শারদীয় দুর্গোৎসবের মহাষ্টমীতে গতকাল মঙ্গলবার ঢাকাসহ দেশের সব পূজামণ্ডপ ছিল উৎসব-অনুষ্ঠানে মুখরিত। রামকৃষ্ণ মিশনে অনুষ্ঠিত কুমারী পূজায় প্রতিবছরের মতো এবারও ছিল বিপুল জনসমাগম।গতকাল সকাল সাড়ে সাতটার মধ্যে সব মণ্ডপে মহাষ্টমীর বিহিত পূজা শুরু হয়। পূজা শেষে প্রতিটি মণ্ডপ থেকে মধ্যাহ্নে মহাপ্রসাদ বিতরণ করা হয়। সন্ধ্যায় সব মণ্ডপে আরতি এবং কোনো কোনো মণ্ডপে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। এরপর দিবাগত রাত একটা ২১ মিনিট থেকে দুইটা নয় মিনিটের মধ্যে সন্ধি পূজা অনুষ্ঠিত হয়।রামকৃষ্ণ মিশনের পূজামণ্ডপে বেলা ১১টায় কুমারী পূজা শুরু হয়। এই পূজায় পৌরহিত্য করেন ব্রহ্মচারী কল্যাণ। কুমারী পূজার তাত্ত্বিক ও আনুষ্ঠানিক ব্যাখ্যার ধারাভাষ্য দেন তন্ত্রধারক স্বামী স্থিরাত্মানন্দজি।একটি কুমারী কন্যাকে দেবীর আসনে বসিয়ে এই বিশ্বাসে পূজা করা হয় যে পৃথিবীর সব নারী দেবী দুর্গার প্রতীক। সব নারীর মধ্যেই মাতৃরূপে দেবীর অধিষ্ঠান। নারীর শুদ্ধতম প্রতীক কুমারী। এই কুমারী পূজা মাটির প্রতিমার দুর্গা পূজারই প্রায়োগিক দিক। পূজার মন্ত্রে আছে, কুমারী পূজা দর্শনে সৌভাগ্য লাভ হয়।পূজার আগে ঢাকের বাদ্য, উলুধ্বনি ও মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে কুমারীকে বরণ করা হয়। নানা উপহার ও উপচারে কুমারীকে সম্মান জানাতে গতকাল সকাল থেকেই রামকৃষ্ণ মিশনে লোকসমাগম হতে থাকে। একপর্যায়ে তা উপচে পড়া ভিড়ে পরিণত হয়। এর মধ্যে নারী ও শিশুদেরই সবচেয়ে বেশি সমাগম লক্ষ করা গেছে।আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম গতকাল পুরান ঢাকার জয়কালীমন্দির রোডে রাম-সীতামন্দিরের পূজামণ্ডপে আয়োজিত এক আলোচনা সভায় অংশ নেন। ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে রামকৃষ্ণ মিশন, ওয়ারী, দয়াগঞ্জ, শাঁখারীবাজার ও তাঁতীবাজারের বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেন।আজ বুধবার মহানবমী। এবারের দুর্গোৎসবে দেবীর শেষ পূজা। আজ শাপলা, শালুক ও পশু বলির মাধ্যমে দেবীর পূজা করা হবে। অশুভ ও অকল্যাণের অবসান কামনা করবেন ভক্তরা। পঞ্জিকা অনুযায়ী আজ সকাল নয়টা ৫৭ মিনিটের মধ্যে মহানবমীর বিহিত পূজা শুরু হবে। আজ সন্ধ্যায় ঢাকেশ্বরীমন্দিরে থাকবে আরতি প্রতিযোগিতা।আজকের নবমী পূজার পর কাল বৃহস্পতিবার থাকবে শুধু বিসর্জনের আয়োজন ও আনুষ্ঠানিকতা। এক বছরের জন্য দেবীকে বিদায় জানানোর অধ্যায়।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, এ বছর দেবী দুর্গা কৈলাসধামের শ্বশুরালয় থেকে মর্ত্যলোকের পিত্রালয়ে এসেছেন হাতির পিঠে (গজে) চড়ে। সনাতন ধর্মবিশ্বাস অনুযায়ী হাতির পিঠে চড়ে দেবীর আগমনের ফল হয় শস্যপূর্ণ বসুন্ধরা। অর্থাৎ ফল ও ফসলে পৃথিবী ভরে উঠবে। পূজা শেষে এ বছর দেবী কৈলাসে প্রত্যাবর্তন করবেন পালকিতে (দোলায়) চড়ে। এর ফল হচ্ছে, মারি ও মড়কের বিস্তার।