‘পৃথিবীর সব নারী ভগবতীর (দেবী দুর্গার) প্রতীক। তিনি সকল প্রাণীর মধ্যে মাতৃরূপে থাকেন, তাই তাঁকেই প্রণাম।’ এই বিশ্বাসে গতকাল শুক্রবার শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিন, মহাষ্টমীতে সনাতন হিন্দুধর্মাবলম্বী ভক্তরা রামকৃষ্ণ মিশনে কুমারী নারীকে দেবী দুর্গার প্রতীক মনে করে পূজা করেছেন। গতকাল সকাল থেকেই রামকৃষ্ণ মিশনে শত শত ভক্তের ঢল নামে।আজ শনিবার শারদীয় দুর্গোৎসবের চতুর্থ দিন, মহানবমী। শাস্ত্র অনুযায়ী, আজ শাপলা, শালুক ও পশু বলির মাধ্যমে দেবীর পূজা হবে। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন পূজামণ্ডপ মূল পূজার বাইরেও নানা আয়োজনে মুখরিত থাকবে।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, দেবী দুর্গা এবার দোলায় (পালকি) চড়ে মর্ত্যে এসেছেন। কাল রোববার বিজয়া দশমীতে দেবী গজের অর্থাৎ হাতির পিঠে করে স্বর্গে চলে যাবেন। ঢাকা রামকৃষ্ণ মিশনের মহারাজ স্থিরাত্মানন্দজি প্রথম আলোকে বলেন, আজ মহানবমীতে দেবীর শেষ পূজা হবে। কাল দেবীকে বিসর্জনের মাধ্যমে বিদায় জানানো হবে।কুমারীপূজা: রামকৃষ্ণ মিশনে কুমারী হিসেবে এবার দেবী দুর্গার প্রতীক হয় ছয় বছরের অনুশ্রী চক্রবর্তী। তবে কুমারী দেবী অনুশ্রীর শাস্ত্রীয় নাম উমা। তার বাড়ি ঢাকায়, গ্রিনহেরাল্ড স্কুলের প্রথম শ্রেণীর শিক্ষার্থী সে। অনুশ্রীকে রামকৃষ্ণ মিশনের মহারাজারা ছয় মাস আগে কুমারীপূজার জন্য নির্বাচিত করেছিলেন।গতকাল বেলা ১১টা ১ মিনিটে কুমারী দেবীকে মণ্ডপের আসনে নিয়ে আসা হয়। এ সময় ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি, কাঁসর-ঘণ্টায় মুখরিত হয়ে ওঠে মন্দির প্রাঙ্গণ। শত শত ভক্ত ‘দেবী মায় কি জয়! দেবী মায় কি জয়!’ বলে দেবীর আগমনবার্তাকে স্বাগত জানান। এর মাঝেই দেবীকে আসনে বসানো হয়।এদিকে সকাল আটটার মধ্যে রামকৃষ্ণ মিশন চত্বর ভক্তদের ভিড়ে পরিপূর্ণ হয়ে যায়। সকাল সাড়ে নয়টায় এই ভিড় মধুমিতা সিনেমা হল ছাড়িয়ে যায়। বেলা সোয়া ১১টার মধ্যে কুমারী দেবীর সামনে ষোড়শ উপচার সাজিয়ে দেওয়া হয়। দেবীর হাতে দেওয়া হয় পদ্ম ফুল। রামকৃষ্ণ মিশনের মহারাজ স্থিরাত্মানন্দজি দেবীর পূজা পরিচালনা করেন। কুমারী দেবীর পূজা শেষে ভক্তদের অঞ্জলি প্রদান শুরু হয়। অঞ্জলি প্রদান শেষ হয় বেলা সাড়ে ১১টায়। পরে ভক্তদের মাঝে মায়ের আশীর্বাদ ও প্রসাদ বিতরণ করা হয়।এ ছাড়া গতকাল রাজধানীসহ দেশের মন্দির ও মণ্ডপে বিপুল উৎসাহ, আনন্দ ও ধর্মীয় আচার মেনে মহাষ্টমীর পূজা শেষ হয়েছে। এসব মন্দির ও মণ্ডপে মূল প্রতিমায় পূজা অনুষ্ঠিত হয়। গতকাল পুরান ঢাকার বাংলাদেশ মাঠে হরিজন সম্প্রদায় দ্বিতীয়বারের মতো তাদের মণ্ডপে পূজার আয়োজন করে।ঢাকার মেয়র সাদেক হোসেন ও মন্ত্রিপরিষদের সদস্যরা গতকাল রাজধানীর রাম-সীতা মন্দির, রমনা কালীমন্দিরসহ পুরান ঢাকার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং ভক্তদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।শিশুপার্ক খোলা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কাল রোববার শাহবাগের ‘শহীদ জিয়া শিশুপার্ক’ সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে। এ ছাড়া ২০ অক্টোবর থেকে শিশুপার্কের শীতকালীন নতুন সময়সূচি কার্যকর হবে।ঢাকা সিটি করপোরেশনের নতুন সময় অনুযায়ী, সোম, মঙ্গল, বৃহস্পতি ও শনিবার দুপুর একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত শিশুপার্ক খোলা থাকবে এবং বুধবার দুপুর দেড়টা থেকে বিকেল চারটা পর্যন্ত দুস্থ ও গরিব শিশুদের জন্য খোলা থাকবে। এ ছাড়া শুক্রবার বিকেল দুইটা থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত খোলা থাকবে এবং রোববার যথারীতি শিশুপার্ক বন্ধ থাকবে।