজন এসে জড়ো হয়। তারা থানায় খবর দিলে সকাল আটটার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক প্রথম আলো ডটকমকে বলেন, শাহিদার চোখে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে ও শ্বাসরোধ করে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে রক্তমাখা একটি কাঁচি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।